মানুষ এবং মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানুষের স্রোত’, শিল্পী: মাঈন উদ্দিন
‘মানুষের স্রোত’, শিল্পী: মাঈন উদ্দিন

মুক্তবাজার অর্থনীতির যুগে আজ মানুষ হয়ে উঠেছে পণ্য। আবার এই মানুষই হয়ে উঠেছে মানুষের নিয়ন্ত্রক। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে যেমন মানবসত্তার বিকাশ ঘটেছে, তেমনি বিকশিত হয়েছে পুঁজিবাদও। মাঈন উদ্দিনের ছবিতে ধরা আছে এ কথাগুলো।
তাঁর ক্যানভাসের মানুষ সুখ হাতড়ে বেড়ায়। তাঁর ছবির মানুষ কালিঝুলিমাখা, স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ঘুমানো নানা ভঙ্গির মানুষ। তাঁর আঁকা বিভিন্নজনের প্রতিকৃতিগুলোর মুখে আছে এক বেদনার ভার। যন্ত্রণাক্লিষ্ট এসব মানুষকে বাইরে থেকে ঝকঝকে দেখা গেলেও তাদের মুখাবয়বই বলে দেয় এদের ভেতরে কতটা পোড়া কষ্ট।
অলিয়ঁস ফঁসেজে চলমান এ প্রদর্শনীতে দুই দেয়ালে বড় দৈর্ঘ্যের ক্যানভাসে আমরা গুহাচিত্রের দেয়ালের মতো প্রতীকাশ্রয়ী ছবি দেখি। তবে সবচেয়ে বেশি দেখি যাকে, সে মানুষ—বহু বিচিত্র মানুষ। প্রদর্শনীতে অন্যান্য ছবির পাশাপাশি যে ছবিটি দৃষ্টি কাড়ে তার নাম ‘মানুষের স্রোত’। এই দীর্ঘ স্ক্রল কাজের মধ্যকার মানুষের সঙ্গে মানুষের সারিকে বলতে পারি লড়াকু মানুষের মিছিল। এ মিছিল থামার নয়। পুরোনো দিনের কয়লার ইঞ্জিনের ধোঁয়ায় আচ্ছন্ন প্ল্যাটফর্মের বারান্দায় সাদাকালো মানুষের সারিতে মাঈন উদ্দিন দর্শকদের দেখান পর্দার আড়াল থেকে ভেঁপু বাজাচ্ছে মানুষ, গালে হাত রেখে মানুষ দুশ্চিন্তাগ্রস্ত। আরও আছে হাঁটু গেড়ে অপেক্ষমাণ কাজের সন্ধানে শহরে আসা মানুষ, সাদাকালো ছাতা হাতে চাদর মুড়ি দেওয়া আতঙ্কগ্রস্ত মানুষের সঙ্গে কোলে শিশুসহ আশায় বুক বাঁধা আরেকটি শিশু, একতারা হাতে বাউল, দোতারার সুরে মোহগ্রস্ত গায়ক, বেহালা কাঁধে বেহালাবাদক, বক্তৃতার মঞ্চে উত্তপ্ত বাক্য ব্যয়ে বক্তা...আরও কত রকম মানুষ।
বাংলাদেশের শিল্পান্দোলনে শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান, সফিউদ্দীন আহমেদ থেকে শুরু করে এ প্রজন্মের শিল্পীদের মধ্যে মানুষের শরীরের অভিব্যক্তির চর্চা খুব দেখা যায় না। মাঈন উদ্দিন সেই ফিগারেটিভ শিল্পনির্মাণের চ্যালেঞ্জ নিতে আগ্রহী। তাঁর সাদাকালো রঙের চারকোল আর তেলরঙের কিছু প্রতিকৃতির মাঝে ফুটে উঠেছে মানবমনের অভিব্যক্তি।
অলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ২ জানুয়ারি শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ১৮ জানুয়ারি।