মানুষই প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হলো নিখিলচন্দ্র দাসের একক শিল্প প্রদর্শনী। কাঠের ওপর রিলিফ ভাস্কর্য, পেইন্টিং, ড্রয়িং, ট্যাপেস্ট্রি—এ মাধ্যমগুলোতে শিল্পীর প্রায় ২০০টি শিল্পকর্ম নিয়ে আয়োজন এ প্রদর্শনীর। তাঁর শিল্পকর্মের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো বাংলার গ্রামীণ পটচিত্রের মতো আখ্যানধর্মিতা, অলংকারধর্মিতা, ফর্মের বা নকশার পুনরাবৃত্তি এবং উজ্জ্বল রঙের ব্যবহার। তাঁর পেইন্টিংগুলোর আখ্যান পুরাণ বা মিথ থেকে নয়, নেওয়া হয়েছে আমাদের গ্রামীণ বাস্তব জীবন থেকে। নরনারীর সম্মিলনে জীবনের জয়গান তাঁর ছবি। মাছ ধরা, ফসল ফলানো, মুক্তিযুদ্ধ—এ বিষয়গুলো নিয়ে তিনি বিভিন্ন বিন্যাসরীতিতে ছবি করেছেন। অলংকারের বাহুল্য, উজ্জ্বল রং, মৃৎপুতুলের আদলে নির্মিত মানুষগুলোর নির্দোষ, সরল চাহনি ও প্রকাশভঙ্গি তাঁর ছবিতে অতিকল্পনার জগৎ সৃষ্টি করেছে। অনেক মোটিফের ভিড়ে তাঁর ছবিতে মানুষই প্রধান। একটি ছবিতে একজন গ্রাম্য নারী নকশিকাঁথা সেলাই করছে। কাঁথার মোটিফ হাতি, মাছ, পাখি, ফুল, গাছ কাঁথা থেকে ছড়িয়ে পড়েছে পটভূমিতে। যে কাঁথা বুনছে, তার পারিপার্শ্বিক কাঁথার নকশায় রূপান্তরিত হয়েছে। এভাবে বাস্তব ও কল্পনার এক অদ্ভুত মিশেল নিখিলের ছবিতে জায়গা করে নিয়েছে।কাঠের রিলিফ ভাস্কর্যগুলোর মধ্যে কিছু ভাস্কর্য বাস্তবধর্মী রীতিতে করা। ট্যাপেস্ট্রিগুলোর বিষয়বস্তু গ্রামীণ নারী, উপস্থাপনা বাস্তবধর্মী। ড্রয়িংগুলো স্বতঃস্ফূর্ত। মৃৎপুতুলের আদলে তৈরি ফিগারগুলো অনেক অভিব্যক্তিপূর্ণ এবং প্রাণপ্রাচুর্যে ভরপুর।—মাসুদা খাতুন জুঁই