>

মোস্তফা সরয়ার ফারুকী। নন্দিত চলচ্চিত্রনির্মাতা। অবসরে কবিতা–গল্পও লেখেন। তিনি লিখেছেন তাঁর প্রিয় ৫ বিষয় নিয়ে।
১. প্রিয় বই
আমি কে, তার উত্তর আছে অসমাপ্ত আত্মজীবনীতে
বই আমার নিত্যসঙ্গী। তাই আমার প্রিয় বই অনেক। কিন্তু এখানে যেহেতু একটা বইকে বেছে নিতে হবে, সেহেতু বলব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কথা। এটি প্রথম পড়েছিলাম বের হওয়ার পরপরই। কিছুদিন আগে একটা কাজে আবার পড়তে হয়েছে। বইটি আমার খুবই প্রিয়। কারণ, এটি আমার নিজেকে চিনতে সাহায্য করেছে। বাংলাদেশের ডিসকোর্সটা কী, কোথা থেকে কেমন করে আমরা এলাম, তার উত্তর আছে এই অসমাপ্ত আত্মজীবনীতে। আর এ বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো বঙ্গবন্ধুর ভণিতাহীন বর্ণনা।
২. প্রিয় গান
লানা দেল রের বিষণ্ন মুখ
একটা গান প্রিয় কেমন করে হয়? তা–ও আবার গানের দিক থেকে আমার মতো সর্বভুক লোকের? তবে এই মুহূর্তে একটা গানের কথা বলতে বললে আমি বেছে নেব লানা দেল রের ‘হোপ ইজ আ ডেঞ্জারাস থিং ফর আ ওমেন লাইক মি টু হ্যাভ, বাট আই হ্যাভ ইট’ গানটিকে! লানা আমার অতি প্রিয় শিল্পীদের একজন। তাঁর গানের কথা, ভিডিও এবং তাঁর স্যাড ফেস—সব মিলিয়েই তৈরি হয় একেকটা বিষণ্ন কবিতা। বিষণ্ন বদন যে কখনো কখনো চূড়ান্ত আবেদনময় হয়ে উঠতে পারে, তার নজির পৃথিবীতে সম্ভবত দুটো আছে—প্রথমটি ছিল মেরিলিন মনরো আর দ্বিতীয়টি লানা দেল রে।
৩. প্রিয় মঞ্চনাটক
সৈয়দ জামিল আহমেদের বিষাদ–সিন্ধু
প্রিয় মঞ্চনাটক? জামিল আহমেদ নির্দেশিত ঢাকা পদাতিকের বিষাদ–সিন্ধু। প্রিয় মঞ্চনাটকের কথা বলতে গিয়ে এই প্রযোজনার কথা উল্লেখ করার কারণ হলো, নাটকটি এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল আমাদের সামনে। সেটা ছিল এক মহাকাব্যিক দৃশ্যকাব্য। দুর্ভাগ্যজনক হলো, নতুন প্রজন্ম জানতেও পারবে না এখানে কী কাণ্ডটাই না ঘটিয়েছিলেন জামিল আহমেদ। তো, বিষাদ–সিন্ধুর পর প্রিয় মঞ্চনাটকের তালিকায় আরেকটা প্রযোজনার নাম উল্লেখ করতে চাই—ঢাকা থিয়েটারের যৈবতী কইন্যার মন। সেলিম আল দীন রচিত এবং নাসিরউদ্দীন ইউসুফ নির্দেশিত নাটকটিও মনে লেগে আছে। বাংলাদেশের থিয়েটারের নিজস্ব চেহারা তৈরির ক্ষেত্রে এই দুই শিল্পীর বিশাল ভূমিকা রয়েছে।
৪. প্রিয় পরিচালক
আব্বাস কিয়ারোস্তমির চিত্রভাষা
অনেকের ছবিই ভালো লাগে। তবে এখানে যেহেতু একজনকে নিয়েই কারবার, তাই বলব আব্বাস কিয়ারোস্তামির কথা। তাঁর ছবির স্বাভাবিকত্ব, স্বাভাবিকত্বের ভেতরে রহস্যময়তার যে হাতছানি, নীরবতার মধ্যে যে সংলাপ, সূক্ষ্ম রসবোধ, সব মিলিয়ে তাঁর যে স্বতন্ত্র চিত্রভাষা—এ সবই আমাকে কিয়ারোস্তমির প্রতি হয়তো আকৃষ্ট করেছে। তবে এই নির্মাতার কাছ থেকে প্রভাবিত হয়েছি কি না, কোনো শিক্ষা নিয়েছি কি না, তা কখনো ভাবিনি। আসলে মানবজীবন তো প্রভাবের এক জীবন। আমরা কত রকম মানুষ-ঘটনা-দৃশ্য-রং-শব্দ-গন্ধ দ্বারা যে প্রভাবিত হই, তার কোনো ইয়ত্তা নেই। প্রিয় চলচ্চিত্র পরিচালক দ্বারা প্রভাবিত হয়ে থাকলেও থাকতে পারি। কিন্তু এই সব প্রভাব তো খালি চোখে টের পাওয়া যায় না। ব্যাপারটা অনেকটা বটগাছ আর তার বীজের মতো। বটের বীজ আর পূর্ণ বিকশিত বটগাছ—এই দুটোকে দেখলে বোঝার উপায় আছে একটা থেকেই আরেকটা এসেছে?

৫. প্রিয় নায়িকা
তিনি নুসরাত ইমরোজ তিশা
প্রিয় নায়িকা বা অভিনেত্রী, যা–ই বলা হোক না কেন, আমার কাছে তিনি নুসরাত ইমরোজ তিশা। অনেকে ভাবতেই পারেন নিজের স্ত্রী বলে বলছি। কিন্তু বাস্তবতা হলো, যদি তিনি আমার স্ত্রী না হতেন অথবা কোনো কারণে যদি আমাদের দুটি পথ দুই দিকে চলে যায়, তাহলেও আমি এ কথাই বলে যাব। কেন আমার প্রিয় অভিনেত্রী তিনি? উত্তরে আমি তিশার অভিনয় সম্পর্কে দুনিয়ার বড় বড় চলচ্চিত্র সমালোচকের বক্তব্য উদ্ধৃত করতে পারতাম, যা বাংলাদেশের যেকোনো অভিনয়শিল্পীর জন্যই বিরল; কিন্তু আমি সেই সব না করে কেবল তাঁর অভিনীত অজস্র মুহূর্তের কথা, তাঁর অভিনীত চরিত্রের কথা একটানে এখানে বলে যেতে চাই: আয়েশা, ডুব, হালদা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, মনফড়িংয়ের গল্প, রাতারগুল, ফোর টোয়েন্টি, ছিন্ন—আরও কতশত নাম যে বলা যাবে! অভিনয়ের বাইরে তাঁর যে দিকটা মুগ্ধ করে সেটি হলো, তাঁর নিরাসক্ততা। তিশার সহজ–সরল আচরণ দেখে বোঝা যায় না, তিনি আসলে কত বড় শিল্পী।