মানুষ ও নিসর্গ
সৃজনে ও শেকড়ের সপ্তম প্রদর্শনী এখন চলছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে দেশের সমকালীন শত শিল্পীর অংশগ্রহণে এই বিশেষ আয়োজনটিতে আমাদের চলমান চিত্রশিল্প সম্পর্কে দর্শকেরা ধারণা পাচ্ছেন বলেই প্রতীয়মান হয়। কিন্তু এই আয়োজনে এ অবধি চিত্রকলা ছাড়া ভাস্কর্য বা অন্যান্য মাধ্যমের সৃজন তেমন চোখে পড়েনি। ১০ জন অংশগ্রহণকারী শিল্পীর মধ্যে পঞ্চাশের দশকে চারজন, ষাটের দশকে পাঁচজন ও সত্তরের দশকে একজনের জন্ম। সবচেয়ে অগ্রজ শিল্পী ইবরাহিম ও কুহু। শিল্পী হিসেবে তাঁদের আত্মপ্রকাশ বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পরপর, অর্থাৎ সত্তরের দশকের গোড়ায়। এরপর সৈয়দ হাসান মাহমুদ, নাজমা আকতার, মুর্শিদা আরজুর কাজের সূচনা আশির দশকে। গুলশান হোসেন, গৌতম চক্রবর্তী, সামছুল আলম আজাদ, দেওয়ান মিজান ও নাজিয়া আন্দালিব—এই পাঁচজন শিল্পীর আত্মপ্রকাশ নব্বইয়ের দশকে। চিত্রপটে এয়ারব্রাশ প্রয়োগে অগ্রণী শিল্পী ইবরাহিম। সেই সত্তরের দশক থেকে আশির দশকে যখন এখানে কম্পিউটার প্রযুক্তির সূত্রপাত হয়নি, সে সময় এয়ারব্রাশের টেকনিক প্রয়োগ করে চিত্রপটকে দৃষ্টিনন্দন করে একের পর এক ছবি এঁকেছেন ইবরাহিম। মানুষ ও নিসর্গের নানা ফর্ম নিয়ে তিনি পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এ প্রদর্শনী তাঁর ‘প্রকৃতি’ ও ‘একাত্তরের দিনগুলি’ মূর্ততার স্নিগ্ধতার সঙ্গে বিমূর্ত যোজনার কাজ। কুহুর দুটি চিত্রকর্ম বাস্তবানুগ, ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা যথাক্রমে ‘বালিকা’ ও ‘বাউল’। অন্য দুটি মিশ্রমাধ্যম ও সিল্কস্ক্রিনে আঁকা—শিরোনাম ‘কবি’ ও ‘শিল্পী’। বালিকার অবয়বটি ফুটে উঠলেও তার হাত দুটি যেন নীরক্ত। বাউলে বাউলিয়ানা থাকলেও ফিগার সংস্থানে পরিপ্রেক্ষিত প্রয়োগ যথার্থ হয়নি। তবে রবীন্দ্রনাথ ও তাঁর কাব্যগানের কথা নিয়ে এবং রেনেসাঁ যুগের শিল্পকৃতি নিয়ে রচিত কাজ দুটি ভিন্নমাত্রার। বৈশাখ, শ্রাবণ, পৌষ আর অগ্রহায়ণ—এই চারটি বাংলা মাসকে শিরোনাম করে চারটি চিত্র রচনা করেছেন শিল্পী সৈয়দ হাসান মাহমুদ। আমেরিকান পপ আর্টের শিল্পী জ্যাকসন পোলকের মতো চিত্রপটে রং ঢালতে টেকনিক নিয়ে হাসান নিজের মতো করে অগ্রসর হয়েছেন। বর্ণের পরিমিত প্রয়োগে ছবিটি সময়ের চমৎকার দলিল হয়ে উঠেছে। নাজমা আকতার ক্যানভাসে অ্যাক্রিলিকে ‘ধূসর শহর’ এঁকেছেন। যেন শৈশবের ফেলে আসা স্মৃতিগুলোর ধূসরতায় আবার তুলে ধরেছেন পুরোনো শহরকে। ব্যঞ্জনায় প্রকাশবাদী বিমূর্ততা, তবে কাজগুলো যেন আমাদের পুরোনো দালানের দেয়াল আর কড়িবর্গার কথাই মনে করিয়ে দেয়। মুর্শিদা আরজু আল্পনার সূচনা বলিষ্ঠ হলেও প্রবাসে বসবাসে তাঁর কাজে শেকড়সংলগ্নতা থাকেনি। ইদানীং তিনি নানা সামাজিক নিপীড়ন তুলে এনেছেন তাঁর চিত্রপটে। গুলশান হোসেন বিমূর্ততা থেকে এখন অবয়বে ফিরেছেন। তাঁর বর্ণ প্রয়োগ ও টেকনিক ভালো। সাম্প্রতিক কাজে নারীর নানা আনন্দ-বেদনা বিধৃত। গৌতম চক্রবর্তী ছবি আঁকেন সাবলীল, দৃষ্টিনন্দনভাবে। তিনি এঁকেছেন হাতি, মাদার তেরেসা আর বিড়াল। দুটি ক্যানভাসে অ্যাক্রিলিকে, অন্য দুটি কাগজে জলরঙে। তাঁকে জিয়াকোমিতির সিলিন্ডার স্টাইলের সফল প্রয়োগকারী একজন শিল্পী বললে অত্যুক্তি হবে না। জলমেখলা সবুজাভ নিসর্গের রূপকার শিল্পী সামছুল আলম আজাদ, তাঁর বড় কাজটি অসাধারণ রসোত্তীর্ণ হয়েছে। দেওয়ান মিজানের ‘প্রকৃতির কিংবদন্তী’ ভালো লাগার মতো কাজ। ছবির প্রেক্ষাপট নির্মাণকৌশল অসাধারণ মনে হয়েছে। মানব-মানবীর চিরপুরাতন টান এখানেও। অবগুণ্ঠিত নারীর রূপ-প্রতিরূপ বিধৃত হয়েছে নাজিয়া আন্দালিবের চিত্রকর্ম ও একটি ভিডিওতে। প্রদর্শনী শুরু হয়েছে ৩১ ডিসেম্বর ২০১০। চলবে ৯ জানুয়ারি ২০১১ পর্যন্ত।