
হাতিমারা গ্রামে কে কবে হাতি মেরেছিল জানা যায় না। তবে গ্রামটার নাম বদলে এখন সেটাকে মানুষমারা রাখা যায় কি না তারই প্রস্তাব হিসেবে এই গল্পের অবতারণা।
সেদিন হাটবার। দূর-দূরান্ত থেকে ঝাঁকা আর বস্তাভর্তি মালসামান নিয়ে সেই ভোর অন্ধকার থেকে মানুষ ছুটে আসছে হাতিমারায়। কেউ আসছে পুরো পরিবার নিয়ে, বাড়ির কর্ত্রীর মাথায় আধহাত ঘোমটা। কেউ গরু খেদিয়ে আনছে, কেউ আসছে আয়েশ করে গরুর গাড়িতে চেপে। এরা সবাই খেটে খাওয়া দেহাতি মানুষ, বাঁকাচোরা বেঢপ শরীর, হাঁটাচলায় আড়ষ্ট ভাব, হাসিতে না আছে কৃত্রিমতা, না ভব্যতা। শরীরের নিচের দিকে সবারই দুটো করে বাঁকা পা।
রোদ ওঠার পর পাশের গ্রাম মুড়িভাজা থেকে হেঁটে হাটে আসছে সোনা মিয়া। সতর্ক পা ফেলে হাতিমারার চৌরাস্তার দিকে হাঁটছে সে, এই সময় তার তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল মেঠোপথে এক প্রস্থ সুতো পড়ে রয়েছে। সোনা মিয়া মেহনতি মানুষ, অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই খরচ এবং সঞ্চয় সম্পর্কে অত্যন্ত সাবধানী, সুতোর টুকরোটা দেখতে পেয়ে ভাবল কাজে লাগতে পারে এমন যেকোনো জিনিস তুলে রাখা উচিত। বেশ কষ্ট করে ঝুঁকল, কারণ বাতের ব্যথায় ভুগছে বেচারা।
মাটি থেকে সুতোটা তুলল সোনা মিয়া। আঙুলে পেঁচিয়ে গোল পাকাচ্ছে, এই সময় লক্ষ করল নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে কাঠমিস্ত্রি সাইদুল তার দিকে তাকিয়ে রয়েছে। মাস তিনেক আগে সাইদুলকে দিয়ে কাঠ কিনিয়ে বাড়িতে কিছু কাজ করিয়েছিল সোনা মিয়া, সেই থেকে দুজনের সম্পর্ক খুব খারাপ যাচ্ছে, যেহেতু দুজনেই খুব রাগী এবং বুকে ঘৃণা পুষে রাখতে পটু। শত্রু তাকে ঝুঁকে মাটি হাতড়াতে দেখে ফেলেছে, এটা সোনা মিয়ার জন্য একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াল। তাড়াহুড়ো করে সে তার ‘সংগ্রহ’ লুকিয়ে ফেলার চেষ্টা করল—প্রথমে রাখল রংচটা পাঞ্জাবির পকেটে, এককালে যেটার রং সবুজ ছিল। পরে নাভির কাছে বাঁধা লুঙ্গির ভাঁজে, তারপর ভান করল মাটিতে তল্লাশি চালানোর, যেন কিছু একটা হারিয়ে ফেলে খুঁজছে। ওই ভঙ্গিতে, সামনের দিকে ঝুঁকে, আবার চৌরাস্তার দিকে এগোল সে, বাতের ব্যথায় থেমে থেমে গোঙাচ্ছে।
সকালের দিকে গমগম করছিল হাট, ধাক্কা না দিয়ে বা না খেয়ে নড়াচড়া করা যাচ্ছিল না। দুপুরের পর ভিড় কমেছে, ব্যস্ততা নেই, হই-হট্টগোল নিস্তেজ হয়ে এসেছে। হাটের মাঝখানে এখনো ভালোই কেনাবেচা চলছে। পাশেই চারদিক খোলা একটা হোটেল, সেখানে বসে ঝাল মাংস দিয়ে গরম ভাত খাচ্ছে ক্লান্ত লোকজন। এই সময় লাউডস্পিকারে একটা ঘোষণা শোনা গেল।
