তিনি আমাকে ফেসবুকে লেখেন, ‘আপনার সুন্দরবন কবিতা গোল্লাছুটে প্রথম বেরোয়। কবিতাটা পড়ে চমকে উঠি। আরে, এ যে আমার জীবনের কথা! ডায়েরিতে টুকে নিয়েছি। মাঝেমধ্যে বের করে পড়ি।’আমি বলি, ‘আপনার জীবনে কী ঘটেছে, বলুন তো!’‘আপনার কবিতায় মা যেমন গাছ ধরে সন্তানদের বাঁচাতে চেয়েছিল জলোচ্ছ্বাস থেকে, আমার বাবাও তেমনি করে আমাকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন একটা গাছের ওপরে। আর আমার মা আমার ছোট দুই ভাইবোনসহ ভেসে গেছেন ওই দিনের আরও এক লাখ ৩৫ হাজার মানুষের মতো...।’সুন্দরবন নামের পদ্যটা আমি লিখেছিলাম আমেরিকায় বসে।‘একটা লেখা দাও, বিষয় হলো পৃথিবী। ওয়াশিংটনের সিটি ড্যান্স গ্রুপ সেটা থেকে নৃত্য রচনা করবে।’ ওঁরা বলেছিলেন। আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে আমরা তিন মাসের জন্য আবাসিত হয়েছিলাম ৩০ দেশের ৩৮ জন লেখক। ২০১০-এর সেপ্টেম্বর-নভেম্বর। কী লিখে দেওয়া যায় ওদের? কী নিয়ে লেখা উচিত? আমার মনে এসেছিল সুন্দরবনের কথা। সুন্দরবন নিজেই ভোটে দাঁড়িয়েছেন, প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায়, আর বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় ঝড়ঝাপ্টা সামলে মায়ের মতোই তিনি তাঁর সন্তানদের আগলে রেখে চলেছেন। সবার সামনে সুন্দরবনকে তুলে ধরার, গ্লোবাল ওয়ার্মিংয়ের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার জন্য এ হতে পারে একটা শৈল্পিক সুযোগ।লিখে ফেললাম এই পদ্যটা—সুন্দরবনসন্তান: সমুদ্রজল নোনা কিন্তু চোখের মতো শান্ত কেন নয়?মা: বাছা তোরা জানতি যদি আমার বুকেও সমুদ্রঝড় বয়!সন্তান: তুফান যখন আসে তখন সমুদ্র কি দৈত্য হয় গো মা?ঝরাপাতার মতন ওড়ায় ঘরদোর আর ডোবায় যখন গাঁ!ভাইয়া যখন ভেসে গেল ভেসে গেল যার যা কিছু ছিল,আমি তোমায় ধরে ছিলাম, ভাইয়া কখন আঙুল ছেড়ে দিল!মা: এক হাতে ঠিক ধরেছিলাম পুরোনো গাছ ভিটের পূর্বপারে,গাছটা তখন ঠাঁই দিয়েছে, গাছটা কত সইতে দেখো পারে!সন্তান: আমরা তোমায় ধরে ছিলাম, তুমি ছিলে গাছের কাণ্ড ধরে,এইভাবে আর যায় কি বাঁচা, সমুদ্রজল ফুঁসছে যখন জোরে!ভাইয়া ঠিকই পড়ল ঝরে! মা গো আমার মা!এ গাঁও ছেড়ে চল চলে যাই, এইখানে বল থাকবি কেমন করে!কিন্তু গাছটা সঙ্গে নেব, ভাইয়ার বই, পুতুল গেছে ভেসে,গাছটা তো ঠিক মায়ের মতো, ঠাঁই দিয়েছে, ওটাই নেব শেষে।মা: কী যে বলিস বাছা,শেকড় উপড়ে ফেলা হলে গাছের পক্ষে সম্ভব কি বাঁচা?গাছটা থাকুক গাছটা বাঁচুক বাঁচাক আমার গাঁসন্তান: মা গো আমার মা!চল চলে যাই দূরের দেশে, গাছটাকে কি সঙ্গে নেব না!