
বিক্ষিপ্ত মন নিয়ে জহুর আহমেদ সাহেব মাগরিবের নামাজ .পড়তে গেলেন। বাড়ির পাশের ছোট্ট ইবাদতখানায় লোকজন নেই। থাকবে কোত্থেকে? সবাই মিলিটারির ভয়ে পালিয়েছে বা মারা পড়েছে। তার মেজাজও খারাপ। দূরসম্পর্কের ভাতিজা কুব্বত মিয়া বিকেলে হাত কচলাতে কচলাতে বলছিল, ‘চাচাজান, গ্রামের স্কুলে মিলিটারি ক্যাম্প করছে, সব মুরব্বি গিয়া ক্যাপ্টেন সাহেবের সাথে দেখা করছে, কিন্তু আপনি গেলেন না, ব্যাপারটা কি ভালো হইল চাচাজান?’ তিনি উত্তর দিয়েছেন, ‘থাবড়া দিয়া তোরে আর তোর ক্যাপ্টেনরে পুকুরে ফেলব। বদের বদ।’ মাথা গরম বলে দশগ্রামে তাঁর খ্যাতি আছে, কিন্তু কাজটা ঠিক হলো কি না বুঝতে পারছেন না। সময় ভালো না। কালুরঘাট ব্রিজের নিচে প্রতিদিন লাইন ধরে মানুষ মারা হচ্ছে। সারা দেশে জ্বলছে চিতার আগুন। সময়টা অমানুষের সময়।
নামাজ শেষে সালাম ফেরানোর সময় মনে হলো বাইরে ঝোপের মধ্যে কে যেন বসে আছে। তাঁর একটু ভয় লেগে উঠল, তারপরও বাজখাঁই গলায় বলে উঠলেন তিনি, ‘কে? কে রে ওখানে? মাতস না ক্যান? বদনার বাড়িতে মাথা দুই ভাগ করে দিব।’
কথা শেষ হওয়ার আগেই অন্ধকার ঝোপ থেকে ছুটে এসে তাঁর পায়ে পড়ল লোকটি। হারিকেনের মৃদু আলোয় দেখা গেল বাজারের নামকরা স্বর্ণের দোকানি মাধব বাবুর মুখ। ভয়ার্ত অসহায় আর হাহাকারে ভরা। তীব্র আতঙ্কে ঠিকরে আসা চোখ থেকে ছিটকে আসছে দলা আটকানো কান্না। জহুর আহমেদ তাড়াতাড়ি পা সরিয়ে নিয়ে বললেন, ‘গাধার গাধা, কী হয়েছে বল, মেয়েলোকের মতো কান্না থামা।’
মাধব চন্দ্র অস্পস্ট কান্নায় যা বলল, তা হচ্ছে আজ তাদের পাড়ায় হামলা হয়েছে। বাড়িঘর পোড়ানোর সঙ্গে চলেছে লুটপাট। মোটামুটি সব লোকজনকে মেরে ফেলা হয়েছে। সে কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে এসেছে। বলতে বলতে আবার জহুর আহমেদের পায়ে ঝাঁপিয়ে পড়তে চাইল সে, ‘চাচাজান, আমারে একটা সাহায্য করেন।’ তাকে মৃদু ধাক্কা দিলেন জহুর আহমেদ, ‘আগে বল কী সাহায্য। তারপর বিবেচনা।’ মাধব বাবু ফোঁপাতে ফোঁপাতে বলল, ‘আমার সব শেষ, চাচাজান। ছেলে, বউ সবাইরে মাইরা ফেলছে। আমি শুধু ষোলো বছরের কন্যা মালতীরে নিয়া কোনো রকমে পালাইছি। আপনি আমার মাইয়াটারে আশ্রয় দেন, চাচা, এই মাইয়া লয়া আমি কই যামু?’
