মানুষের পাশে
>করোনা মহামারির কাছে বড্ড অসহায় এখন মানুষ। এ সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন লেখকেরাও। করোনা যুদ্ধে মানুষের পাশে দাঁড়ানো দেশ-বিদেশের লেখকদের কথা জানাচ্ছেন মারুফ ইসলাম
নির্মলেন্দু গুণ

করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কবি নির্মলেন্দু গুণ প্রতিষ্ঠিত কবিতাকুঞ্জ। গত ২১ এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নেত্রকোনার মালনীতে হতদরিদ্র ৫০টি পরিবারের মধ্যে কবির ‘করোনা তহবিল’ থেকে কিছু অর্থ প্রদান করা হয়। এর আগে বাংলা সাহিত্যের এই খ্যাতিমান কবি ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সমাজের সচ্ছল লোকজনকে গরিবদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে অনেকেই কবির করোনা তহবিলে এ পর্যন্ত ১ লাখ ২২ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন নির্মলেন্দু গুণ। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো কবির কর্তব্যের মধ্যে পড়ে।
জেমস পিটারসন

করোনাভাইরাসের কারণে যখন লকডাউন সবকিছু, তখন আর সবার মতো ভীষণ বিপর্যয়ের মধ্যে পড়েছেন বইয়ের দোকানিরাও। দিনের পর দিন দোকান বন্ধ। ব্যবসায় লালবাতি জ্বলার দশা। ঠিক এই মুহূর্তে তাঁদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন জনপ্রিয় মার্কিন লেখক জেমস পিটারসন। তিনি বইয়ের ব্যবসায়ীদের জন্য প্রদান করেছেন পাঁচ লাখ ডলার। শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ‘হ্যাশট্যাগ সেভইন্ডিবুকস্টোরস’ শিরোনামে একটি ক্যাম্পেইনও শুরু করেছেন তিনি। এই ক্যাম্পেইনের মাধ্যমে সংগ্রহ করছেন অর্থ–অনুদান, যা দেওয়া হবে বই ব্যবসায়ীদের। পিটারসন বলেন, ‘এই মুহূর্তে আমাদের বই ব্যবসায়ীদের বাঁচাতে হবে। তা না হলে বইয়ের দুনিয়া ধ্বংস হয়ে যাবে। বইহীন একটা পৃথিবী আমি কল্পনাও করতে পারি না।’
সিয়া সিরানো

করোনাভাইরাসের কারণে অর্থকষ্টে পড়া নিম্ন আয়ের মানুষের দুর্দশা টেলিভিশনের পর্দায় দেখে ভীষণ ব্যথিত হন মার্কিন লেখক সিয়া সিরানো। তিনি সোফায় বসে টেলিভিশন দেখছিলেন। তৎক্ষণাৎ সোফা থেকে উঠে তাঁর টুইটার অ্যাকাউন্টে লগইন করে একটি টুইট করেন। সেখানে ছিল গরিব–অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এ লেখকের লেখা দ্য র্যাপ ইয়ার বুক ছিল ২০১৫ সালে সর্বাধিক বিক্রি হওয়া বই।
সিরানোর আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। এ পর্যন্ত তাঁর অনলাইন তহবিলে জমা হয়েছে অনধিক ১০ হাজার ডলার। তবে সিরানো গতানুগতিক ধারায় কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষকে সাহায্য করছেন না, তিনি সরাসরি দুস্থ মানুষের হাতে অর্থ তুলে দিচ্ছেন। বিশেষত যেসব শিক্ষার্থী হাসপাতালের বিল পরিশোধ করতে পারছেন না, তাঁদের সাহায্যার্থে এগিয়ে আসছেন সিয়া সিরানো।
রোক্সান গে

মার্কিন লেখক ও অধ্যাপক রোক্সান গে ২০টি অসহায় পরিবারের প্রতিটিকে ১০০ ডলার করে অর্থসহায়তা দিয়েছেন। এরপর অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি একটি টুইট করেন টুইটারে। তাঁর এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছেন আরও অনেকে। যেমন তাইওয়ানে নির্বাসিত মার্কিন নাগরিক অ্যাডেডোইন ওয়িলারান লিখেছেন, তিনি রোক্সান গের টুইটার দেখে অনুপ্রাণিত হয়ে করোনায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন।
জনপ্রিয় প্রাবন্ধিক হিসেবে সুখ্যাতি রয়েছে রোক্সান গের। তাঁর প্রবন্ধের বইগুলো প্রায়ই উঠে আসে নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার বইয়ের তালিকায়।
সূত্র: ফেসবুক, নিউইয়র্ক টাইমস ও লস অ্যাঞ্জেলেস টাইমস