উঁচু-নিচু রাস্তা দিয়ে ঝাঁকি খেতে খেতে একটা রিকশা আসছে, সেটার মাথায় বাঁধা হয়েছে লাউডস্পিকার, বলা হচ্ছে: ‘ভাইসব! ভাইসব! একটি জরুরি ঘোষণা! আজ সকাল নয়টা হতে দশটার মধ্যে এই হাটের বাহিরে কিংবা ভিতরে কোথাও কালো চামড়ার একটা মানিব্যাগ হারানো গেছে। ওই মানিব্যাগে দশ হাজার টাকা এবং অত্যন্ত জরুরি কিছু কাগজপত্র ছিল। কালো চামড়ার ওই মানিব্যাগ কেউ যদি খুঁজে পান তাঁকে অনুরোধ করা হচ্ছে তিনি যেন সেটা দয়া করে যত দ্রুত সম্ভব থানায়, কিংবা ওটার মালিক জনাব মোহসিন মাশরুরের হাতে পৌঁছে দেন। এর জন্য দুহাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।’
মোহসিন মাশরুর তাঁর মানিব্যাগ ফেরত পাবেন কি পাবেন না, তা নিয়ে হোটেলের ভেতর তুমুল বাহাস শুরু হলো। দেখা গেল প্রায় সবারই ধারণা, বৃথা চেষ্টা, মালিক তাঁর টাকা অবশ্যই ফেরত পাবেন না; তবে কাগজপত্রসহ মানিব্যাগটা পরিত্যক্ত অবস্থায় কোথাও পাওয়া গেলেও যেতে পারে।
আধ ঘণ্টা পর ইউনিফর্ম পরা এক পুলিশ কনস্টেবল ঢুকলেন ওই হোটেলে। তিনি ঢুকলেন, তাঁর আগে ঢুকল ঢোল আকৃতির ভুঁড়ি। ঢুকেই খোঁজ নিলেন, ‘পাশের গাঁয়ের হোনা মিয়া আছেননি?’
একধারের একটা টেবিলে বসে আছে সোনা মিয়া। বলল, ‘আছিলাম তো।’
‘হোনা মিয়া, আপনেরে একবার থানায় যাতি হয়। এসআই সাবে আলাপ করতেন।’
চাষি সোনা মিয়া অবাক হলো, ভয়ও পেল, অনুভব করল তার জিব আর টাকরা শুকিয়ে খরখরে হয়ে গেছে। সে দাঁড়াল, কিন্তু কুঁজো হয়ে। বাতের ব্যথা হঠাৎ বেড়ে যাওয়ায় হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। ‘লন যাই, লন যাই!’
থানায় হাতলঅলা চেয়ারে বসে তার জন্য অপেক্ষা করছিলেন সাব-ইন্সপেক্টর আমির আমান। ‘তুমিই সোনা মিয়া?’
‘হুজুর।’
‘চাচা মিয়া, আজ সকালে হাটে ঢোকার মুখে মিস্টার মোহসিন মাশরুরের কালো মানিব্যাগটা তুমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছ।’
সোনা মিয়া আতঙ্কিত হয়ে পড়ল। ‘হুজুর বাপজান, এইডা আপনে কী কইতাছেন! আমি? আমি! মানিব্যাগ নিছি?’
‘হ্যাঁ, তুমি নিজে কুড়িয়েছ।’
‘আল্লাহর কসম খায়া কইতাছি, হুজুর! আমি ওইডার কথা হুনিও নাই।’
‘কিন্তু তোমাকে ওটা তুলতে দেখা গেছে, চাচা মিয়া।’
‘তুলতে দেহা গেছে? ক্যামবে, হুজুর? কেডা দ্যাখল?’
‘কাঠমিস্ত্রি সাইদুল।’
প্রৌঢ় সোনা মিয়ার মনে পড়ল, বুঝতেও পারল আসলে কী ঘটেছে। রাগে কাঁপতে লাগল সে। ‘দ্যাখছে, না? মেস্তরি ব্যাডায় দ্যাখছে? হে দ্যাখছে আমি এই হুতাটা তুলতাছি।’ পাঞ্জাবির পকেট হাতড়ে সুতোর টুকরোটা বের করে দেখাল সে, ‘এইডা!’
