মারলোন ব্রান্ডোর কোনো ছবি বাদ দিতাম না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি এমনিতেই ভীষণ আবেগ-প্রবণ। যেকোনো সিনেমায় কষ্টের দৃশ্য দেখলেই আমার কান্না পায়। আমার প্রথম সিনেমা দেখা নয়-দশ বছর বয়সে। বাড়ির কাজের মেয়ের সঙ্গে গিয়েছিলাম সিনেমা দেখতে। নওয়াবপুর রোডের মুকুল সিনেমা হলে। প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর সিনেমা। সেই বয়সে সিনেমার মানুষগুলোকে এত জীবন্ত মনে হয়েছিল যে আমি তাদের কাছে যেতে চেয়েছিলাম।আমি নবকুমার হাইস্কুলে সপ্তম শ্রেণীতে পড়তাম। আরমানিটোলায় ছিল ‘পিকচার হাউস’ নামের একটি সিনেমা হল। সেখানে বেশির ভাগই ইংরেজি আর হিন্দি সিনেমা দেখানো হতো। তখন সাল হবে ’৩৯ কি ’৪০। মনে আছে, বাবার লাইব্রেরির বই বিক্রি করে সিনেমা দেখতাম। সে সময় প্রথম দেখেছিলাম টারজান সিনেমা। আর সেখানে যুদ্ধের ছবিও দেখাত। সিনেমার উত্তেজনা যেন আমার মধ্যেও কাজ করত।এরপর বগুড়ায় চলে গেলাম। তাই বলে সিনেমা দেখা বন্ধ হলো না। সেখানে হলে গিয়ে হিন্দি সিনেমা দেখতাম। তবে আমার সিনেমা দেখার ব্যবস্থাটি ছিল বেশ মজার। বাবা আমার মেজ ভাই জকিউল্লাহকে প্রথমে চলচ্চিত্রটি দেখতে পাঠাতেন। তিনি যখন এসে বলতেন যে ‘হ্যাঁ, এই ছবিটা ওর দেখার উপযোগী,’ তখনই অনুমতি মিলত। সে সময় অশোক কুমার আর দিলীপ কুমার ছিল আমার স্বপ্নের নায়ক। অশোক কুমারের মতো হাঁটাচলা করতাম। আর চুলটা কেটেছিলাম দিলীপ কুমারের মতো করে।তারপর আবারও শহর পরিবর্তন। চলে এলাম ঢাকায়। ভর্তি হলাম ঢাকা আর্ট ইনস্টিটিউটে। সে সময় ইংরেজি ছবিই দেখতাম বেশি। অন দি ওয়াটার ফ্রন্ট, আর দ্য ফিউজিটিভ কাইন্ড আমার পছন্দের ছবি। মারলোন ব্রান্ডোর কোনো ছবি আমি বাদ দিতাম না। দ্য ফিউজিটিভ কাইন্ড-এর একটা দৃশ্য আজও ভুলতে পারি না। এক ভবঘুরে গিটার বাজায়। তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলো। বিচারক জিজ্ঞেস করলেন, ‘এর আগে তুমি কী করতে?’ নায়ক মাথার চুল থেকে এক হাতে পানি নিংড়ে ফেললেন। তারপর সঙ্গে থাকা গিটারে টুংটাং বাজালেন। তারপর বেশ শান্ত হয়ে বলেন, ‘গিটার বাজাতাম।’ কী অসাধারণ সেই অভিনয়!আর প্রিয় সিনেমা হিসেবে যেকোনো যুদ্ধভিত্তিক ছবিই ভালো লাগে। এবার বাবার সঙ্গে সিনেমা দেখার একটা স্মৃতি বলতে পারি। তাঁর সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে ‘ব্রিটানিকা’ সিনেমা হলে গিয়েছিলাম। সুইস ফ্যামিলি রবিনসন দেখেছিলাম সেদিন। নায়কের শিস বাজানোটা বেশ ভালো লেগেছিল। বাবা, কেমন করে শিস বাজাতে হয় শিখিয়ে দিলেন। পরে শিখে ফেললাম। তারপর বার কয়েক শিস বাজানোর পরই বাবা বললেন, ‘শিস বাজানো ভালো নয়।’ তারপর আর কোনো দিনও শিস বাজাইনি।ইদানীং শাহরুখ খানের সিনেমা খুব ভালো লাগে। তাঁর প্রায় সব ছবিই আমার দেখা। এর মধ্যে বাজিগর-এর কথা বিশেষভাবে বলা যায়। ছবিটি এখনো মনে দাগ কেটে আছে।