২০২১ সাল কবি, কথাসাহিত্যিক ও নাট্যকার সৈয়দ শামসুল হকের প্রয়াণের পাঁচ বছর পূর্তির বছর। বিগত বছরগুলো আমাদের চোখের সামনে স্রোতের মতো বহমান হয়ে চলে গেছে। বিগত বছরগুলোতে সৈয়দ হককে নিয়ে কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকতা করার প্রয়োজন বোধ করেনি।
সৈয়দ শামসুল হক তাঁর জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের সাহিত্যকে বিশ্বসাহিত্যের মূল্যমানের সঙ্গে সম্পৃক্ত করে তুলতে। তাঁর এই প্রয়াস কারও কাছে ক্ষুদ্র হতে পারে, কিন্তু সাহিত্যের জন্য তাঁর নিবেদনের শুদ্ধতা নিয়ে সবাই নিঃসন্দেহে একমত হবেন।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের একজনের কাছে গিয়ে আমি বলেছিলাম, ‘ভাই, সৈয়দ হকের প্রয়াণ দিবস পালন না করেন ঠিক আছে, কিন্তু তাঁর জন্মদিবসটি তো পালন করা যায়!’ উত্তরে তিনি বললেন, ‘আপনি এই প্রতিষ্ঠানটির প্রধানের কাছে লিখিতভাবে আবেদন করুন।’
আমি বাড়ি ফিরে এসে আবেদন করতে বসলাম। আমার ছেলে পড়ার ঘরে উঁকি মেরে বলল, ‘মা, তুমি কী লিখছ?’ আমি বললাম। সব শুনে ছেলে হুংকার দিয়ে বলল, ‘মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন করতে আবেদন করছ? জসীমউদ্দীন, শামসুর রাহমান বা রশীদ করীমের কী হবে? কোনো দেশের শিল্প-সাহিত্যের প্রতিষ্ঠান যে মানুষেরা চালায়, তারা যদি নিজের দেশের গুণী মানুষদের স্মরণ করতে না শেখে, তবে তুমি হাজার অনুরোধ বা আবেদন করেও তো কিছু করতে পারবে না। দেশ যেদিন তার নিজের শিল্প, সাহিত্য, সংগীত নিয়ে সচেতন হবে, সেদিনই সব হবে। তুমি এভাবে আবেদন করে বাবাকে ছোট কোরো না। তিনি এত ছোট মানুষ নন, মা!’
সৈয়দ শামসুল হক চলে গেছেন আজ পাঁচ বছর। তাঁর চলে যাওয়ার আগমুহূর্ত থেকে পর পর্যন্ত ছোট করে বা বড় করে কেউ যদি তাঁকে স্মরণে রেখে থাকে, সেটি আমাদের দেশের দৈনিক কাগজগুলো। আমি কৃতজ্ঞচিত্তে তাদের ধন্যবাদ জানাই। আজ এত বছর পরে আমি আমার শোক থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। তাঁর তিরোধানের খবর দেখে সহ্য করতে পারতাম না বলে একটি খবরের কাগজও আমি এত বছর খুলে দেখার চেষ্টা করিনি। এখন যখন করছি, তখন আমার হৃদয় আনন্দ আর কৃতজ্ঞতার ভারে অবনত হয়ে যাচ্ছে।
এই বলে সৈয়দ হকের আক্ষেপ ছিল যে ‘আমি আমার ১৬ কোটি মানুষের কাছে পৌঁছাতে পারলাম না’, কিন্তু তাঁর জন্ম কিংবা প্রয়াণ দিবসে তাঁকে নিয়ে ছাপা কাগজগুলো দেখে এখন আমার এমত বিশ্বাস যে সৈয়দ হক তাঁর দেশের মানুষের কাছে সেদিন পৌঁছাতে পেরেছিলেন। তাদের সবার কাছে আমরা অশেষ কৃতজ্ঞ।
দুই.
আমাদের কৃতজ্ঞতা প্রকাশের আরও কিছু আছে, আর সেটি ‘প্রথমা প্রকাশন’–এর প্রতি। সৈয়দ শামসুল হকের প্রতিটি প্রয়াণ বা জন্মদিনে ‘প্রথমা প্রকাশন’ বিশেষ করে চেষ্টা করেছে তাঁর একটি বই অন্তত প্রকাশ করতে। কখনো তাঁর রেখে যাওয়া অপ্রকাশিত বই, কখনো–বা বিস্মৃত কোনো গ্রন্থ।
এই করোনাকালেও বছরের পর বছর ধরে সে প্রকাশনায় তাঁদের কোনো বিরতি নেই। এ জন্য তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞ বোধ না করে পারি না।
প্রথমা প্রকাশন থেকে সৈয়দ শামসুল হকের জীবদ্দশায় বেশ কিছু পাঠকনন্দিত বই তো প্রকাশিত হয়েছেই, তাঁর প্রয়াণের পরও প্রথমা তাঁকে ভুলে যায়নি। একে একে প্রকাশ করেছে শব্দই চিকিৎসিত করে, হে বৃদ্ধ সময়, এক নারীর জীবন, আনারকলি, যে কোনো দরোজার মতো নতুন বইসহ তাঁর পুরোনো কিছু বইয়ের নতুন সংস্করণ। প্রতিবার যেমন একটি করে বই প্রকাশিত হয়, এবারও তেমনই বের হলো সৈয়দ শামসুল হকের অগ্রন্থিত উপন্যাস পতন। দেখে আমাদের মন ভরে উঠেছে। মনে হচ্ছে, এই তো সৈয়দ শামসুল হক বেঁচে আছেন। এই তো তাঁর নতুন প্রকাশিত বই পাঠকের, বিশেষ করে তরুণদের হাতে গিয়ে পৌঁছাচ্ছে।
একজন তরুণ বইয়ের পৃষ্ঠা খুলে দেখছেন, সৈয়দ শামসুল হক একজন তরুণের কাছে পঠিত হচ্ছেন—এর চেয়ে খুশির খবর একজন কবি-সব্যসাচীর জন্য আর কী হতে পারে?
আনোয়ারা সৈয়দ হক: কথাসাহিত্যিক; প্রয়াত সৈয়দ শামসুল হকের স্ত্রী