মানচিত্র তস্করের কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানচিত্র চোর এডওয়ার্ড ফরবিস স্মাইলি তৃতীয়। ছবি: সংগৃহীত
মানচিত্র চোর এডওয়ার্ড ফরবিস স্মাইলি তৃতীয়। ছবি: সংগৃহীত

নিজ দেশের মানচিত্রটি আঁকার বাইরে আমাদের সাধারণ শিক্ষায় অন্য দেশের মানচিত্র দেখা ও আঁকার রেওয়াজ বিশেষ নেই। আমাদের স্কুলজীবনে পাকিস্তানের দুই অংশে বিভক্ত মানচিত্র আঁকতে গিয়ে মধ্যবর্তী দেশ ভারতের সঙ্গেও পরিচয় ঘটত। সেকালে ভূগোল ও ইতিহাস পাঠে জোর দেওয়া হতো এবং সেই সূত্রে সব মহাদেশ তো বটেই সব মহাসাগরের সঙ্গেও সম্যক পরিচয় হতো। এখন মানচিত্রপাঠ উচ্চপর্যায়ে ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং হয়তো সামরিক প্রশিক্ষণে কাজে লাগে। সভ্যতার বিকাশে মানচিত্র অঙ্কন, পাঠ ও সংরক্ষণের গুরুত্ব আরও নানা বিষয়ের মতো আমরা বুঝিনি।

এসব কথা মনে এল মার্কিন অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মাইকেল ব্র্যান্ডিংয়ের দ্য ম্যাপ থিফ বা মানচিত্র তস্কর (প্রকাশক: গোথাস বুকস, নিউইয়র্ক ২০১৪) বইটা পড়তে পড়তে। লন্ডনে প্রতিবছর আয়োজিত হয় লন্ডন মানচিত্র মেলা, যাতে বিশ্বের বাঘা মানচিত্র সংগ্রাহকেরা হুমড়ি খেয়ে পড়েন দুর্লভ মানচিত্র ক্রয়–বিক্রয় এবং নিজের প্রাচীন সংগ্রহের নমুনা দেখাতে। এমন মেলা যুক্তরাষ্ট্র ও ইউরোপে আরও হয়ে থাকে। তো, দ্য ম্যাপ থিফ পড়তে পড়তে এই যে এসব কথা মনে এল এবং জানলাম এডওয়ার্ড ফরবিস স্মাইলি সম্বন্ধে, এগুলো বইটি সম্পর্কে আগ্রহ বাড়িয়েছে বৈকি।

এডওয়ার্ড ফরবিস স্মাইলি তৃতীয়, ২০০৫ সালের লন্ডন মানচিত্র মেলায় দুর্লভ কিছু সংগ্রহ নিয়ে যখন হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তখন এ জগতে তিনি খ্যাতিমান এবং প্রতিষ্ঠিত। তবে খরুচে এবং জাঁক করে বড়লোকি দেখানোয় অভ্যস্ত মানুষটি তত দিনে তলে তলে ঋণগ্রস্ত হয়ে উঠেছিলেন। আর সে সময় একটা বড় গোছের দাঁও মারার জন্যও মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। কিছুদিন ধরেই নিজের খ্যাতি-প্রতিষ্ঠার বিপরীতে তৃতীয় ফরবিস বিভিন্ন গ্রন্থাগারের সংগ্রহে হানা দিচ্ছিলেন দুর্লভ মানচিত্রের সন্ধানে।