থম মেরে কিছুক্ষণ সব হারানো মানুষটির দিকে তাকিয়ে রইলেন জহুর আহমেদ। তারপর বললেন, ‘তোর কী হবে?’ কান্নার হেঁচকি তুলল মাধব, ‘আমার যা হওয়ার হবে, যেখানে যাওয়ার যামু, আপনি শুধু আমার মাইয়াটারে রক্ষা করেন।’ চোখের তারায় অপার্থিব ভয় নিয়ে সব হারানো লোকটি কাঁপতে লাগল হাতজোড় করে। ডান হাতে পবিত্র জায়নামাজ নিয়ে তাঁর সামনে দাঁড়ানো প্রবীণ মানুষটির কণ্ঠে ফুটে উঠল বেদনার্ত অসহায়তা, ‘বেটা, তুই খুব খারাপ সময়ে সাহায্য চাইলি রে। আমার নিজের বাড়িও নিরাপদ নয়। পুরানো সম্মানের কারণে এখনো রাজাকাররা কিছু বলে নাই। কিন্তু বলতে কতক্ষণ? তাই চার নাতিনকে পাঠিয়ে দিছি দূরের গ্রামে—বেয়াই বাড়িতে। তোর মেয়েকে আমি কোথায় রাখব?’ মাধব কিছু বলছে না, কেবল কাঁদছে। বেতফলের মতো সে কান্নাকে কেমন রক্তাক্ত দেখায়। জহুর আহমেদ হতাশ চোখে তাকালেন আকাশের দিকে, তাঁর বিষণ্ন নিশ্বাস মরিচ-লাল সন্ধ্যার বাতাসে মিশে যেতে লাগল। তারপর বললেন, ‘কান্দিস না রে গাধা। আমার বাপ-দাদা কারও কাছে কেউ সাহায্য চেয়ে ফেরত যায় নাই। তুইও যাবি না। তবে বাবা, তোর মেয়েকে আমি আমার বাড়িতে রাখব না, আমার বেয়াই মাওলানা মোতাহারের বাড়িতে পাঠাব, সেখানে আমার নাতিনরাও আছে। সে নিরাপদেই থাকবে। বেয়াই সাহেব বিরাট বুজুর্গ। আমার ধারণা, তাঁর বাড়িতে হামলা করার সাহস মিলিটারির হবে না। এরা নাকি পীর-ফকির খুব মান্য করে।’
মাধব আরও জোরে কেঁদে উঠল, এবারের কান্নায় শোকের সঙ্গে লাফ দিয়ে বেরিয়ে এল কৃতজ্ঞতা।
জহুর আহমেদ জিজ্ঞেস করলেন, ‘মেয়ে কোথায়?’
ফোঁপাতে ফোঁপাতে একটু দুরের ঝোপ দেখিয়ে দিল মাধব।
জহুর আহমেদ তাঁর প্রাচীন চোখে ঠাহর করতে পারলেন না কিছুই। শুধু বললেন, ‘ওকে নিয়ে আয়।’
মাধব ঝোপের আড়াল থেকে মালতীকে নিয়ে জহুর আহমেদের সামনে দাঁড়াল।
সাদা কাগজের মতো ভয়ে ফ্যাকাসে হয়ে থাকা মেয়েটির দুচোখে এই দুনিয়ার তিন ভাগ পানি জমাট বেঁধেছে।
‘বইন, বাবার বুকের ওম কেউ দিতে পারে না, আমিও পারব না। তবে এরপর যে ওম আছে আমি তোমারে তা দেবার চেষ্টা করব। তুমি ভয় পাইও না।’—মালতীর মাথায় হাত রেখে বললেন জহুর আহমেদ।
ডুকরে কেঁদে উঠল মালতী। জহুর আহমেদের মনে হলো, এত আকুল করা মায়াভরা রোদন আগে কখনো শোনেননি তিনি।
