মানসিক ক্ষতের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়া​ের হামলা গোটা যুক্তরাষ্ট্রের জীবন যেমন বিপর্যস্ত করেছে, তেমনি পাল্টে দিয়েছে বিশ্বরাজনীতির গ​িতপথ। গ্রাফিক্‌স: মনিরুল ইসলাম
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়া​ের হামলা গোটা যুক্তরাষ্ট্রের জীবন যেমন বিপর্যস্ত করেছে, তেমনি পাল্টে দিয়েছে বিশ্বরাজনীতির গ​িতপথ। গ্রাফিক্‌স: মনিরুল ইসলাম
আজ থেকে ১৪ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তার প্রভাব পড়েছে সাহিত্যেও। ‘৯/১১ ফিকশন’ নামে লেখা হচ্ছে নতুন ধারার সাহিত্য

দেখতে দেখতে ১৩ বছর পেরিয়ে গেল ৯/১১ বা নাইন-ইলেভেন–এর সন্ত্রাসী হামলার। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলা গোটা যুক্তরাষ্ট্রের জীবন—৯/১১ পূর্ববর্তী ও পরবর্তী—দুভাগে ভাগ করে দেয়। বদলে যায় পৃথিবীর রাজনৈতিক ও সামাজিক জীবন। ব্যবধান বাড়ে প্রাচ্য ও পাশ্চাত্যের। ইউরোপকেন্দ্রিক সমাজ ওই হামলার নানামুখী ব্যাখ্যা দিতে থাকে। পুরো পৃথিবী দৃশ্যত একটি বিভাজনের মধ্যে পড়ে যায়। এই আলোচনা সেই বিভেদের যৎকিঞ্চিৎ তুলে ধরবে। তবে একুশ শতকের সবচেয়ে আলোড়িত এ ঘটনার নির্মোহ বিশ্লেষণ বা পর্যালোচনা দুটোই কঠিন। এ ক্ষেত্রে ভরসার জায়গা তৈরি করেছে ৯/১১-কেন্দ্রিক সাহিত্য। মূলত ২০০১-এর হামলার পর ‘৯/১১ উপন্যাস’ বা ‘৯/১১ ফিকশন’ নামে তৈরি হয় নতুন একটি সাহিত্যধারা। ওই হামলার ঘটনা উপজীব্য কের রচিত সাহিত্যের প্রধান দিক দুটি—রাজনৈতিক ও মানবিক। স্বভাবতই সাহিত্যিকেরা তাঁদের খোরাক হিসেবে বেছে নিয়েছেন মানবিক দিকটি।
শুরু করা যৌক্তিক হবে ‘৯/১১ ফিকশন’ মূলত কী, সে বিষয়ের উল্লেখের মাধ্যমে। প্রকৃতপক্ষে ৯/১১ ফিকশনকে সংজ্ঞায়িত করা মুশকিল। ব্রিটিশ খ্যাতনামা সাহিত্যিক ইয়ান ম্যাকওয়ান তো বলেই দিয়েছেন, ‘ওই ঘটনার আকস্মিকতা এতই বেশি যে একে বিশ্লেষণ করাই কঠিন, সংজ্ঞায়িত করা তো দূরের কথা।’ তবুও সংজ্ঞার আদলে কিছু কথা পাওয়া যায়। সমসাময়িক ফরাসি ঔপন্যাসিক ফ্রেডরিক বেইগবেদের ভাষ্য, ‘যেসব আখ্যানে ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকানদের প্রতিনিয়ত সত্যকে পুনঃ আবিষ্কার করতে হয় সেসবই ৯/১১ ফিকশনভুক্ত।’ আইরিশ ঔপন্যাসিক জোসেফ ও’নীলের মতে, ‘আঘাতপ্রাপ্ত জীবনবোধের কথা বলে ৯/১১-ভিত্তিক রচনাসমূহ।’ তবে আমেরিকান সাহিত্যিক ও সমালোচক জোনাথন লেথেম ৯/১১ ফিকশন সম্পর্কে যে কথাগুলো বলেছেন, তা অধিকতর গ্রহণযোগ্য। তাঁর বিবেচনায়, ‘একটি জাতির দীর্ঘস্থায়ী মানসিক ক্ষতের গল্পগুচ্ছ হলো “৯/১১ ফিকশন”, এই গল্পগুলো আত্মপরিচয়ের সংকটে নিমজ্জিত মানুষের, এ আখ্যানগুলো বাস্তবতাকে পরাজিত করা একটি ঘটনার।’

৯/১১-এর সাহিত্য
৯/১১-এর সাহিত্য

এবার কথা বলা যাক এ শ্রেণির আখ্যানের লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে। ৯/১১ সাহিত্যধারা প্রথমত, চেষ্টা করে এই সন্ত্রাসী হামলা পাশ্চাত্যকে কীভাবে বিষাদগ্রস্ত করেছে তা পর্যালোচনা করতে। শুধু তা-ই নয়, ঘটনার আনাচকানাচ খুঁজে এটি তুলে ধরে যুক্তরাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবন-আঘাতের অপচিত্র। এ ছাড়া চেষ্টা করে ঘটনার কারণে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে যে ‘অবিশ্বাস, সন্দেহ ও অনাস্থা’ তৈরি হয়েছে, তার কারণ অনুসন্ধান করতে। মোটাদাগে নাইন-ইলেভেন-উত্তর যুক্তরাষ্ট্রের আঘাতপ্রাপ্ত জীবন ও ঘটনাটিকে নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির তুলনামূলক আলোচনাই ৯/১১ সাহিত্যের মূল উদ্দেশ্য।