সেদিন ছিল ২০০৫–এর জুন মাসের ৮ তারিখ, ফরবিস ব্যস্ত ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিইনেক দুর্লভ বই এবং পাণ্ডুলিপি গ্রন্থাগারে। যেমনটা হয় গ্রন্থাগারের কক্ষটি ছিল নিঃশব্দ, কেবল শীতাতপযন্ত্রের গুঞ্জন আর দূরে কোথাও কম্পিউটার কি–বোর্ডে আঙুল চালানোর হালকা খটখট শব্দ ছাড়া। কিন্তু স্মাইলির হয়েছে বাজে ধরনের কাশি। শ্লেষ্মার উৎপাতে বেচারা কাশি থামাতেই পারছিলেন না। অথচ মোক্ষম একটা বই হাতে পেয়েছেন, যেখানে রয়েছে তাঁর পছন্দের একটি প্রাচীন মানচিত্র। একসময় কাশির শব্দ চাপা দেওয়ার জন্য স্মাইলি পকেট থেকে রুমালটা বের করলেন। কিন্তু ব্যস্ততা বা চাপা উত্তেজনায় খেয়ালই করেনি যে ওতে জড়িয়ে রাখা ব্লেডটা অজান্তে কার্পেটের ওপর পড়ে গেছে। কাশি চাপা দিয়ে রুমালটা ভাঁজ করে পকেটেও রেখে দিলেন তিনি, কিন্তু ব্লেডটা যে জায়গায় নেই, সেটা তাঁর নজরেই পড়েনি। স্মাইলি তাঁর আসল কাজ উচ্চ দামে বিক্রির মতো দুর্লভ মানচিত্র শনাক্ত করে একবার বাইরে গিয়ে আবার ফিরে এলেন। এই ফাঁকে গ্রন্থাগারের কর্মী নাওমি সাইটোর নজরে পড়ে মেঝেতে পড়ে থাকা ব্লেডটি। একজন গ্রন্থাগারকর্মীর জন্য এ ধরনের জিনিস অশনি সংকেত বটে। নাওমি দ্রুত তাঁর সুপারভাইজার এলেন কোর্ডেজকে জিনিসটা দেখালেন। তিনি জানেন এটা যে ফেলেছে সে নিশ্চয় আজই গ্রন্থাগারে এসেছিল, এমনকি এখনো থাকতে পারে এখানে। এলেন দ্রুত সে দিনের আগন্তুকদের কার্ডগুলো দেখলেন, সেখানে স্মাইলির কার্ড পেয়ে ওয়েবসাইটে গিয়ে তাঁর বৃত্তান্ত জেনে নিলেন। এবার তিনি ইয়েলের মানচিত্রের মূল সংগ্রহশালা স্টার্লিং মমোরিয়াল লাইব্রেরিতে যোগাযোগ করে জানতে পারলেন, স্মাইলি সাম্প্রতিক কালে সেখানে বেশ কিছু ফোল্ডার দেখেছেন, যার দু–একটি হারিয়েছে, কিন্তু প্রমাণাভাবে লাইব্রেরি কর্তৃপক্ষ বেশি দূর এগোতে পারেনি। একটু হতাশ হলেও এলেন হাল ছাড়েননি। তাঁদের লাইব্রেরি বিইনিকের নিরাপত্তার প্রধান র​্যালফ ম্যানরিশের সাহায্য চাইলেন।

এদিকে ফিরে এসে স্মাইলি মনোনিবেশ করেছিলেন সপ্তদশ শতাব্দীর গোড়ায় ইংল্যান্ডের নাবিক ও অভিযাত্রী জন স্মিথের তত্ত্বাবধানে প্রণীত একটি দুর্মূল্য মানচিত্রের দিকে। স্মিথ যেমন-তেমন মানুষ নন, বর্তমান নিউ ইংল্যান্ড অঞ্চলে পাউহাটান ইন্ডিয়ানদের হটিয়ে ইংরেজ অধিকার প্রতিষ্ঠা করেছিলেন বিশাল এলাকাজুড়ে। এখানেও আদিবাসীদের সঙ্গে শ্বেতাঙ্গদের প্রতারণা, ষড়যন্ত্র, নিষ্ঠুরতা এবং সেই সঙ্গে একটু রোমান্সের ইতিহাস বাদ যায়নি।

এই ক্যাপ্টেন জন স্মিথ সাইমন ফ্যান দ্য পাসে নামে এক ওলন্দাজ তক্ষণশিল্পীর সহায়তায় পুরো এলাকার মানচিত্র তৈরি করেন। এটি সে সময় অন্য উপনিবেশবাদীদের অভিবাসন-আবাসনে সহায়তা করেছিল। স্মিথ নিজেকে এই অঞ্চলের প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে অমর করে রাখার জন্য খুবই আগ্রহী ছিলেন—১৬১৬ থেকে ১৬৩১ সালের মধ্যে বারবার পরিমার্জন করে নিউ ইংল্যান্ডের নয়টি মানচিত্র তৈরি করেছিলেন। তাঁর মৃত্যুর পরেও এগুলো বারবার মুদ্রিত হওয়ায় প্রমাণ মেলে এদের কার্যকারিতার। যেকোনো মানচিত্র ডিলার এগুলোর মহামূল্য সম্পর্কে অবহিত ছিল। তো, স্মাইলি জানতেন, জন স্মিথের তৈরি নিউ ইংল্যান্ডের যেকোনো মানচিত্র তাঁকে নির্ঘাত ৫০ হাজার থেকে ১ লাখ ডলার এনে দেবে। এটাই সাম্প্রতিক কালে দেউলিয়া হতে বসা স্মাইলিকে প্রলুব্ধ করেছিল এই মানচিত্র হাতানোয়। তিনি যখন পুরোনো আঠা থেকে সহজেই ছুটিয়ে একটি দুর্মূল্য মানচিত্র ভাঁজ করে ব্লেজারের পকেটে ঢুকিয়েছেন, তখন তো তিনি গ্রন্থাগারের নিরাপত্তা প্রধানের পর্যবেক্ষণে রয়েছেন। তারপর তিনি ঠিকই বেরিয়েছেন নির্বিঘ্নে, কিন্তু গ্রন্থাগার কর্তৃপক্ষ পেট্রোল পুলিশ এবং শেষ পর্যন্ত এফবিআইয়ের সাহায্য নিয়ে তস্কর স্মাইলিকে সহজেই গ্রেপ্তারে সক্ষম হয়। তারপর শুরু হয় চাঞ্চল্যকর মামলাটি।

