মানুষ হয়ে ওঠার পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর জয়যাত্রা—আবুল মোমেন \ অক্টোবর ২০০৯ \ বাতিঘর, চট্টগ্রাম \ প্রচ্ছদ: আবুল মনসুর \ ১১৪ পৃষ্ঠা \ ৩০০ টাকা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বন্ধু একটি বই পাঠিয়েছিল, মাদার টু সান। ছোট্ট পকেট অভিধানের মতো চেহারা। বন্ধুটা প্রবাসে শিশুদের স্কুলে পড়ায়। বলেছিল, ওর ছেলেদের মানুষ করার ক্ষেত্রে বইটি অনেক সহযোগিতা করেছে। প্রথমে গুরুত্বটা বুঝিনি। মনে মনে ভেবেছিলাম, বই পড়ে পড়ে ছেলে মানুষ করব? দাদু-নানু শুনলেই হয়! কিন্তু বিশ্বাস করুন, যখন কোন বয়সে ছেলে কোন ধরনের আচরণ করবে তা হুবহু মিলে যেতে শুরু করল, তখন পাশের পাতায় বাবা-মায়ের করণীয় না পড়ে পারলাম না। চমৎকার করে বইটিতে ধাপে ধাপে শিশুর বিকাশ এবং মা-বাবার করণীয়-বর্জনীয় লেখা। যতবার পড়েছি, ততবার ভেবেছি—উন্নত দেশে মায়েরা সন্তান মানুষ করার ক্ষেত্রে কত সুন্দর দিকনির্দেশনা পান। আর এ দেশে? একদল সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারেন না, রোদে-বৃষ্টিতে মাথার ওপর ছাদ নেই, আরেক দল ভালো বেতন দিয়ে সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছেন বটে, কিন্তু তাঁরা কি জানেন সন্তান আদৌ ‘মানুষ’ হবে কি না? কিন্তু আবুল মোমেনের লেখা শিশুর জয়যাত্রা বইটি পড়ে মনে হলো, এই তো চাই; কী করে বুঝলেন লেখক অভিভাবকদের মনটা? চমৎকার উপস্থাপনায় লেখক শিশুর ‘মানুষ’ হওয়ার নানা দিক তুলে ধরেছেন। জীবন থেকে শেখা আর দীর্ঘদিন শিক্ষা নিয়ে, শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা—এই দুইকে পুঁজি করেই বইটি লিখেছেন লেখক। মূল উদ্দিষ্ট নবীন দম্পতি ও নবীন মা-বাবা। যদিও জানেন, বৈষম্যপীড়িত এ দেশে সব নবীন দম্পতি এই বই পড়তে পারবে না। স্বপ্ন দেখেন, একদিন বৈষম্য ঘুচে যাবে। সব শিশুই সমান সুন্দর শৈশব কাটাবে। একটি ছবি, কাদামাটি গায়ে মেখে লুটোপুটি খাচ্ছে একদল শিশু। নিচে লেখকের ক্যাপশন, ‘একটু দরবার করব— শিশুর জীবনে তো বটেই, আপনার জীবনেও প্রকৃতিকে স্থান দিন।’ একটা লম্বা খণ্ডের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে লাল পিঁপড়েরা। তার নিচে লেখক লিখলেন, ‘শিশুর চোখে ছোটখাটো আর খুঁটিনাটি দৃশ্যের আকর্ষণ যেন বেশি।’ লেখক তো রীতিমতো পরামর্শ দিয়েছেন শিশুদের—বছরে এক-দুদিন বৃষ্টিতে ভিজবে কিন্তু। শিশু যখন গর্ভে তখন মায়ের সঙ্গে পরিবারের সদস্যরা কেমন ব্যবহার করবেন, তা থেকে শুরু করে ছয় বছরের শিশুটির জন্য কোন বয়সী মা-বাবার কাছ থেকে কোন শিক্ষা জরুরি, তা ধাপে ধাপে জানিয়েছেন লেখক। মা-বাবাকেও বলেছেন, সংসারের দৈনন্দিন জীবনের তুচ্ছ-ক্ষুদ্র দাবি-চাহিদা-অভাব-অপূর্ণতা পেরিয়ে রবীন্দ্রনাথের গানের মধ্যে নিজেকে ডুবিয়ে প্রশান্ত খুঁজে নিতে। এই বলেই ক্ষান্ত নন তিনি। গীতবিতান থেকে একটি গানের তালিকাও তৈরি করে দিয়েছেন। তালিকার প্রথম গানটি হচ্ছে—‘আজ আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।/আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলায় ঢাকা ধুইয়ে দাও।/ যে মন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে/আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে/এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও।’এ বইটি যেমন শিশুকে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত করতে বলছে, তেমনি বলছে শিশুর জন্য সঠিক স্কুলটি খুঁজে নিতে। বলছে, মুখস্থ বিদ্যা আর দুঃস্বপ্ন সমান। বলছে, শিশুর দৈনন্দিন কাজের সঙ্গে বাবাকে যুক্ত করুন। বিস্তারিত খুঁটিনাটি আচরণও বলে দিচ্ছে। তেমনই একটি অনুচ্ছেদ তুলে দিলাম—‘ওর দিকে চোখ রাখব, কিন্তু ওকে চোখে চোখে রাখব না। ওকে আদর দেব, কিন্তু আদিখ্যেতা করব না। ওর অধিকার রক্ষা করব। ওর ওপর অযৌক্তিক অধিকার খাটাব না। ওর সঙ্গে সহজ, সক্রিয় সম্পর্ক বজায় রাখব। লোভ দেখিয়ে ঘুষ দিয়ে বশে রাখার চেষ্টা করব না।’বইটির শেষে শিক্ষা নিয়ে তিনটি প্রস্তাব সংযোজন করা হয়েছে। লেখক বলেছেন, যেহেতু সরকার বিনা মূল্যে সবার জন্য প্রাথমিক শিক্ষার অঙ্গীকার করেছে, মাধ্যমিকেরও দায়িত্ব নিয়েছে, তাই প্রথম প্রস্তাবটি সরকারের দিকে লক্ষ্য রেখেই করা। পরের দুটি প্রস্তাব বাস্তবায়নে নাগরিক-শিক্ষক বেসরকারি যৌথ উদ্যোগ কার্যকর হতে পারে। বাতিঘর প্রকাশনা থেকে প্রকাশিত শিশুর জয়যাত্রা বইয়ের নামের নিচে লেখা—শিক্ষার অভিযানে শেকড় থেকে শিখর আনে।বটবৃক্ষের ছায়ায় বেড়ে ওঠা শিশু চমৎকার, রঙিন কিন্তু পরিমিতিবোধের পরিচয় প্রচ্ছদে। প্রচ্ছদ এঁকেছেন আবুল মনসুর।হ্যাঁ, ‘মানুষ’ হওয়ার এই পাঠ নতুন মা-বাবার নিশ্চয়ই কাজে লাগবে। ভালোও লাগবে পড়তে। আর পড়তেই তো হবে। কারণ, ঘুরেফিরে সেই কথা। গরুর বাচ্চাটি জন্মের পরই গরু। কিন্তু মানুষ জন্মের পর তাকে নতুন করে ‘মানুষ’ হতে হয়।