মানবজাতির কলঙ্কের খেরোখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অমরার আখ্যান’, শিল্পী: দিলারা বেগম জলি
‘অমরার আখ্যান’, শিল্পী: দিলারা বেগম জলি

যুদ্ধবিক্ষুব্ধ এই পৃথিবীতে হিটলারের সেই নাৎসি বাহিনী থেকে শুরু করে নানা যুদ্ধ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়ে সাম্প্রতিককালের বসনিয়া, সার্বিয়া ও ইরাক যুদ্ধে জন্ম নিয়েছে হাজারো যুদ্ধশিশু। যুদ্ধের এই এক ভিন্নরূপ—এখানে যুদ্ধশিশুদের ললাটে থাকে শুধু আত্মপরিচয়ের সংকট। এসব ঘটনাকে করোটিতে ধারণ করতে দিলারা বেগম জলি রচনা করেছেন শিল্পগাথা ‘অমরার আখ্যান’।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের আন্দরকিল্লার হাজারী গলিতে মহামায়া ডালিম ভবনে আলবদর কমান্ডার মীর কাসেম আলী গড়ে তোলেন নির্যাতন ক্যাম্প। সেই নির্যাতন ক্যাম্পের অভ্যন্তরের ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্রে রেখে সঙ্গে বহুমাত্রিক বিষয়-আশয় যোগ করে গেল ২০১৫-এর শেষ মাসটিতে ‘অমরার আখ্যান’-এ জলি বলছেন সমগ্র মানবজাতির কলঙ্কের খেরোখাতা।
ডেইলি স্টার বেঙ্গল প্রিসিঙ্কট্ গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর একটি অংশে আছে একটি ভাস্কর্য স্থাপনা, অপর অংশে আলোকচিত্র খোদাই চিত্রমালা। অন্য আরেকটি অংশে আছে ভিডিও স্থাপনা।
ভাস্কর্য স্থাপনাটি উপস্থাপিত হয়েছে আলো ও শব্দের আশ্রয়ে। এখানে নিকষ কালো একটি ঘরে আমরা দেখি, উল্লম্ব টিউবের মধ্যে আছে সাতটি গর্ভ বা ওভারি। এরা যেমন আলো ছড়াচ্ছে, তেমনি সঙ্গে রয়েছে যন্ত্রণার কিছু স্বরধ্বনি বা গোঙানি। ভাস্কর্য স্থাপনাটি তুলে আনে প্রশ্ন—যুদ্ধবিধ্বস্ত এই সমাজে একটি শিশুর আগমনে বাজবে কি কোনো সুখকর অর্কেস্ট্রা নাকি যে গোঙানির শব্দ ঘিরে আছে তার চারপাশে, তাতেই আবর্তিত হবে ওর ভবিষ্যৎ?
এরপর আমরা যখন আলোকচিত্র খোদাই করা চিত্রমালার সামনে দাঁড়াই, দেখতে পাই, মহামায়া ডালিম ভবনের বেশ কিছু আলোকচিত্র। এই চিত্রমালার বৈশিষ্ট্য হলো, এই আলোকচিত্রের ওপর সুচ ফুটিয়ে জলি এঁকেছেন শুকিয়ে যাওয়া মৃত ফুল, হাত অথবা অন্য কোনো কিছু। শিল্পীর নিজের ভাষ্যে, ‘ছবির ওপর সুচ ফোটানোর এই বিষয়টি এসেছে ১৯৭১-এ নির্যাতনের প্রতীকী প্রকাশ হিসেবে।’ তবে কাজগুলোর উপস্থাপনার পরিলক্ষিত হয় দৃষ্টিনন্দন মসৃণতা।
এরপর বলা যায় তাঁর ভিডিওটির প্রসঙ্গে। এটিও চিত্রিত হয়েছে উল্লিখিত নির্যাতন কেন্দ্রে। যেখানে আমরা অন্ধকার ঘরে গোঙানির শব্দের মধ্যে প্রত্যক্ষ করি দুই নারীকে। সাদা কাফনে মোড়া এঁদের দেখেই আমরা বুঝি—তাঁরা বন্দী এবং নির্যাতনের শিকার। দেখতে পাই, এই নারীরা যেন এই কক্ষ থেকে পালাতে চেষ্টা করছেন, তবে আবার যেন ফিরে আসছেন আগের অবস্থানেই। কিন্তু শেষাবধি এঁরা কি চলেছেন ধূসর কালো এক জগতে?
শিল্পী হিসেবে জলি আলোচনার কেন্দ্রে আসেন আশির দশকের শেষ ভাগে। প্রাথমিকভাবে তাঁকে আমরা দেখি জল রং ও তেল রঙে বর্ণনাধর্মী কাজ করতে। এরপর একটি একক প্রদর্শনীতে কিছুদিন আগে পোশাক শ্রমিকদের জীবনযন্ত্রণার গল্প নিয়ে যে ধারায় চিত্র রচনা করেছিলেন তিনি, আলোচ্য প্রদর্শনীতেও রয়েছে তার ধারাবাহিকতা। তবে এবার এই ধারাবাহিকতাটি যেন বা আরও বিকশিত।