মাই ফেয়ার লেডির ভাষা
১৯৬৪ সালের ৮ অস্কার বিজয়ী ছায়াছবি মাই ফেয়ার লেডি এলিজা ডুলিটলের অভিনয় ও কণ্ঠস্বর যাদের স্মৃতিতে আছে তারা জানেন লন্ডনের ‘কুট্টি’—ককনি উচ্চারণের ফুলওয়ালি মেয়েটিকে ধ্বনিবিশেষজ্ঞ কেমন করে সার্টিফিকেট দিল যে মেয়েটি আসলে হাঙ্গেরিয়ান এবং তার শরীরে রয়েছে রাজরক্তের প্রবাহ। অড্রে হেপবার্নই সিনেমার এলিজা ডুলিটল। ভাষা ও ধ্বনিবিশেষজ্ঞের হাতে পড়লে কী ঘটতে পারে ‘মাই ফেয়ার লেডি’ তার প্রমাণ।২০০৩ সালে ব্রিটিশ হোম অফিস কোনো কোনো দেশের, বিশেষ করে ইরানের, রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য ‘মাই ফেয়ার লেডি’ ধরনের ভাষা পরীক্ষা শুরু করে। ইরাকেও ইঙ্গ-মার্কিন আগ্রাসন ইরাকিদের অনেককেই বিলেতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে বাধ্য করে কিংবা প্রার্থনা করতে প্ররোচিত করে। ২০০২ সালে ব্রিটেন ১৪৯০০ আশ্রয়প্রার্থীর প্রার্থনা কবুল করে এবং তিন হাজার আবেদন প্রত্যাখ্যান করে। ইউরোপের বিভিন্ন দেশের এ ধরনের প্রত্যাখ্যাতদের ডিপোর্ট করে কখনো কখনো ভুল দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।ব্রিটিশ হোম অফিস মনে করে অনেকেই ইরাকি সেজে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ইরাকি কুর্দিরা আসতে পারে, কিন্তু তুর্কি বা সিরিয়ান কুর্দিরা কেন?সুতরাং আসল ইরাকি কি না পরীক্ষার জন্য কিংবা আসল কসোভান কি না নিশ্চিত হওয়ার জন্য ধ্বনিবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরীক্ষক বিশেষজ্ঞের ওপর কতটা নির্ভর করা যায়, ব্যাপারটা যদি এলিজাকে হাঙ্গেরিয়ান বানানোর মতো হয়ে যায়। মাই ফেয়ার লেডির ভাষা ও স্বর ধ্বনিবিজ্ঞানীকেও বিভ্রান্ত করতে পেরেছে।