তীব্র অভিযোগ নিয়ে আবার আকাশের দিকে তাকালেন।
ঠিক হলো, একটু রাত করে মেয়েটিকে নিয়ে তিনি নিজেই শোভনদণ্ডি গ্রামে তাঁর বেয়াইবাড়ির দিকে রওনা দেবেন। সঙ্গে থাকবে তাঁর চার বছরের নাতি, কারণ ওর মা আসন্ন সন্তানপ্রসবা। তার পক্ষে দুটো শিশু সামলানো কঠিন হবে। তা ছাড়া সেখানে ওর বড় বোনেরাও আছে। এই শিশুটির একটি চমৎকার নাম ছিল—অপূর্ব। কিন্তু তাতে হিন্দু হিন্দু ভাব থাকায় তা বদলে নতুন নাম দেওয়া হয়েছে মিল্লাত। হিন্দু নাম মিলিটারির ভালো না লাগারই কথা। অনেক শিশুকে তারা নাকি আছড়ে মেরে ফেলে—এমন খবর রোজই বাতাসে ভেসে বেড়ায়।
মালতীরও নাম বদলে দেওয়া হলো। তার নতুন নাম বানু। পইপই করে মুখস্থ করানো হলো নামটি। বলা হলো, পথে জিজ্ঞেস করলে বলবে, সে জহুর সাহেবের নাতিন। ছোটভাইকে নিয়ে নানার বাড়ি যাচ্ছে, কারণ খবর এসেছে তার মায়ের প্রসব বেদনা উঠেছে কিন্তু দেখার কেউ নেই। বাড়ির মেয়েরা যতই শেখায়, মালতী ততই ভুল করে। তারপরও শেখায় তারা, কারণ এটা হচ্ছে জীবন বাঁচানোর শিক্ষা। খুব খারাপ সময়ে এ ধরনের শিক্ষা নিতে হয়। যে সময় মানুষের ভেতর থেকে বেরিয়ে আসে দানবের আদল। অতএব মালতীকে শিখতেই হবে।
এশার নামাজের পর জহুর আহমেদ তাঁর অতি বিশ্বস্ত নুরা আবদুল্লাকে খবর দিলেন। ওর একটি রিকশা আছে, নিজেই চালায়।
বেশ রাতে অনেক খানাখন্দক পেরিয়ে, রাজাকারদের চোখ এড়িয়ে রিকশা নিয়ে জহুর আহমেদের বাড়ির সামনে হাজির হয় নুরা।
‘নুরা পাগলা, তোকে একটা কাজ করতে বলব। খুব বিপদের কাজ। ধরা পড়লে পরিণতি ভয়াবহ। পারবি করতে?’ জহুর আহমেদের গলা শুনে নুরা আবদুল্লা স্বভাবসুলভ ভঙ্গিতে হাউ হাউ করে বলল, ‘নানাজান, জানের জান কোরবান। বলেন কী কাজ?’ পুরো ঘটনা তাকে সংক্ষেপে বলে জহুর আহমেদ জিজ্ঞেস করলেন, ‘পারবি মেয়েটিকে পৌঁছে দিতে। বুঝে বলিস, হিন্দু মেয়েকে মুসলমান পরিচয়ে নেওয়ার সময় ধরা পড়লে সাক্ষাৎ মরণ।’
নুরা আবদুল্লার চেহারা দেখে মনে হলো কেউ তাকে জোর করে তিতকরলা খাইয়ে দিয়েছে, সে কুঁকড়ে গেছে, চিবুক পড়েছে ঝুলে। আর আশাহত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন জহুর আহমেদ। হঠাৎ পাগল মানুষটির চোখে যেন জ্বলে ওঠে কয়েক সহস্র দেশলাই, ‘নানাজান, এখন কেয়ামত নজদিক। এই সময় কোনো হিন্দু-মুসলমান নাই, সব ভাই ভাই। বইনরে বলেন কোনো চিন্তা নাই। তার ইজ্জত আমার জান। জানের জান কোরবান। যেখানে বলেন পৌঁছায়া দিয়া আসব তারে।’