৯/১১-কে কেন্দ্র করে উপন্যাস-ছোটগল্প মিলিয়ে এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে প্রায় শতাধিক বই। ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ের ওপর লেখা হয়েছে ২৫০-এর বেশি গবেষণা অভিসন্দর্ভ। ওই হামলার প্রভাব নিয়ে চলচ্চিত্রও নির্মিত হয়েছে অসংখ্য। যা হোক, যুক্তরাজ্যের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান ৯/১১-কেন্দ্রিক উপন্যাসসমূহের মধ্য থেকে পাঁচটি উপন্যাসকে আলাদা করে দিয়েছে শ্রেষ্ঠত্বের তকমা। সেই তালিকা থেকে পাঠকপ্রিয় ও সবচেয়ে বেশি বিক্রি হওয়া তিনটি উপন্যাস নিয়ে এগিয়েছে এ নিবন্ধের আলোচনা।
৯/১১-কেন্দ্রিক লেখাজোকার মধ্যে প্রথমেই আলোচনার দাবি রাখে ফলিং ম্যান। সমসাময়িক প্রভাবশালী আমেরিকান লেখক ডন ডেলিল্লোর লেখা এ উপন্যাসটি আলোড়ন তুলেছে নানাভাবে। ২০০৭-এ প্রকাশিত এ উপন্যাসের শুরুতেই দেখা যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ, দেখতে পাই, কেইথ নওডেকারকে। পেশায় সে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, বেরিয়ে আসছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষ থেকে। সারা শরীরে ছাই মাখা, হাতে একটি ব্রিফকেস। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত। তার আশপাশে বহু মানুষ ব্যস্ত উদ্ধারকাজে। কিন্তু কেউ তার দিকে সবিশেষ নজর দিচ্ছে না। কেইথও কারও কাছে কোনো সাহায্য না চেয়ে সোজা চলে যায় তার স্ত্রীর অ্যাপার্টমেন্টে। যদিও স্ত্রী লিয়ানের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক আগেই। তবে এখন স্ত্রী-ই তার একমাত্র ভরসাস্থল। যা হোক, ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে কেইথ, লিয়ানের সঙ্গে আবার নতুন করে জীবন চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ ফ্লোরেন্স নামের এক নারীর প্রেম ওলট-পালট করে দেয় কেইথের সবকিছু। ফ্লোরেন্সও কাজ করত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ১১ সেপ্টেম্বরের হামলার পর কোনো রকমে প্রাণে বেঁচে যায় সে। কেইথ ও ফ্লোরেন্সের মানসিক আঘাত একই সূত্রে গাঁথা। ৯/১১ তাদের জীবন বদলে দিয়েছে। ফলে ওই হামলার আগের সামাজিক পরিচয় ও বর্তমান পরিচয়ের মধ্যে কোনো মিল খুঁজে পায় না তারা। এ প্রসঙ্গে ঔপন্যাসিক ডন ডেলিল্লো যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন গোয়ের্নিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেইথ ও ফ্লোরেন্স দুজনেই পরিচয়হীনতায় ভুগছে। আমি দেখাতে চেয়েছি কীভাবে ৯/১১ মানুষের জীবনকে অর্থহীন করে তুলেছে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা কিংবা যাঁরা ওই হামলার শিকার বা যাঁরা টেলিভিশনে ভয়াবহ হামলার ঘটনাটি দেখেছেন, তাঁদের অনেকেই কেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন না? কারণ, ওই সন্ত্রাসী হামলায় কেবল মানুষ নিহত কিংবা টুইন টাওয়ার ধ্বংস হয়নি, ঘটনাটি সারা পৃথিবীতে দৃশ্যত একটি বিভেদ তৈরি করেছে। আবার ধরুন, কেইথ ও ফ্লোরেন্সের যে প্রেমের কথা বলা হয়েছে, তা কেবল নিছক প্রেম নয়। মূলত দুজনের অভিজ্ঞতাই এক ও অভিন্ন। আর এ অভিন্নতাই তাদের মধ্যে বন্ধন তৈরি করেছে।’
