মারওয়া শিমারির যুদ্ধ ও জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগদাদের পতনের দুই দিন আগে (২০০৩ সালের ৭ এপ্রিল) মারওয়া শিমারির জীবনে ঘটে সবচেয়ে ভয়ংকর ঘটনাটি। তখন তাঁর বয়স মাত্র ১২ বছর। আকাশ থেকে গোলাবর্ষণে সেদিন প্রকম্পিত হয়েছিল তাঁদের গ্রামটি। ঠুনকো দেয়াল ও ছাদের সাধারণ বাড়িটিই ছিল মারওয়াদের আশ্রয়! আতঙ্কিত ছোট্ট মারওয়া তখন নিজের ছোট বোন আদ্রাকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। তখনই অকস্মাৎ ঘটে বিস্ফোরণ। তারপরের ঘটনা মারওয়ার স্মৃতি থেকে মুছে গেছে। শুধু মনে পড়ে, তিনি হাসপাতালে শুয়ে আছেন। সামনে মায়ের মুখ। তারপর শুধুই অসহনীয় যন্ত্রণা। যেন তিনি বেঁচে আছেন এমন এক পৃথিবীতে, যেখানে যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই। ডান পা হারানোর ব্যাপারটি ঠিক কখন টের পেয়েছিলেন, তাঁর আর মনে পড়ে না। হাঁটুর অনেক ওপরে কেটে নেওয়া হয়েছিল একটি পা। সেই থেকেই নতুন প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু। এর মধ্যে ইরাক যুদ্ধের তীব্র বিরোধী জার্গেন টোডেনহোফার ইরাক আক্রমণের এক বছরের মধ্যে ছয়-সাতবার দেশটি সফর করেন। ইরাকিদের বেদনাদায়ক অবস্থা তুলে ধরে তিনি অ্যান্ডি অ্যান্ড মারওয়া নামে একটি বই লেখেন, যা জার্মানিতে বহুল বিক্রি হয়। টোডেনহোফার বলেন, মারওয়া আসলে ইরাক যুদ্ধের প্রতীক। কারণ যারা এ যুদ্ধ শুরু করেছিল, তাদের জন্য যুদ্ধটি শেষ হয়ে গেছে। কিন্তু মারওয়ার জন্য নয়। পঙ্গুত্ব নিয়ে সে বাকি জীবন বেঁচে থাকবে।ইরাক নিয়ে বই লিখেই দায়িত্ব সারেননি তিনি। বরং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে প্রত্যক্ষভাবে যুক্ত হন। বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ব্যয় করেন মারওয়াসহ অন্যদের জন্য। ২০০৪ ও ২০০৫ সালে তিনি মারওয়া ও তাঁর মাকে বিমানভাড়া দিয়ে জার্মানি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে মারওয়ার শরীরে অস্ত্রোপচার হয় এবং একটি কৃত্রিম পা সংযোজন করা হয়। মারওয়াদের জীবন বদলে দেওয়ার জন্য ১০ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি নতুন বাড়ি এবং একটি ছোট্ট দোকানও করে দিলেন। কিন্তু মারওয়ার মা মৃত্যুর কয়েক দিন আগে নতুন বাড়িটি বিক্রি করে দিয়ে পুরোনো বাড়িতে সবাইকে নিয়ে ফিরে গেলেন। এলাকাটি অত্যন্ত রক্ষণশীল। একা একটি মেয়ের পক্ষে একটি দোকান চালানো ছিল কঠিন। তাই মারওয়ার ব্যবসা দাঁড় করানোর পরিকল্পনা আলোর মুখ দেখেনি কখনোই। এখানেই শেষ নয়। মারওয়ার কৃত্রিম পায়ে সংক্রমণজনিত সমস্যা দেখা দেয়। ভিসা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা পেরিয়ে তিনি জার্মানিতে পৌঁছান। মিউনিখের আলফা ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার করে আরেকটি কৃত্রিম পা সংযোজন করা হয়। এরপর বাগদাদে ফিরে মারওয়া বিষণ্নতায় আচ্ছন্ন হন এবং একধরনের মানসিক চাপে ভুগতে থাকেন। কিছুদিন পর পায়ে আবার সমস্যা দেখা মারওয়াকে এবার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যান টোডেনহোফার। সেখানে একটি কৃত্রিম পায়ের দামই পড়ে ২০ হাজার মার্কিন ডলার। তিনি ভেবেছিলেন, মার্কিনরা এর দাম দেবে, যেহেতু তারাই মারওয়ার আজকের দুরবস্থার জন্য দায়ী। কিন্তু যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সাহায্যের হাত বাড়ায়নি। কল্পকাহিনি হলে হয়তো মারওয়ার গল্প এখানেই শেষ হতো। কিন্তু এটি মোটেও গল্প নয়, বরং চরম বাস্তবতা। এ ঘটনার গুরুত্বপূর্ণ চরিত্র একজন উদার, জনহিতকারী, সম্পদশালী ও ধৈর্যশীল ব্যক্তি, যিনি অসহায় একটি মেয়েকে সাহায্য করার জন্য নিরলস খেটে চলেন, ঘুরে বেড়ান মহাদেশ থেকে মহাদেশে। তবে বাস্তব জীবন তো পরিপূর্ণ হয়ে আছে উত্তরবিহীন নানা প্রশ্ন ও অপ্রত্যাশিত বাঁকে। এখানে সোজাসুজি উত্তর বা বার্তা খুব কমই মেলে। মারওয়ার মা গত বছর মারা গেছেন। টোডেনহোফার এখনো তাঁদের অর্থ দিয়ে যাচ্ছেন। নাছোড়ের মতো তিনি সেবা দিয়ে যাচ্ছেন অন্ধকারে একটি আলোর ঝিলিকের মতো। মারওয়ার জীবন ক্রমশ নিমজ্জিত হচ্ছে অন্ধকারে। তিনি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন। কারণ, তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখে অন্য ছেলেমেয়েরা হাসাহাসি করে। তা ছাড়া তাঁকে এখন পরিবারের প্রধানের দায়িত্ব পালন করতে হয়। ছোট দুই ভাই ও এক বোনের দেখাশোনা আর কে করবে? খোঁড়া হওয়ার কারণে বিয়ে বা সংসারের স্বপ্নও ভেস্তে গেছে তাঁর। আশিস আচার্যসূত্র: বিবিসি অনলাইন