চড়া গলায় ভেতরবাড়ির দিকে তাকিয়ে হাঁক দিল নুরা, ‘নানিজান, ভাত বাড়েন। গরম গরম ভাত আর বেগুনের সালুন।’
নির্জন গোমদণ্ডি গ্রামে রাত এগারোটা অনেক রাত। মাথার ওপর পূর্ণ চাঁদের রুপালি আলো বাংলাদেশের মাটিতে লেপটে থাকা ছোপ ছোপ রক্তে পিছলে গিয়ে কেমন যেন বেগুনি রং ধারণ করেছে। এমন বিপন্ন জোছনা কেউ কখনো দেখেনি আগে। ওই বিপন্ন বেগুনি আলোয় শাড়িতে তৈরি পর্দা ঢাকা রিকশায় উঠে বসল বোরখাপরা মালতী কিংবা বানু।
রওনা দেওয়ার আগে জহুর আহমেদ দু-রাকাত নফল নামাজ পরে মোনাজাত ধরলেন, ‘হে রাব্বুল আল আমিন, হে পারওয়ারদিগার সজ্ঞানে আমি জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই। আজ তোমার এক অসহায় বান্দিকে বাঁচানোর জন্য মিথ্যা বলব। কিন্তু আমি জানি অনেক সত্যের চেয়ে তুমি এই মিথ্যা কবুল করবে বেশি, কারণ তুমি সর্ব দয়াময়, তুমি সবার প্রভু। হে পারওয়ারদিগার এই কঠিন পরীক্ষায় তুমি আমাকে কামিয়াব করো।’
জহুর আহমেদ প্রাণপণে চেষ্টা করছেন ভেজা চোখদুটো শুকনো রাখার। কারণ তিনি বিশ্বাস করেন, পুরুষ মানুষের কাঁদতে নেই।
নামাজ শেষ করে তিনি চিরসঙ্গী লাঠি হাতে বের হয়ে মালতীর হাত ধরলেন। এরপর বললেন, ‘বইন গো, আমি নাদান গুনাগার বান্দা, কিন্তু লোকজন বলে আমার বাপ-দাদা জবরদস্ত আলেম ছিলেন। তাঁদের সম্মানে এই বাড়ির মানুষকে কেউ অসম্মান করে না। আশা করি আমাকেও করবে না। আর যদি করে বইন গো, আকিয়াবে রায়টের সময় আমার লাঠির সামনে দু-চারজন মগ দাঁড়াতে পারত না। বয়স হলেও লাঠিখেলা ভুলি নাই আমি। তুমি ভয় পাইও না।’ ষাট বছর বয়সী মানুষটির হাতে অন্য এক উষ্ণতা—ভরসার উষ্ণতা।
গৃহত্যাগী অপূর্ব জোছনায় এক অপরূপ তরুণী যাত্রা করল আশ্রয়ের খোঁজে। তার সত্যি কোনো ঘর নাই, আছে কেবল মৃত্যুভয়; আর আছে মা আর ভাইয়ের খোবলানো লাশের স্মৃতি।
ঘুম ঘুম চোখে অপূর্ব কিংবা মিল্লাতকেও তোলা হলো রিকশায়। সে কিছু বুঝতে পারছে না। মা আর বাবার কান্না কান্না চেহারার চেয়ে রিকশায় চড়ার আনন্দই বরং এই শিশুটিকে বেশি আপ্লুত করে। কিন্তু শিশুটি বুঝতে পারছে না সঙ্গের এই রূপবতী মেয়েটি কে?
