প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটুখানি কিচ্ছু হলে
দৌড়ে গিয়ে মায়ের কোলে
মুখটাকে লুকোতাম—
মা আমাকে খুব আদরে
জড়িয়ে নিত আলতো করে
আপ্লুত তাই হতাম।
সারাটা দিন—সারাটা রাত
বায়না কত আর অজুহাত
সময় অসময়ে—
আমার জ্বালায় অতিষ্ঠ মা
তবুও মুখে নেই কোনো রা
সবই যেত সয়ে।
শুধু আমার চোখে চেয়ে
খুশি হতো মা সবচেয়ে
দুহাত দিত মেলে—
ডাকত আমায় ‘সোনা’ বলে
ছুটে যেতাম তাঁর আঁচলে
সকল খেলা ফেলে।
মা পাখি আর ছানা পাখি
মা আর আমার মাখামাখি
সুখের লুটোপুটি—
আদর-আদর ছোট্ট বাসায়
সোহাগ-মধুর মিষ্টি ভাষায়
মগ্ন পাখি দুটি।
আজও আমি সে গন্ধ পাই
সেই আবেগে চুপটি হারাই
ছন্দ মালা-গাঁথায়—
মায়ের মতোই ছন্দ আমায়
খুশির সমুদ্দুরে নামায়
সেই খেলাতে মাতায়।
ছড়া আমার গন্ধ ছড়ায়
দুটি পাখির ছন্দ পড়ায়
পরম মমতাতে—
ওম-ওম ঘোর, সুখ-সুখ মন
মায়ের কোলে ফিরছে কখন
খেয়াল থাকে না তাতে।