>আমার মেয়ে কোনো জবাব দেওয়ার আগেই যে মেয়েটি আমাদের দিকে পেছন ফিরে কাপ-পিরিচ গোছাচ্ছিল, সে চমকে ঘুরে দাঁড়াল এবং তার হাতে ধরা কাপটি মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। কেউ কিছু বোঝার আগেই মেয়েটি ঝরঝর করে কেঁদে ফেলল।
আজ বিকেলে গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশনের ভেতর দিয়ে যাওয়ার সময়ে একটা সুর শুনে চমকে গেলাম। তাকিয়ে দেখি এক পথশিল্পী স্যাক্সোফোনে সংবার্ড বাজাচ্ছেন হৃদয়ের সমস্তটুকু আকুতি আর আনন্দ উপুড় করে ঢেলে দিয়ে।
মনে পড়ে গেল নব্বইয়ের দশকের শেষ দিকে কেনি জির স্যাক্সোফোনে এ সুরের বাদন নিউইয়র্কের সব গণস্থানে—বাসস্টেশন, রেলস্টেশন, রেস্তোরাঁয় অবিরাম বাজত, বিশেষত রাতে এবং গভীর যামিনীতে।
এ সুরের শ্রুতি আমার বেড়ে গেল মন্ট্রিয়েলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার জ্যেষ্ঠ কন্যাকে যখন বাসে তুলে দেওয়ার জন্য বাসস্টেশনে নিয়ে যেতাম। বাস ছাড়ত রাত ১১টায়। বাবা আর মেয়ে মিলে একটু আগেই যেতাম, একটু আয়েশ করে দুই কাপ কফি নিয়ে বসতাম, কখনো–সখনো ছুটকো এটা–ওটা টুকিটাকি খাবার। তারপর নানা গল্পের সুতো ছাড়ার পালা বাসের শেষ ডাকটি তক।

আমাদের কফি আর গল্পের জায়গা ছিল ছোট্ট একটা কফির দোকান। একদিন কন্যাকে তুলে দিতে এসে ওই দোকানে ঢুকে ওকে জিজ্ঞেস করলাম, ‘মা, কিছু খাবে?’ আমার মেয়ে কোনো জবাব দেওয়ার আগেই যে মেয়েটি আমাদের দিকে পেছন ফিরে কাপ-পিরিচ গোছাচ্ছিল, সে চমকে ঘুরে দাঁড়াল এবং তার হাতে ধরা কাপটি মাটিতে পড়ে গিয়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। কেউ কিছু বোঝার আগেই মেয়েটি ঝরঝর করে কেঁদে ফেলল।
ঘটনার আকস্মিকতায় আমরা বাবা-মেয়ে দুজনেই হকচকিয়ে গেলাম। মেয়েটি তখন চোখ মুছতে মুছতে সামনে এগিয়ে এল। ওর নাম তমা—বাংলাদেশের মেয়ে। দুই বছর আগে বোনের সঙ্গে এসেছে এ দেশে, বাবা মারা যাওয়ার পর। ‘আপনার গলার স্বর আর বলার ভঙ্গি এত বেশি আব্বার মতো যে চমকে গিয়েছিলাম। আব্বাও এমনি করেই আমাকেও জিজ্ঞেস করত, মা, কিছু খাবে?’ ভারী নরম আর ভিজে গলায় বলল সে।
খুব যত্ন করে কফি বানিয়ে দিল সে আমাদের দুজনের জন্য। এটা-সেটা গল্প হলো। কিছুতেই কফির দাম নিল না সে। উল্টো আরও কিছু খাওয়ার জন্য জোরাজুরি করল কিছুটা।
কফিটা শেষ হলে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার কাছে এগিয়ে এল সে। দেখি তার বড় বড় দুটো চোখ টলটল করছে জলে। আস্তে করে বলল, ‘আপনি কি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন?’
আমার চোখ ভিজে এল। দেখি, আমার মেয়েও চোখ মুছছে।
কন্যাসম মেয়েটির মাথায় হাত রাখলাম আমি। অতি মমতায় ওর একরাশ অবাধ্য চুলের মাথাটিকে সামনে টেনে ওর কপালে চুমু দিলাম, ঠিক আমার দুই মেয়েকে যেমনি দিই। ওর গাল বেয়ে জলের ধারা নামল। ‘এদিকে এলে আবার আসবেন,’ ভাঙা গলায় বলল মেয়েটি।
তার কয়েক মাস পরে যখন আবার গেছি, তত দিনে মেয়েটি ওই কাজ ছেড়ে দিয়েছে। আর কোনো দিনই কোথাও ওর দেখা পাইনি। কিন্তু এখনো যখনই আমাদের মেয়েদের বলি, ‘মা, কিছু খাবে?’, তখন ওদের মুখে আমি তমার মুখটিও দেখতে পাই। জীবনে আসলে কিছুই হারায় না, তারা শুধু লুকিয়ে থাকে।
অন্য আলোয় লেখা পাঠানোর ঠিকানা: [email protected]