অশ্রু ঝরে অশ্রু ঝরে অশ্রু কেবল ঝরে মায়ের চোখেসমুদ্রজল বাড়ছে তাই তো, অশ্রুজলকে সাগর বলে লোকে! আমি বাঙালি লেখক, বাংলায় লিখি, বাংলায় বলি। ওরা এর মাথামুণ্ড কী বুঝবে। আমার সঙ্গে ওঁরা ভিড়িয়ে দিয়েছিলেন দুজন অনুবাদিকা। এর মধ্যে একজন সারা আকন্ত, নিউ ইয়র্কের তরুণ কবি, আইওয়ায় পড়াশোনা করছেন ক্রিয়েটিভ রাইটিং নিয়ে। আমরা দুজন মিলে পদ্যটা ইংরেজিতে অনুবাদ করে ফেলি।Child : Oh mother, the sea-water is salty like a tear! Why is it not calm like an eye?Mother : Oh child, there’s a sea-cylcone in my heart as well, and you know why!...Tears are falling, tears and tears, they make the sea grow rougher, You may think tears are sea water, but the sea is much, much tougher!ওয়াশিংটন ডিসিতে আমাদের জনাদশেক লেখকের কাজ নিয়ে সিটি ড্যান্স গ্রুপ আয়োজন করল একটা নৃত্যসন্ধ্যার। ওরা অনুষ্ঠান শুরুই করল সুন্দরবন দিয়ে। সুন্দরবন বিশেষ গুরুত্ব পেয়েছিল ওই অনুষ্ঠানে। সেই খবরটা পড়তে পারেন এই ওয়েবসাইটে http://www.america.gov/st/peopleplace-english/2010/December/20101208111104drawoh0.4415552.htmlদেশে ফিরে এসে ওই পদ্যটা ছাপতে দিই প্রথম আলোর ‘গোল্লাছুট’ পাতায়। তারপর মাস ছয়েক তো পেরিয়েই গেছে। হঠাৎ ফেসবুকে এই বার্তা। একজনের জীবনকাহিনি মিলে গেছে এই কবিতার সঙ্গে। তাঁর নাম জিয়া জিয়াবুল করিম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র। কুড়ি বছর আগে, ২৯ এপ্রিলে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলজুড়ে যে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস আঘাত এনেছিল, তারই এক করুণ শিকার জিয়াদের পরিবারটি।জিয়ার বয়স তখন ছিল সাড়ে চারের মতো। ওর বাবা ব্যবসায়ী ছিলেন। দোকানপাট ছিল কুতুবদিয়ায়। তাদের ছিল মধ্যবিত্ত পরিবার। ১৯৯১ সালের জলোচ্ছ্বাস ওদের রিক্তপ্রায় করে ফেলে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল দিনটার কথা এখনো ভুলতে পারেন না জিয়া। একদিন আগেও জিয়ারা ছিলেন বাঁশখালিতে, তার নানাবাড়িতে। মৃত্যু যেন তাদের টেনে আনল নিজেদের বাড়িতে, কুতুবদিয়ায়।সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, আবহাওয়া ছিল গুমোট আর বৃষ্টি হচ্ছিল গুঁড়ি গুঁড়ি। সন্ধ্যার পর বাতাসের বেগ গেল বেড়ে। ভয়ংকর হয়ে উঠল প্রকৃতি। যেন ইস্রাফিলের শিঙা বাজছে। ভয়ে জড়সড় সাড়ে চার বছরের জিয়া আর তার আরও দুই ভাই দুই বোন আশ্রয় নেয় মায়ের আঁচলের তলায়। হঠাৎ বক্ষবিদারী আওয়াজ, পানি আসছে, পানি...বাবা তাদের সবাইকে ঘরের চালের ওপরে তুলে দেন। নিজেও আশ্রয় নেন অ্যাসবেস্টসের চালে। জিয়া আমাকে ই-মেইলে লিখেছেন, ‘মায়ের কোলে তখন আমি আর আমার দেড় বছরের ভাই রবিউল আর তিন বছরের বোন রহিমা। আমার আর দুই ভাই বাবার সঙ্গে আমাদের পাশে।’ ভীষণ বৃষ্টি হচ্ছে, সুচের মতো বৃষ্টি এসে লাগছে গায়ে, পানি ধেয়ে আসছে, বাঁকা জল, ক্রূর জল। ভয়ানক আওয়াজ হচ্ছে। বজ্রবৃষ্টি হচ্ছে ভীষণ! সাগর থেকে ধেয়ে আসছে পাহাড়ের সমান ঢেউ। পানি বাড়ছে। চালে-জলে একাকার। অনেকেই চালের পাশের গাছে উঠে যেতে সক্ষম হলো। জিয়া লিখেছেন, ‘আমরা গাছে উঠতে পারিনি। আমাদের অ্যাসবেস্টসের চাল ভেঙে যায় সহজেই। কিন্তু কাঠের তৈরি খিলানি ধরে আমরা টিকে থাকার চেষ্টা করছি। জলে ডুবছি আর ভাসছি। একটা ভাসমান ট্রাঙ্কের মধ্যে বাবা আমার ছোট ভাইবোন দুটোকে রেখে সেটা আঁকড়ে ধরে আছেন। আমি চালের খিলানি ধরে আছি ভেসে। আমার একটা জ্যাঠাত বোন মাকে ধরে আছে বাঁচার শেষ চেষ্টায়। একটা প্রচণ্ড ঢেউ এল। আমার বড় ভাই দুটোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। দূরে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। ভাবছি সেটায় উঠে পড়া যায় কি না। কিন্তু কোত্থেকে একটা বাঁশের বেড়া এসে পড়ল আমাদের ওপর। সবকিছু ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। মনে হলো, সব শেষ। মিনিট কুড়ি পরে বাবা আবিষ্কার করলেন, আমি তাঁর গলা ধরে আছি। তিনি তখন একটা গাছে উঠে পড়লেন আমাকে নিয়ে। ভীষণ শীতে আমার সমস্ত শরীর অবশ। বাবার পরনে ছিল একটা সোয়েটার। বাবা সেই সোয়েটারের ভেতরে আমাকে ঢুকিয়ে দিলেন। তিনি গাছ ধরে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করছেন। আর আমি তাঁর পেটের সঙ্গে সোয়েটার ঘেরা হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল। ‘পরে আমার বড় দুই ভাইকে খুঁজে পাওয়া যায়। কিন্তু ছোট ভাই, বোন আর মাকে আর কোনো দিনও খুঁজে পাওয়া গেল না। বড় হয়ে শুনেছি, তিনি প্রেগন্যান্ট ছিলেন তখন।...মাকে আমার মনে পড়ে, আবার মনে পড়েও না। মনে না পড়ার সুবিধা হলো, আমার মনে হয়, আমার মা ছিলেন পৃথিবীর সবচেয়ে মমতাময়ী মুখের অধিকারিণী।‘আপনার লেখা এই লাইনগুলো তো আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা—“ভাইয়া যখন ভেসে গেল ভেসে গেল যার যা কিছু ছিল,আমি তোমায় ধরে ছিলাম, ভাইয়া কখন আঙুল ছেড়ে দিল!এক হাতে ঠিক ধরেছিলাম পুরোনো গাছ ভিটের পূর্বপারে,গাছটা তখন ঠাঁই দিয়েছে, গাছটা কত সইতে দেখো পারে!”‘মায়ের কোনো ছবি নেই আমার, মায়ের কোনো উল্লেখযোগ্য স্মৃতি নেই। আমি জানি না, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে কেমন লাগে, কেমন লাগে মা মা বলে ডেকে তাঁর পাশে গিয়ে দাঁড়াতে...। ২৯ এপ্রিল এলেই এই সব কথা বড় বেশি মনে বাজে, আর সারাটিক্ষণই যে মায়ের মুখ আমি মনেও করতে পারি না, তাঁকে খুব মনে পড়ে...।’