মাছেদের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষার নতুন জল ঢুকে যাচ্ছে আমাদের পুরোনো পুকুরে।
তুমি তো মাছের স্বভাব জানো। সীমাবদ্ধ জলাধার ছেড়ে
উজান বেয়ে ওরা চলে যায় শ্রীমতী খালে;
কেউ কেউ চানখালি খাল হয়ে কর্ণফুলীতে

পুকুরের পাড় বেয়ে উজানে যেতে যেতে কত মাছ লাফিয়ে উঠছে।
মাছ ধরতে আমি নিয়েছি ডুলো আর তুমি রেখেছ আঁচল পেতে।
নতুন জলের যজ্ঞে লাফিয়ে ওরা জায়গা করে নিচ্ছে
তোমার বুকের আঁচলে।

তুমি ভিজেছ বৃষ্টিতে
আমিও
আকাশ শীতল হয়ে এল
অবিরাম মেঘের গুড়গুড়
তোমার আঁচলে উঠবার আগে মাছগুলোর পেট
ঝিলিক মারছে বজ্র ও বিদ্যুতের মতো।

ওখানে তৈরি হচ্ছে মাছেদের গ্রাম।
আমিও লাফিয়ে উঠব; সহগামী হবো সাদা-পেট মাছেদের