জিজ্ঞাসাবাদে স্মাইলির স্বীকারোক্তি অনুযায়ী তাঁর চুরি করা মানচিত্রের সংখ্যা প্রায় ৮০টি। এই ঘটনা উদ্​ঘটিত হওয়ার পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানচিত্র সংগ্রহশালা আরও প্রায় শখানেক দুর্লভ মানচিত্র খোয়া যাওয়ার তথ্য হাজির করেছিল। এগুলো হয়তো নানা জায়গায় সংগ্রাহকদের গোপন আস্তানায় রয়েছে।

আজ স্যাটেলাইট প্রযুক্তি, গুগল ও জিএসপির যুগে নতুন করে নিজ হাতে মানচিত্র তৈরির উৎসাহ বিশেষ দেখা যাবে না। কিন্তু ঐতিহাসিক কালেও বাঙালির রচিত মৌলিক কোনো মানচিত্রের কথা আমরা জানি না।

জন স্মিথ ও তাঁর নিউ ইংল্যান্ড, এই মানচিত্রটি চুরি করতে গিয়েই ধরা পড়েছিলেন ফরবিস স্মাইলি। ছবি: সংগৃহীত
জন স্মিথ ও তাঁর নিউ ইংল্যান্ড, এই মানচিত্রটি চুরি করতে গিয়েই ধরা পড়েছিলেন ফরবিস স্মাইলি। ছবি: সংগৃহীত

পৃথিবীর ওপর আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সঠিক মানচিত্র প্রণয়নের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান ছিল। সে কাজটিকে উপনিবেশ স্থাপনকারী পশ্চিমা নাবিক, বণিক ও অভিযাত্রী কেউই হালকাভাবে নেয়নি। ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতেও মানচিত্রের ভূমিকা অনস্বীকার্য। অথচ ঢাকাসহ কোনো নগরীর বিস্তারিত আঞ্চলিক পরিকল্পনা প্রণীত হলেও তাকে যথার্থ গুরুত্ব আমরা দিই না। পশ্চিমে যখন প্রাচীন দুর্লভ দুর্মূল্য মানচিত্রের নিয়মিত নিলাম হচ্ছে, এগুলোর জন্য সংগ্রাহকদের মধ্যে প্রতিযোগিতা চলছে, এমনকি তঞ্চকতা তস্করবৃত্তির প্রবণতা দেখা দিচ্ছে, তখন আমরা কেবল মুখস্থবিদ্যা আর অনুকরণেই সন্তুষ্ট থাকছি।

এডওয়ার্ড স্মাইলি ফরবিস তৃতীয় আদালতে নিজের অপরাধ স্বীকার করে চুরি যাওয়া মানচিত্র উদ্ধারে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিচারক সেটি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর আবেদন উপেক্ষা করে রায়ে তাঁর শাস্তি কমিয়ে ৪২ মাস, অর্থাৎ সাড়ে তিন বছর করেছিলেন। এ প্রসঙ্গে এই নারী বিচারকের বক্তব্য ছিল, যদি তুমি মানবজাতির সম্পদ চুরি করো, তবে তোমায় জেলে যেতে হবে, কিন্তু সেগুলো উদ্ধারে যদি সহায়তা করো, তবে রায়ে তা বিবেচনায় নেওয়া হবে। পুনরুদ্ধার ছাড়াও বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানকে স্মাইলির শোধ করতে হয়েছে প্রায় ১৯ লাখ ডলার। আর যেসব ডিলার তাঁর কাছ থেকে চোরাই মানচিত্র নিয়েছিল, তারাও বিপুল ক্ষতিপূরণের দাবির সম্মুখীন হয়েছিল। স্মাইলির তস্করবৃত্তি প্রকাশ হওয়ার পরে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন গ্রন্থাগার ও মানচিত্রশালা থেকে প্রচুর মানচিত্র খোওয়া যাওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল, যা টাকার অঙ্কে লাখ লাখ ডলার। স্মাইলি প্রথম তিন মাস নির্জন কারাবাসে কাটিয়ে তারপর জলরঙে ছবি আঁকা এবং জেলের হিসাব মেলানোর কাজে সময় কাটিয়েছেন। তাঁর ছবি কিছু কিছু বিক্রিও হয়েছে। তবে জেলফেরত স্মাইলি এখনো ঋণ শোধে দিন কাটাচ্ছেন।