মানিক বন্দ্যোপাধ্যায়ের সামগ্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিক বন্দ্যোপাধ্যায়: অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা আবদুল মান্নান সৈয়দ
মানিক বন্দ্যোপাধ্যায়: অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা আবদুল মান্নান সৈয়দ

মানিক বন্দ্যোপাধ্যায়: অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা আবদুল মান্নান সৈয়দ
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রথমা প্রকাশন, ৩২৮ পৃষ্ঠা, দাম: ৪০০ টাকা

আবদুল মান্নান সৈয়দের (১৯৪৩-২০১০) সুনিষ্ঠ গবেষণার উদাহরণ হয়ে রইল তাঁর মৃত্যু-উত্তর প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়: অন্তর্বাস্তবতা বহির্বাস্তবতা বইটি। সাহিত্যের বিচিত্রবিধ মাধ্যমে, তাঁর নিজেরই ভাষায় ‘নিয়ত উদ্ব্যস্ত’ থাকায় মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়ে একাডেমিক গবেষণা ১৯৮৫ সালে শুরু করেও আনুষ্ঠানিকভাবে শেষ করেননি। গবেষণালগ্ন কিছু প্রবন্ধ-পর্যালোচনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন সংবাদ-সাময়িকপত্রে ও প্রবন্ধ সংকলনে অন্তর্ভুক্ত হলেও তাঁর নিবিড় মানিক-অধ্যয়ন ও সারবান বিশ্লেষণের সমাহার আলোচ্য বই।
তিনটি পর্বে বিন্যস্ত বইটি ধারণ করতে চেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সত্তার সামগ্র্য। মানিকের নয়টি উপন্যাস—দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা, জীবনের জটিলতা, অহিংসা, ধরা-বাঁধা জীবন, চতুষ্কোণ, প্রতিবিম্ব, চিন্তামণি-র সংশ্লেষণ-বিশ্লেষণের পাশাপাশি তাঁর ছোটগল্প নিয়ে এ বইয়ে আছে সুদীর্ঘ আলোচনা।
‘প্রবেশক’ অংশে ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়-জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর মিশ্র মানিক-মূল্যায়ন উদ্ধৃত করে ক্রমে নিজস্ব মানিক মূল্যায়নের পথে অগ্রসর হয়েছেন মান্নান সৈয়দ। অন্বেষণ করেছেন তাঁর অন্ত ও বহির্বাস্তবতার স্বরূপ। মানিকের অদ্বৈত ব্যক্তি ও সাহিত্যসত্তা উন্মোচন করতে লেখক জানান এমন তথ্য যে, জীবদ্দশায় ১৯৫১ সালে একমাত্র স্বাধীনতার স্বাদ উপন্যাসটি মানিক উৎসর্গ করেন এই বলে ‘সম্প্রদায় নির্বিশেষে জনসাধারণকে এই বইখানা উৎসর্গ করলাম—জনসাধারণই মানবতার প্রতীক’ এবং এ বিষয়ে মান্নানের সিদ্ধান্ত, ‘মানিক তাঁর রচনার মতোই একক ও একচ্ছত্র। এই না হলে মানিক মানিকই হতেন না।’ (পৃ. ১৩)
আর সাহিত্যিক পরিপ্রেক্ষিত আলোচনায় রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে শুরু করে কল্লোল যুগের লেখকদের নিয়ে এসেছেন প্রত্যালোচনায়। কল্লোল যুগের সঙ্গে মান্নান সৈয়দ যেমন মানিকের সাযুজ্য খুঁজে পান তাঁর প্রথম পর্যায়ের কবিত্বময়তা-বাস্তবময়তা-সমাজসচেতনতা-নিম্নবিত্তের জীবনচিত্রায়ন, আঞ্চলিকতার ব্যবহার, যৌনতা-মনোবিশ্লেষণ-ইঙ্গিতময়তা ও মানসসচলতায়, ঠিক তেমনি আবার সমসাময়িকের মাঝে মানিকের অমোঘ স্বাতন্ত্র্যও সমুজ্জ্বল দেখতে পান৷
আবদুল মান্নান সৈয়দ যেভাবে মানিক বন্দ্যোপাধ্যায়কে বিশ্লেষণ করেছেন, তাতে বোঝা যায় এই কথাশিল্পীর বিচিত্রগামিতা বিচারের মধ্য দিয়ে তাঁর সামগ্রেয়র আবিষ্কারই ছিল লেখকের অন্বিষ্ট। দশটি সমীকরণে পুতুলনাচের ইতিকথা উপন্যাস-বিশ্লেষণের পদ্ধতি দেখলেই পাঠক বুঝবেন কী নিবিড় অনুধ্যানে তিনি মানিক অন্বেষণে ব্রতী হয়েছিলেন! অতঃপর এই উপন্যাস নিয়ে তাঁর বক্তব্য—‘শরীরের মৃত্যু, মনের মৃত্যু, আত্মÄনির্বাসন—এ রকম অনেক মৃত্যু ঘটেছে এই উপন্যাসে, সমস্তের পরে রয়েছে এক পরাজিত-অপরাজিত “ক্লান্ত ক্লান্তিহীন” মন্থর অভিজ্ঞতাঋদ্ধ চলিষ্ণুতা।’ (পৃ. ১৩৫)
গল্প-উপন্যাস বিশ্লেষণ ছাড়াও ‘শব্দ-মদের বিরুদ্ধে’ শিরোনামে মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতাকেন্দ্রিক একটি ব্যতিক্রমী গদ্যেরও সংযোজন ঘটেছে এ বইয়ে। মানিকের কবিতা রচনার আদ্যোপান্ত তথ্য জ্ঞাপনের সঙ্গে কবি-মানিক বিষয়ে মান্নান সৈয়দের পর্যবেক্ষণ—‘বস্তুত মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা তাঁর গদ্যরাষ্ট্রেরই অন্তর্ভূত, সংলগ্ন একটি নতুন প্রদেশ বড়জোর।’ (পৃ ২৯৩)
২০০৮-এ অতিক্রান্ত হয়েছে মানিক জন্মশতবর্ষ। শতবর্ষ উপলক্ষে মানিক বন্দ্যোপাধ্যায়কে নিবেদিত দুটো গদ্যের সমবায়ে নির্মিত হয়েছে বইয়ের তৃতীয় পর্বটি। এই অংশে পাওয়া যাবে মানিকবিষয়ক অনেকানেক জরুরি তথ্য। সব মিলিয়ে আলোচ্য বইটি সমগ্র মানিক বন্দ্যোপাধ্যায়কে ধারণ করে আছে ৷