অবিশ্বাসে নিঃশ্বাস ফেলতে ভুলে গেলেন সাব-ইন্সপেক্টর আমির আমান। মাথা নাড়লেন তিনি, ‘এটা তুমি আমাকে বিশ্বাস করতে বোলো না, চাচা মিয়া। সত্যবাদী হিসেবে সাইদুলের সুনাম আছে। তা ছাড়া, একটা ছোট্ট সাদা সুতোকে কালো মানিব্যাগ বলে ভুল করতে পারে না সে।’
‘হুজুর, আমার কথাই আপনেরে বিশ্বাস করতে হইবে। কারণ এইডাই সত্য।’
সাব-ইন্সপেক্টর আমান বললেন, ‘মানিব্যাগ তোলার পর ওখানেই দাঁড়িয়ে ছিলে তুমি, কিছু টাকা পড়ে গেছে কি না খুঁজছিলে।’
ভয়ে ঢোঁক গিলতে গিয়ে বিষম খেল প্রৌঢ় চাষি। কাশির দমক কমে আসাতে বলল, ‘গরিব মাইনষের সুনাম কি এতই সস্তা, মন চাইলেই কাইড়া নেওন যায়? কেমনে কইতাছে...’
তার প্রতিবাদে কোনো কাজ হলো না, কেউ তার কথা বিশ্বাস করছে না। কাঠমিস্ত্রি সাইদুলকে ডেকে তার মুখোমুখি করা হলো। সাইদুল আগে যা বলেছে সেটাই পুনরাবৃত্তি করল। ঘণ্টা খানেক পরস্পরকে গালিগালাজ করল তারা। সোনা মিয়ার অনুরোধে একজন কনস্টেবল সার্চ করল তাকে। তার কাপড় বা শরীরে কিছুই পাওয়া গেল না।
অবশেষে সাব-ইন্সপেক্টর আমান চোখ রাঙিয়ে বললেন, ‘সাক্ষী যখন পাওয়া গেছে, মানিব্যাগটা তুমিই পেয়েছ। ওটা দিয়ে দুহাজার টাকা পুরস্কার নিয়ে যাও। আর যদি ওটা ফেরত না দাও, দেখি তোমার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। শুধু মনে রেখো, ওই ম্যানিব্যাগের মালিক ইন্সপেক্টর সাহেবের স্ত্রীর ভাই। তাতে তাঁর বিদেশে যাওয়ার কাগজপত্র আছে।’
‘আমি হের...মাইনে ওই হালারপুত হালার মানিব্যাগ চক্ষেই দেহি নাই...,’ থানা থেকে বেরিয়ে এসে আকাশকে লক্ষ করে বিড়বিড় করছে সোনা মিয়া।
খবরটা বাতাসেরও আগে ছড়িয়ে পড়েছে। থানার বাইরে ইতিমধ্যে কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে। সোনা মিয়াকে ঘিরে ধরল তারা। তাদের সুতোর গল্পটা শোনাল সে। কেউ তার কথা বিশ্বাস করল না। সবাই তার মুখের ওপর হাসছে।
এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে সোনা মিয়া। বন্ধু, আত্মীয়, পরিচিত কাউকে দেখামাত্র থামাচ্ছে। নিজের বক্তব্য আর প্রতিবাদ কোনো রকম ভূমিকা ছাড়াই বলে যাচ্ছে। পকেট উল্টে দেখাচ্ছে তার কাছে কিছুই নেই।
তারা বলল, ‘বুড়া গাধা, যাও ভাগো।’
তার রাগ হলো। কেউ তাকে বিশ্বাস না করায় গরম হলো মাথা। জানে না এখন তার কী করা উচিত, বারবার শুধু নিজের গানই গেয়ে যাচ্ছে।