রক্তমেশা বেগুনি পূর্ণিমা ছাপিয়ে মানুষের শোকগাথা রচিত গহিন কালরাত্রিতে তাদের যাত্রা শুরু হলো। চলন্ত রিকশার সঙ্গে তাল মেলাতে কষ্ট হচ্ছে বয়োবৃদ্ধ জহুর আহমেদের, তারপরও তিনি প্রায় দৌড়াচ্ছেন।
নিঃসঙ্গ গ্রাম। একা ধুলোয় ঢাকা পথ।
পলাতক মানুষের আলো নেভা বাড়ি। বাতাসে লাশের গন্ধ।
কিছুদূর যাওয়ার পর ফুলতলী বাজারে দেখা দিল বিপদ। রাস্তায় কয়েকজন সিড়িঙ্গে লোক দাঁড়ানো, হাতে লাঠি, একজনের কাঁধে আবার রাইফেল। কিছুক্ষণ পরপর শেয়ালের মতো কোরাস গাইছে, ‘পাকিস্তান জিন্দাবাদ।’
থমকে দাঁড়ালেন জহুর আহমেদ। তার শরীর কাঁটা দিয়ে উঠল। হায় হায় মেয়েটির কী হবে, আর তাঁর আদরের নাতির?
লাঠি দেখিয়ে রিকশা থামাতে ইঙ্গিত করে চিৎকার করে উঠল ঘাতকদের একজন, ‘কে যায়? হারামির বাচ্চা রিকশা থামা।’
নুরা আবদুল্লা থামে না, বরং আরও জোরে প্যাডেল মারে। রাজাকাররা হই হই করে পিছু ছোটে, ‘থামা হারামজাদা, নইলে গুল্লি, এত রাতে কারে নিয়া যাস?’
হঠাৎ জহুর আহমেদের দশ গ্রাম-বিখ্যাত পুরানো রাগ উঠে আসে মাথায়। দাঁত-মুখ খিঁচিয়ে লাঠি উঁচিয়ে ছুটে যান তিনি, ‘হারামজাদারা, তোদের বাপের নাতিন যায়। খবরদার, আমার নাতিন যায়।’ ঘুটঘুটে রাতের অস্পষ্টতায় সমুদ্রের ফসফরাসের মতো ঝলসে ওঠে তাঁর চোখ।
দুজন রাজাকার ছুটে আসে তার দিকে। লন্ঠনের আলোয় সাহসী মানুষটির চেহারায় চক চক করে উন্মত্ত সাহস। হঠাৎ একজন বলে ওঠে, ‘সৈয়দ বাড়ির বুইড়া যায়। ছাইড়া দে, গায়েবি ঝামেলা ডাকার দরকার নাই।’
রিকশায় ভয় পেয়ে অঝোরে কান্না করে মালতী। আর পেছন থেকে জহুর আহমেদের আশ্বাস ভেসে আসে, ‘বইনগো কোনো ভয় নাই।’ তারপর নাতি অপূর্ব বা মিল্লাতের উদ্দেশে তাঁর গলা, ‘দাদাভাই, বাঘের বাচ্চা শেরেবাংলা, বইনের হাত জড়ায়া ধরো। সে যেন ভয় না পায়।’
মিল্লাত মেয়েটির হাত আঁকড়ে ধরে, তার ছোট হাতে অনেক মায়া।
নুরা আবদুল্লার মহৎ পায়ে পবিত্র আরোহী নিয়ে ছুটে চলে রিকশা।
ঠিক সেই সময় প্রকৃতি যেন তার দুখিনী কন্যার জন্য উপুড় করে দেয় জলের রুপালি বাটি। তীব্র চাঁদের আলোয় অসময়ের বৃষ্টিকে মনে হচ্ছে বিন্দু বিন্দু মুক্তা।
জলের ফোঁটা ফোঁটা হিরার ফুল ফুটে উঠেছে জহুর আহমেদের চোখের সাহসী পাতার নিচেও।
জীবনে এই প্রথম তাহাজ্জতের নামাজ বাদ যাচ্ছে তাঁর।
তিনি প্রভুর কাছে ক্ষমা চাইছেন আর ছুটছেন। বেগুনি জোছনার আলোয় তাঁর ছায়া ফুটে উঠে মিলিয়েও যাচ্ছে।
এত দীর্ঘ ছায়া ধারণ করার ক্ষমতা চাঁদের নগণ্য আলোর নেই।