মাতা ও প্রেমিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার পুরুষ, সিংহদরজায় তার অশ্ব রয়েছে দাঁড়ানো
আর সে বিজিত শিকারির বেশে দাঁড়াল চুম্বকটিলায়
উদ্যত কিরিচ নিয়ে, আমার দুবৃন্তে তার অবনত মুখ
চুষে নেয় পৃথিবীর প্রথম পিপাসাজল, মৃণালের রস,
অলীক আরক শৈশবের, একদা যা দিয়েছিল মাতৃস্তন
মা’র ঘ্রাণ খুঁজে খুঁজে এসেছে সে কুহকমহলে,
জানুতলে বসে, চায় নাভিমণ্ডলের নিচে একটু শরণ
ক্রমশ প্যাঁচানো সিঁড়ি, হাঁ-মুখ, গোলাপি ফাঁদ ভয় জাগানিয়া
গুল্ম আর সবুজ উদ্ভিদ নেড়েচেড়ে বাড়ে সাহস তাহার
আমি দিই পথ কুরুক্ষেত্রে, আমি খুলি অনন্ত তোরণ, দিই বর
আমার পুরুষ, মধু সংগ্রাহক, জাগরূক, ধীরে ধীরে
ভ্রমণের যোগ্য হয়ে ওঠে তার শিরদাঁড়া ও কোমর
স্নেহাশিস নিয়ে দেখি তার উজ্জ্বল ঘর্মাক্ত মুখ প্রেমের শিখায়
এক অঙ্গে এত রূপ, হয়ে উঠি অপরূপ—মাতা ও প্রেমিকা!