রাত নামল। এবার বাড়ি ফিরতে হয়। ফেরার পথে তিন প্রতিবেশীকে সঙ্গী হিসেবে পেল সে। আঙুল তাক করে তাদের দেখাল ঠিক কোত্থেকে সুতোর টুকরোটা কুড়িয়ে পেয়েছিল। সারাটা পথ সে তার ক্লান্তিকর রোমাঞ্চের কথা বলে গেল। নিজের গ্রামে ফিরে পরিচিত মানুষদের ডেকে ডেকে জানাল কী ঘটেছে। শুধু চক্ষুলজ্জার খাতিরে কেউ তার মুখের ওপর কোনো কটু কথা বলল না, তবে তাদের সবার চোখে-মুখে অবিশ্বাস দেখতে পেয়ে যা বোঝার বুঝে নিল সে।
সেই রাতেই অসুস্থ হয়ে পড়ল সোনা মিয়া।
পরদিন বেলা একটার দিকে বশির আলি, একটা এনজিওর ঝাড়ুদার, স্ত্রী এবং তিন সন্তান নিয়ে খালিগাঁও গ্রামে থাকে, মোহসিন মাশরুরের সঙ্গে দেখা করে টাকা এবং কাগজপত্রসহ মানিব্যাগটা ফেরত দিল। লোকটা দাবি করল, জিনিসটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে সে, লেখাপড়া না জানায় অফিসে নিয়ে যায়, তারপর বড়কর্তার হাতে তুলে দেয়।
এটাও বাতাসের আগে চারদিকে ছড়িয়ে পড়ল। প্রৌঢ় সোনা মিয়াকে জানানো হলো। সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে, লোকজনকে থামিয়ে নিজের গল্প শোনাচ্ছে, মধুর এবং নাটকীয় সমাপ্তিসহ। তার আনন্দ আর উল্লাস সত্যি দেখার মতো।
‘জিনিসডা যতডা না, তার থন বেশি কষ্ট দিছে আমারে মিথ্যাডা। মিথ্যার কালা ম্যাঘ একবার তুমারে ঘিরা ফালাইলে হের থন লজ্জার আর কিছু নাই।’
সারাটা দিন ঘুরে বেড়াল সে-নদীর ঘাটে, স্টেশনে, চায়ের দোকানে; যেখানেই গেল গল্পটা শুনতে বাধ্য করল মানুষকে। পরবর্তী জুমার দিন মানুষ নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছে, হোক তারা প্রায় সবাই অচেনা, তবু তাদের অনেককে এক জায়গায় থামিয়ে কী ঘটেছে জানাল সে। এখন আর তার মধ্যে ক্ষোভ বা উত্তেজনা নেই, কিন্তু তা সত্ত্বেও কী যেন বিরক্ত
করছে তাকে। সেটা ঠিক কী, বুঝতে পারছে না সে। তার কথা শোনার সময় লোকজন হাসে, ঠাট্টা করে, যেন বিশ্বাস করতে পারছে না। সে সন্দেহ করতে লাগল লোকজন তার পেছনে বিরূপ মন্তব্য করছে।
পরের সপ্তায়, মঙ্গলবারে, আবার হাটে গেল সোনা মিয়া, একমাত্র উদ্দেশ্য বিষয়টা নিয়ে আলোচনা করা।
কাঠমিস্ত্রি সাইদুল, বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিল, তাকে পাশ কাটাতে দেখে হেসে ফেলল। কেন?
বাজপড়া গাঁয়ের এক পরিচিত চাষিকে দেখতে পেয়ে তার দিকে এগোল সোনা মিয়া। কিন্তু লোকটা তাকে শুরুই করতে দিল না। তার পেটে জোরে একটা চাপড় মারল লোকটা, মুখের ওপর বলে দিল, ‘দুরো মিয়া, যাও অহন, যাও। তুমার মাথাটা দেকতাছি এক্কেরে গেছে।’ ঘুরে তার দিকে পেছন ফিরল সে।
সোনা মিয়া বিভ্রান্ত। লোকটা তার সঙ্গে এ রকম বাজে ব্যবহার করল কেন?
চারদিক খোলা হোটেলে বসে চা খাচ্ছে সে। পাশের টেবিলে এক গরুর ব্যাপারীকে দেখে বলল, ‘হুনছনি?’
