মাঈনুদ্দীনের একক রেখাচিত্র প্রদর্শনী ‘নিরবধি জনস্রোত’-এর বিষয় ‘মানুষ’। মানুষের বিভিন্ন দেহভঙ্গিমা ও প্রতিকৃতির বিচিত্র অভিব্যক্তি এবং মাঈনুদ্দীনের পাঠ্য বিষয় ধনিক শ্রেণী বা মধ্যবিত্তের দৈনন্দিন জীবনাচরণ নয়, বরং প্রচলিত অর্থনৈতিক কাঠামোতে এসব মানুষ খেটে খাওয়া নিম্নবিত্তের মানুষের জীবন। মাঈনুদ্দীন এ ক্ষেত্রে আরও একটি বিভাজন করেছেন। তাঁর অধিকাংশ রেখাচিত্রের মডেল বাউল সাধকদের বিচিত্র জগৎ। সুতরাং শিল্পীর মনোযোগের দুটি ক্রম আমরা দেখতে পাই। এক. সাধারণ শ্রমজীবী মানুষের কঠিন জীবনসংগ্রাম, জীবনদর্শন। দুই. সামাজিক সুবিধাবঞ্চিত মানুষেরা এ অঞ্চলের সহজাত বাউলিয়ানাকে যেভাবে চর্চা করে, তা সুখ নিরূপণের আধ্যাত্মিক পথ বাতলে দেয়। এ ছাড়া রয়েছে শিল্পীর নিজস্ব দর্শন।মাঈনুদ্দীন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করছেন তাঁর প্রথম একক প্রদর্শনীর মাধ্যমে। প্রদর্শনীটিতে শিল্পীর ড্রয়িং দক্ষতা প্রকাশবাদী বাস্তুববাদী রীতিতে নির্মিত। যে রীতি আসলে কিছুটা ঊনবিংশ শতাব্দীতে আমদানিকৃত ঔপনিবেশিক শিল্পকলার শিক্ষাব্যবস্থায় প্রবর্তিত অনাকাঙ্ক্ষিত ‘পশ্চিমা বাস্তববাদ’ বলে গৃহীত। ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত আঁকা শিল্পীর ছবি এ দেশের একাডেমিক চর্চার একটি মনোযোগী রূপ উপস্থাপন করেছে। মানুষ মূলত মানুষের দেখা, ভালো লাগার কিংবা স্বপ্নের জগতের ছবি আঁকে। কারণ, মনস্তাত্ত্বিকভাবে এতে একধরনের নিরাপত্তার ব্যাঘাত হয়, যা সামাজিক যৌথতার একটি বৈশিষ্ট্য। কিন্তু এ কথাও সত্য যে আজকের যুগের শিল্পকলা অন্য যেকোনো সময়ের চেয়ে ভিন্নতর। যদিও শিল্প বলতে এখনো অনেকে বোঝেন বাস্তবভিত্তিক আকৃতি, রং ও আলোছায়ার মাধ্যমে একটি ত্রিমাত্রিক দৃশ্যের আভাস, যা আয়নায় প্রতিফলনের মতো বাস্তবতার আবহ সৃষ্টি করবে। মাঈনুদ্দীন এর ব্যতিক্রম নন। সমাজ নিয়ে মাঈনুদ্দীন ভেবেছেন তাঁর দীর্ঘ চিত্রকর্মটিতে। একই সঙ্গে হাইকোর্ট, সংসদ ভবনকে ঘিরে তৈরি হয়েছে বিভিন্ন বিচিত্র ভঙ্গিমার মানুষের জনস্রোত। ছবিটি ১৭৯৮ সেমি X ২৪৩ সেমি দৈর্ঘ্যের। শিল্পীর মতে, এটি দেশের সবচেয়ে বড় ড্রয়িং। নানাভাবে বিধ্বস্ত দরিদ্র মানুষেরা একত্র, সঙ্গে বাউলিয়ানার জীবনমুখিতা। মাঈনুদ্দীন নিজেকেই উপস্থাপন করছেন একজন ভণ্ড রাজার আদলে। যার সামনে মোহনীয় নারী, সুরা ঢেলে দিচ্ছে এক ভৃত্য, মাথায় গ্রেকো-রোমান সময়ের আদলে ফুলের মুকুট পরে নির্দেশ দিচ্ছেন সমাজকে। তার মাথার ওপরে শকুনের খাঁচা ইত্যাদি এসব বিষয় বাস্তব কম্পোজিশনে তৈরি হয়েছে নাটকীয়তা। বলা প্রয়োজন, আমাদের এ অঞ্চলের ছবি কখনোই নিছক অনুকরণনির্ভর ছিল না। ইলোরা, কোনারক, খাজুরাহের মানুষ ও প্রাণী ভাস্কর্যগুলো অস্থিসংস্থানবিদ্যার নিয়ম মেনে না করা হলেও ওগুলো ভারতীয় শাস্ত্রমতে শিল্পের গুণাগুণ রক্ষা করেছে। তাই আমাদের নিজস্ব ইতিহাস পঠন ও সচেতনতা প্রয়োজন, যাতে কোনো চিত্রকর্ম দেখে রেমব্রান্ট, দেলাক্রয়ে, দেগাকে মনে পড়ার সঙ্গে সঙ্গে হাজার বছর ধরে প্রবহমান জল-মাটি-কাদায় সংগ্রামশীল ভারতীয় জনগোষ্ঠীর বিবর্তন ইতিহাসের সংযুক্তি ঘটে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সম্মুখের দিকে দৃষ্টি প্রসারিত করা, যুগের অনুভূতিকে মূর্তমান করে তোলা। নতুন অভিজ্ঞতা ও উপলব্ধির দিকে সমসাময়িক শিল্পকলা আমাদের ধাবিত করে। নবীন শিল্পীদের উদীয়মান সম্ভাবনা তাই আশা-জাগানিয়া বার্তা পৌঁছায় দর্শকের মনে। ঢাকা আর্ট সেন্টারে প্রদর্শনীটি ৩১ মে থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়।