উপন্যাসের শেষ দিকে দেখি, কোনো কিছুর সঙ্গে খাপ খাওয়াতে না পেরে ভ্রমণে বেরোয় কেইথ। আর লিয়ানে মনে করতে থাকে, সেই ফলিং ম্যানের কথা, যে নিউইয়র্ক শহরের বিভিন্ন স্থানে মানুষকে ভেলকি দেখায়। যেমন, প্রায়ই দেখা যায় একটি রশির সাহায্যে একটি উঁচু টাওয়ারের ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে সে। মূলত একটি দুর্ঘটনা কীভাবে একজন মানুষকে আত্মপরিচয়ের সংকটে ফেলে দেয়, সেটিই ধরা পড়ে এ উপন্যাসে।
এ তো গেল এক উপন্যাসের কথা। আবার পাকিস্তানি লেখক মহসিন হামিদের সাড়া জাগানো উপন্যাস দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট (২০০৭)-এ উঠে এসেছে অন্য এক বিষয়—৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে একজন পাকিস্তানিকে কতটা সন্দেহের চোখে দেখা হতো। পাকিস্তানি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থী চানগেজ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে উচ্চতর ডিগ্রি নিয়ে একটি কনসালট্যান্সি ফার্মে চাকরি করে। ব্যক্তিগত জীবনে প্রেমিকা এরিকাকে হারিয়ে শোকাগ্রস্ত। এরই মধ্যে ঘটে যায় বিশ্বের ভয়াবহতম সন্ত্রাসী হামলার ঘটনা। বদলে যায় পুরো প্রেক্ষাপট। চানগেজ লক্ষ করে, কিছুদিন আগেও যেসব আমেরিকান তার সঙ্গে এতটুকু ভদ্রতা দেখাতে কার্পণ্য করত না, তারাই এখন তার দিকে কেমন যেন বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে। দ্রুত পাল্টে যাচ্ছে চারপাশ। আমেরিকানরা আর ভালো চোখে দেখছে না পাকিস্তানিদের। এ পরিস্থিতিতে লাহোরে ফিরে যায় চানগেজ। চাকরি নেয় স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে। এক টেলিভিশন সাক্ষাৎকারে আমেরিকান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে সে। হঠাৎ এক আগন্তুক তার পিছু নেয়। এই লোক কি আমেরিকার চর? সে কি হত্যা করতে চায় চানগেজকে?—পাঠকের উদ্দেশে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে শেষ হয় দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট। উপন্যাসের লেখক মহসিন হামিদ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি চেষ্টা করেছি ৯/১১-এর পর একজন আমেরিকান ও একজন পাকিস্তানি একে অপরকে কোন দৃষ্টিতে দেখেন, সেটি তুলে ধরতে।’ বস্তুত ওই হামলার পর মুসলিম বিশ্বের প্রতি আমেরিকানদের মনোভাব কীভাবে পরিবর্তন হয়েছিল তার ইঙ্গিত পাওয়া যায় এ উপন্যাসে।
গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে হামিদ আরও বলেন, ‘আমি টুইন টাওয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ব্যথা তুলে ধরতে চাইনি বরং দেখাতে চেয়েছি কীভাবে ওই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভেদ সৃষ্টি হয়েছে। তা বলে ভাববেন না, হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি আমার সমবেদনা নেই। অনেক বছর আমি যুক্তরাষ্ট্রে থেকেছি, সেখানকার একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেখানে আমার বন্ধুবান্ধবের সংখ্যাও নেহাত কম নয়। তাই যাঁরা হামলার শিকার হয়েছিলেন, তাঁদের ব্যথা আমি বুঝি। এ উপন্যাসে চানগেজের অনেকগুলো পরিচয়—একজন প্রেমিক, একজন করপোরেট চাকুরে এবং সর্বোপরি একজন শিক্ষক—একত্রে আনতে চেয়েছি। কিন্তু এতগুলো পরিচয়ের মধ্যে ক্ষত হয়ে দাঁড়িয়ে আছে ৯/১১।’
এবার বলি আমেরিকান ঔপন্যাসিক ক্যান ক্যালফােসর অা ডিসঅর্ডার পিকুইলিয়ার টু দ্য কান্ট্রি সম্পর্কে। ২০০৬ সালে প্রকাশিত উপন্যাসটির ব্যাপ্তি ৯/১১ থেকে শুরু করে আফগানিস্তন ও ইরাক যুদ্ধ অবধি বিস্তৃত। প্লট খুব সহজ-সরল কিন্তু চরিত্রদের কথোপকথনের পরতে পরতে আছে আত্মজিজ্ঞাসা।
একটু বিশদ আলোচনা করলে ব্যাপারটি খোলাসা হবে। ২০০১-এর ১১ সেপ্টেম্বরের সকাল। জয়েস ও মার্শাল দুজনেই তাদের বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। দুজনের গন্তব্য এখন দুই দিকে। জয়েস যাবে বিমানবন্দরে, মার্শাল যাবে তার কর্মস্থল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এর কয়েক ঘণ্টা বাদে অর্থাৎ হামলার কিছুক্ষণ পর তারা উভয়ই ভাবছে একে অপরের মৃত্যুর কথা। বিমর্ষ বদনে দুজনেই ফিরে এল বাসায়। অর্থাৎ দুর্ঘটনার সময় দুজনেই ছিল রাস্তায়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়াকে তারা দেখছে নতুনভাবে জীবন শুরুর প্রক্রিয়া হিসেবে। কিন্তু ওই হামলা যঁাদের জীবনে ক্ষত তৈরি করেছে, তঁারা কীভাবে নতুন করে আরম্ভ করবেন? এমন প্রশ্নের উত্তর যেমন লেখকের কাছে নেই, তেমনি নেই আমাদের কাছেও। উপন্যাসটি লেখার উদ্দেশ্য সমন্ধে ২০০৬ সালে সাংবাদিকদের ক্যালফাস বলেন, ‘আমি এ উপন্যাসটি লিখেছি কিছু প্রশ্ন ছোড়ার জন্য। উত্তর আমার জানা নেই। পাঠক সেসবের উত্তর খুঁজে নেবেন। যেমন, ইরাক যুদ্ধের প্রাক্কালে জয়েসকে তার এক ইউরোপীয় বন্ধু মেইল করে বলে, আমেরিকা কি উন্মাদ হয়ে গেছে? যদি একটু ভালো করে লক্ষ করেন তবে দেখবেন, ৯/১১-এর পর আমেরিকা কেবল বিভেদ সৃষ্টি করেছে, বন্ধুত্ব গড়তে পারেনি। আমি উপন্যাসটি শুরু করেছি ব্যক্তিগত বিভেদ দিয়ে, শেষ করেছি একটি জাতির আত্মপীড়নের গল্পের মাধ্যমে।’
মোদ্দা কথা, একেকজন একেক দৃষ্টিভঙ্গি থেকে ৯/১১-কে ব্যাখ্যা করছেন। আমেরিকান বা ইউরোপীয়দের মধ্যে কেউ কেউ ৯/১১-কে দেখছেন পাশ্চাত্য সংস্কৃতির ওপর মুসলিম বিশ্বের আগ্রাসনরূপে, আবার কেউ কেউ এই সন্ত্রাসী হামলার যৌক্তিক কারণ খুঁজতে আগ্রহী। যেমন, ক্যান ক্যালফাসের আলোচ্য উপন্যাসটি পাঠোত্তর সহজেই বোঝা যায়, যে লোকটি মেইল করে জয়েসকে আমেরিকার উন্মত্ততার কথা বলেছে, সে কিন্তু তৎকালীন যুক্তরাষ্ট্র সরকারের ইরাক কিংবা আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধনীতিকে সমর্থন করেনি। এর মানে দাঁড়াচ্ছে, খোদ ইউরোপীয় কিংবা আমেরিকানদের অনেকে ৯/১১-কে কেন্দ্র করে মুসলিম বিশ্ব বলির পাঁঠা হোক তা চান