মাকসুদুল আলম, যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। পেপে, রাবার ও পাটের মতো গুরুত্বপূর্ণ উদ্ভিদের জীবন রহস্য উন্মোচন করেছেন তিনি। সাম্প্রতিক উদ্ভাবন পাট ও ছত্রাকের জীবন রহস্য। মানুষের শরীরে রক্তের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় এমন এক ধরনের ব্যাকটেরিয়ার প্রোটিন উদ্ভাবন করার পর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞান জার্নাল নেচার-এ তাঁকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়। প্রিয়জনেরাসবচেয়ে ভালো লাগে ঘুরে বেড়াতে। সময় পেলেই হনলুলু সমুদ্র সৈকতে স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরে বেড়াই। দেশে আসলে ভাই ও বোনের ছেলে-মেয়েদের সঙ্গে বেশি সময় কাটাই। তাদের সঙ্গে গল্প করি। ওরা কোন সিনেমা দেখতে বললে, বই পড়তে দিলে সেগুলো পড়ি-দেখি। সাইলেন্ট বিউটিবড় মেয়ে লিলিয়ান আলম থাকেন হলিউডে। সে হনলুলু আসলে ছোট মেয়ে ও স্ত্রী রাফিয়াসহ বেড়াতে বের হই। পাহাড় ও সমুদ্র আমার প্রিয়। সঙ্গে থাকে ক্যামেরা। প্রচুর ছবি তুলি। বিশেষ করে ফুল ও প্রকৃতির ছবি তুলতে ভালো লাগে। একেকটি ফুলের ছবি তুলতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করাতেও আমার ক্লান্তি নেই। হাওয়াই বোটানিক্যাল গার্ডেনে একবার মেঘের ভেতর দিয়ে একটি ফুল চোখে পড়লো। মেঘ যতই কেটে যাচ্ছিল ফুলটি থেকে তত আলো ঠিকরে বেরুচ্ছিল। ওই ফুলের প্রায় ৩০০ টি ছবি তুলেছি। ফুলের ছবি তোলার পর আমি নিজে থেকে তাদের নাম দেই। যেমন কিছু ফুলের নাম দিলাম সাইলেন্ট বিউটি। একটি ফুলের নাম দিলাম আমার সঙ্গে কথা বা টক টু মি। এভাবে ফুলের সঙ্গে কথা বলতে ভালো লাগে। জার্মান ও রাশিয়ান ভাষার উপন্যাসকাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ আর হুমায়ূন আহমেদের গল্প উপন্যাস পড়ি। বিদেশী লেখকদের মধ্যে ফ্রানৎস কাফকাকে অন্য রকম মনে হয়েছে। জার্মান ও রাশিয়ান ভাষা জানার কারনে ওই ভাষায় বেশকিছু উপন্যাস পড়া হয়েছে। তবে সেগুলোর নাম মনে পড়ছে না। সুকান্তের কবিতা তরুণ বয়সে খুব আলোড়িত করেছিল। নিজেও স্কুলের সুভেনিরে বেশ কিছু কবিতা লিখেছিলাম। আমার মেয়ে লিলিয়ান আলম নিয়মিত কবিতা লিখে। ওর একটা ইংরেজি কবিতার বইও বেরিয়েছে। ও নতুন কোন কবিতা লিখলে আমাকে দেখায়। ওর কবিতাগুলো আমাকে খুব স্পর্শ করে। মনে হয় আমার অনুভুতিগুলো ও কবিতায় রূপ দিয়েছে। দেবদাসশরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটি এখনো আমাকে টানে। দেবদাস নিয়ে হিন্দিতে একটি সিনেমা হয়েছে, বোন ও ভাইয়ের ছেলেমেয়েদের নিয়ে সিনেমাটি দেখেছি। ইংরেজি প্রাইড অ্যান্ড প্রিজুডিস সিনেমাটিও পরিবারের সবাইকে নিয়ে দেখেছি। লোকগান এখনও রহস্যের জগৎবাংলা লোকগীতি আমার মর্মে স্পর্শ করে। বাবা আব্দুল আলিমের গান পছন্দ করতেন। তাঁর কাছ থেকে আব্দুল আলিমের লোকগীতিগুলো শুনতাম। সেই কৈশোর থেকে এখন পর্যন্ত লোকগীতি শোনার নেশা কাটাতে পারিনি। এই গানগুলোকে আমার এক রহস্যের জগৎ মনে হয়। জগন্ময় মিত্রের ‘চিঠি’ গানটি কতবার শুনেছি তা গুনে শেষ করা যাবেনা। আফ্রিকার ড্রামের বাজনা আমাকে দারুণ বিমোহিত করে। ওদের পুরো শরীরে সঙ্গীতের যে তাল খেলা করে তা মুগ্ধ হয়ে দেখার মতো। গবেষণার কাজে দক্ষিণ আফ্রিকার ডারবানে প্রায়ই যাই। তখন ওখানকার গান, নাচ আর ড্রামের বাজনা উপভোগ করার সুযোগ কখনো নষ্ট করি না। সাক্ষাৎকার গ্রহণ: ইফতেখার মাহমুদ