মা ছাড়া নেই শান্তি কোথাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন আমার বয়স কতই হবে
দেয়াল ধরে শিখছি হাঁটা, সবে।
স্মরণে নেই কিছু
শুধু মনে পড়ে ঘুরি মায়ের পিছু পিছু।
তার কিছুদিন পরে
একটু বড় তখন আমি, হাঁটি নিজের ঘরে।
মা সারা দিন ক্লান্ত থাকেন, করেন নানান কাজ
কাজের ফাঁকে নেন কোলে তাঁর, নেই তো কোনো সাজ।
বাবা আসেন অনেক রাতে, ঘুমিয়ে তখন থাকি
ঘুম ভেঙে যায় যখন আমার মা, মা বলে ডাকি।
মা তুলে নেন কোলে
ক্লান্ত মায়ের চোখ ভেসে যায় একটু কিছু হলে।
মায়ের বুকে লেপটে থাকি সেইখানে সব সুখ
মায়ের আদর পাবার লোভে থাকি যে উন্মুখ।
মায়ের কাছে শিখি অ আ, বলেন ক খ পড়ো|
মা আমারই শিক্ষা গুরু, হই না যতই বড়।
পার হয়েছে অনেক বছর মায়ের কথা ভাবি
মন বলে মা ছাড়া কোথাও শান্তি কি তুই পাবি?