না। আবার এর উল্টো চিত্রও আছে। দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট-এর কেন্দ্রীয় চরিত্র পাকিস্তানি বংশোদ্ভূত চানগেজকে নিউইয়র্কের যে মানুষগুলো সবচেয়ে বেশি ভালোবাসত, তারাই ৯/১১-এর পর তাকে সন্দেহ করতে থাকল। কারণ, তারা মনে-প্রাণে বিশ্বাস করে, মুসলিম বিশ্ব ৯/১১-এর জন্য দায়ী। একদিকে মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বমূলক লেখক হিসেবে মহসিন হামিদ দেখাতে চেয়েছেন ৯/১১-এর কারণে আমেরিকা বা ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত মুসলিম অভিবাসী তথা মুসলমানরা কতখানি বিপদাপন্ন ও অসহায়ত্বের শিকার; অন্যদিকে অা ডিসঅর্ডার পিকুইলিয়ার টু দ্য কান্ট্রি উপন্যাসটির মর্মকথা—৯/১১-পরবর্তী আমেরিকার যুদ্ধনীতি সমর্থনযোগ্য নয়। এমনকি ওই সন্ত্রাসী হামলার জন্য একতরফা গোটা মুসলিম বিশ্বকে দায়ী করাটাও অবিবেচনাপ্রসূত। তবে হামলার জন্য পাশ্চাত্যের আঙুল সরাসরি কেন প্রাচ্যের দিকে, সেটিও ভাবনা জাগায় গভীরভাবে। মজার বিষয়, ৯/১১-কেন্দ্রিক আখ্যানসমূহে প্রাচ্য বা পাশ্চাত্য কতটুকু দায়ী তা আমলে নেওয়া হয়নি বরং ৯/১১-উত্তর প্রভাবকে সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ফলিং ম্যান-এর কথা আবারও স্মরণ করা জরুরি। উপন্যাসটি পড়ে সহজেই বোঝা যায়, ৯/১১-এর মতো বিধ্বংসী, অমানবিক ঘটনা মানুষের মনস্তত্ত্বকে ছিন্নভিন্ন, অস্তিত্বকে বিপন্ন ও জীবনকে কীভাবে অর্থহীন করে তোলে।
৯/১১ কেবল নিউইয়র্কে বসবাসরত মানুষের কাছে দুঃস্বপ্ন বা মানসিক পীড়ার কারণ নয়, ঘটনাটি চিরস্থায়ী ক্ষত তৈরি করেছে সারা বিশ্বের মানুষের মনেও। তাই এখনো সাহিত্যিকদের কলমে উঠে আসে সেসব দুঃসহ যন্ত্রণাময় জীবন-অভিজ্ঞতার বিবরণ। তবে প্রশ্ন থেকে যায়, ‘৯/১১ ফিকশন’ কি ওই ঘটনার ব্যাপকতা, ভয়াবহতা ও নৃশংসতার পুরোটুকু ধারণ করতে পেরেছে? প্রসঙ্গত বলতে হয়, এটি একটি বড় ঘটনা, এর সত্যতার পুরোটা ফিকশন বা সাহিত্যে ধারণ করা সম্ভব না-ও হতে পারে; অর্থাৎ সত্য ফিকশনের চেয়েও অদ্ভুত, এবং ৯/১১ নিয়ে প্রকৃত অখ্যান নির্মাণ সত্যিই দুরূহ। তাই প্রায়ই এমনটি বলা হয়, ৯/১১ নিয়ে সবচেয়ে ভালো উপন্যাসটি এখনো লেখা হয়নি। তবে এটিও মানতে হবে, ‘৯/১১ ফিকশন’ আমাদের ৯/১১-উত্তর জীবনকে বুঝতে যেমন সাহায্য করে, তেমনি এ ধারার উপন্যাস পাঠের মধ্য দিয়ে জানা যায়, একটি পরিবার, সমাজ ও জাতির মনস্তত্ত্বে সন্ত্রাসবাদের প্রভাব কতটা।
বলা ভালো, ‘৯/১১ ফিকশন’ নামে যে সাহিত্যধারা তৈরি হয়েছে তার বৈশিষ্ট্য ত্রিমাত্রিক—এটি ৯/১১ হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের গল্প তুলে ধরে, এ ঘটনায় স্বজন হারানোর মানসিক যন্ত্রণাকে ব্যাখ্যা করে এবং হামলা-পরবর্তী বিভাজিত পৃথিবীর যুক্তি ও আবেগনির্ভর অভিজ্ঞতাকে বর্ণনা করে। সব মিলিয়ে, যে ৯/১১ নিয়ে এত গবেষণা এবং শত শত অভিসন্দর্ভ বা বই লেখা হয়েছে, তা হাতের তালুতে বন্দী করার মতো বিষয় নয়। তাই আগামী দিন সাহিত্যের এই নতুন ধারা আমাদের চিন্তার ক্ষেত্রকে হয়তো আরও প্রসারিত করবে, যেমনটি করেছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সাহিত্য।

.
.