‘হুনুম না ক্যান। মাগর ওইডা হইল পুরানা চাল, দুই নম্বরি। তোমার এক টুকরা সুতার গল্প বেবাকেই অহন জানে।’
সোনা মিয়া থতমত খেয়ে গেল। ‘কিন্তু মানিবেগ যহন ফিরত পাইছে তহন...এর মধ্যে দুই নম্বরির কী দেখলা?’
‘চুপ যাও, মিয়া, চুপ যাও। হাচাই পাওয়া গেছে আর পাওয়া যাওনের খবর দিছে, দুইডার মইদ্যে বিস্তর ফারাক। এগুলান আমরা বুজি। সবতে জানে ওইডাও তুমার চালাকি।’
প্রৌঢ় চাষির বিষম খাওয়ার অবস্থা। কী ঘটছে বুঝতে তার অসুবিধে হচ্ছে না। লোকের ধারণা, মানিব্যাগটা নিজের কোনো লোককে দিয়ে ফেরত পাঠিয়েছে সে।
সোনা মিয়া প্রতিবাদ জানানোর চেষ্টা করল। কিন্তু হোটেলের খদ্দেররা তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিয়েছে। কাপে ঠান্ডা হয়ে গেল চা, খাওয়া হলো না, লোকজনের খোঁচামারা কথা হোটেল থেকে রাস্তায় বের করে আনল তাকে। মন খারাপ করে বাড়ি ফিরল, নিজেকে পরিত্যক্ত আর বিভ্রান্ত লাগছে। বালিশে মাথা দিয়ে ভাবতে লাগল সে। ভোররাতের দিকে প্রবল হতাশা নিয়ে উপলব্ধি করল, তার নির্দোষিতা প্রমাণ করা অসম্ভব। প্রধান বাধা, লোকেরা তাকে চালাক-চতুর বলে জানে।
তার প্রতি ভাগ্যের এই সন্দেহজনিত অবিচার দেখে বুকে ব্যথা অনুভব করল সোনা মিয়া।
কিন্তু যেহেতু নিজেকে বোকাসোকা বলে মনে করে না, হার মানতে রাজি হলো না সে। গল্পটা আবার মানুষকে শোনাতে লাগল, প্রতিবার নতুন নতুন যুক্তি দিয়ে সাজিয়ে, প্রতিবাদের ধরন আগের চেয়ে জোরালো, একা থাকার সময় বানানো গুরুগম্ভীর কিরে-কসম সহযোগে। সে তার গোটা মন ওই এক টুকরো সুতোর মধ্যে ঢেলে দিয়েছে। তার প্রতিরোধ কৌশল যত জটিল হতে লাগল, তার তর্ক যত সূক্ষ্ম হতে লাগল, মানুষ তাকে ততই কম বিশ্বাস করছে।
‘ওগুলান হের মিথ্যা অজুহাত,’ পেছনে মন্তব্য করছে লোকজন।
এসব বুঝতে পারে সোনা মিয়া। পরিস্থিতি এমন দাঁড়াল, তাকে দেখলে মানুষ রাস্তার অপর পাশে চলে যায়, নয়তো ঘুরে ফিরতি পথ ধরে কিংবা কোথাও লুকিয়ে পড়ে। তাদের চোখের সামনে ক্ষয়ে যাচ্ছে সে, শক্তি হারাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে।
গ্রামের ছেলেরা এখন মজা পাওয়ার জন্য তার কাছে সুতোর গল্পটা শুনতে চায়। তাতে তার মন ভেঙে যায়, গভীর বেদনা অনুভব করে, আরও অবনতি ঘটে শরীরের। ডিসেম্বরের দিকে বিছানা নিল সে।
জানুয়ারির ১ তারিখে মারা গেল সোনা মিয়া। মৃত্যুযন্ত্রণা শুরু হওয়ার পর প্রলাপ বকতে শোনা গেছে তাকে। বারবার দাবি করছিল সে নির্দোষ, ‘এক টুকরা হুতা, এক টুকরা হুতা—দ্যাহেন, আছে সেটা এহানে, হেইডা আমি ফালাইনাই, হুজুর!’
বিদেশি গল্প অবলম্বনে