মারিও বনাম গাবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি ১৯৭৬, স্থান মেক্সিকো সিটি। সেদিন এই শহরের এক সিনেমা হলে ঘটেছিল ভবিষ্যৎ দুই নোবেল পুরস্কারজয়ী লেখকের মধ্যে এক অবিশ্বাস্য ঘুষাঘুষি। গল্পটা বুঝতে হলে আপনাদের কল্পনা করতে হবে বক্সিং রিং। তার একদিকে ধরুন বাঁ দিকে ২১০ পাউন্ড ওজনের গাবো, অর্থাৎ গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আর ডানদিকে ১৭০ পাউন্ড ওজনের মারিও, অর্থাৎ মারিও বার্গাস য়োসা। একজন কলম্বিয়ার, অন্যজন পেরুর। দুজনেই ঘনিষ্ঠ বন্ধু, একসময় বার্সেলোনায় তাঁরা একই পাড়ায় একই রাস্তার ওপর থাকতেন। সকাল-বিকেল চা বা হুইস্কি খেতে পূর্ব ঘোষণা ছাড়াই একে অপরের বাসায় এসে হাজির হতেন। রাজনৈতিকভাবেও তাঁরা একই মতের সমর্থক। তবে কয়েক বছর হলো, তাদের রাজনৈতিক বিশ্বাসে কিছুটা চিড় ধরেছে। গাবো তখনো পাক্কা মার্ক্সিস্ট, ফিদেল কাস্ত্রোর কট্টর সমর্থক। অন্যদিকে মারিও সমাজতান্ত্রিক আদর্শে পুরোপুরি আস্থা না হারালেও কাস্ত্রোর দমননীতির সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। ভবিষ্যতে তাঁদের মতের ও পথের দূরত্ব আরও বাড়বে।দুজনই এসেছেন শহরের নামজাদা প্যালেস অব ফাইন আর্টসে, সেখানে খ্যাতনামা মেক্সিকান চলচ্চিত্রকার রেনে কারদোনার নতুন ফিল্ম দি অডিসি অব দি এন্ডিজ-এর প্রাক-প্রদর্শনীতে। সিনেমা শুরুর আগে গাবো ও মারিও বসে ছিলেন অভ্যর্থনাকেন্দ্রে, একে অপর থেকে বেশ দূরেই। হঠাৎ মারিও লম্বা লম্বা পা ফেলে গাবোর সামনে এসে হাজির। গাবো সহাস্যে তাঁর বন্ধু মারিওকে আলিঙ্গনের জন্য দুই হাত তুলে এক পা এগিয়েছেন কি এগোননি, অমনি কেউ কিছু বোঝার আগেই মারিও দু ঘা বসিয়ে দিলেন গাবোর নাক বরাবর। মারিও লম্বা, তাঁর তুলনায় গাবো কিছুটা খাটো ও ওজনে ভারী। তিনি প্রতি-আক্রমণ হানার চেষ্টা করার আগেই আবার এক ঘা। মারিও তখন রাগে ফুঁসছেন, আর অকথ্য ভাষায় গাবোকে গালাগালি করছেন। আশপাশের লোকজন সে কথার বিন্দু-বিসর্গও বুঝতে পারছে না। ঘটেছে কী, তাও সবার বোধগম্যের অতীত। কাছাকাছি যাঁরা ছিলেন, তাড়াতাড়ি তাঁদের দুজনকে একে অপর থেকে সরিয়ে নিল। ঘোঁৎ ঘোঁৎ করতে করতে পিছু হটলেন মারিও। নাকের ব্যথায় তখন কাতরাচ্ছেন গাবো। তিনিও চেঁচাচ্ছেন, তবে চিৎকারের বদলে তার চিঁ চিঁ আওয়াজটাই বেশি শোনা গেল।গাবো ও মারিওর এই ঘুষাঘুষির কাহিনি সেই থেকে লোকজনের মুখে মুখে। ৩০ বছর নানা রকম রং চড়িয়ে সে গল্প নানাজন করেছেন, কিন্তু সত্যি কী ঘটেছিল—বা আদৌ এমন কোনো ঘটনা ঘটেছিল কি না, তার কোনো প্রমাণ মেলেনি। ১৯৯০ সালে প্যারিস রিভিউ পত্রিকা মারিওকে সরাসরি জিজ্ঞেস করেছিল আসল ব্যাপারটা কী। মারিও উত্তরে মুখে কুলুপ এঁটে ছিলেন। পীড়াপীড়ি করায় বললেন, এ নিয়ে বিস্তর কেচ্ছা-কাহিনি হয়েছে, আর নয়। নিজে যদি কখনো স্মৃতিকথা লেখেন, তো সেখানে সব খোলাসা করে জানাবেন।তার অবশ্য দরকার পড়েনি। মেক্সিকান সাংবাদিক ও ফটোগ্রাফার রদরিগো ময়া সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০০৭ সালের মার্চে, মার্কেজের আশিতম জন্মদিবসে, সে গল্প তিনি সাক্ষ্য-প্রমাণসহ আর্জেন্টিনার এক পত্রিকায় সবিস্তারে বর্ণনা করেন। ময়া জানিয়েছেন, গাবো নিজেই সে ঘটনার দুই দিন পর তাঁর বাসায় এসেছিলেন ছবি তোলার জন্য। তাঁর বাম চোখের নিচে মস্ত কালো দাগ, কিছুটা ফোলাও বুঝি ছিল। এই ঘটনার প্রমাণ হিসেবে একটা ছবি রাখা ভালো, সেই জন্য গাবো তাঁর বাসায় এসেছেন। বলাই বাহুল্য, কোনো আপত্তি না করে ময়া তাঁর ঘুষি খাওয়া সহাস্য বদনের ছবি তুললেন। ৩০ বছর এ কথা কাউকে বলেননি তিনি। গাবো বা মারিও—কেউই এ নিয়ে মুখ খোলেননি। কিন্তু সেদিন গাবোর জন্মদিনের কথা মনে করে ময়া হাটে হাঁড়ি ভেঙে দিলেন। জানালেন, আসল সমস্যা ছিল নারীঘটিত। যেকোনো নারী নয়, য়োসার স্ত্রী পাত্রিসিয়া। সে সময় মারিও এবং তাঁর স্ত্রীর মধ্যে মনকষাকষি চলছিল। কথা বন্ধ, মুখ দেখাদেখিও বন্ধ। পাত্রিসিয়া সন্দেহ করেছিলেন, মারিও অন্য নারীর সঙ্গে ফষ্টিনষ্টিতে জড়িত। সে কথা তিনি মার্কেজকে জানিয়ে বুদ্ধি চেয়েছিলেন স্বামীকে কীভাবে ফেরত পাওয়া যায়। গাবোর জবাব ছিল, ‘পথ একটাই—আর তা হলো তুমি অন্য কারও সঙ্গে প্রেমের অভিনয় করো। ঈর্ষাকাতর মারিও দেখবে, ঠিক সুড়সুড় করে ফিরে আসবে। আর প্রেম করার জন্য সেরা পাত্র আমি তো মজুদ রয়েছিই।’ বিষণ্ন ও ক্রন্দসী সেই নারীর মাথাটা রাখার জন্য সম্ভবত গাবো তাঁর কাঁধখানাও ধার দিয়েছিলেন। মারিও সন্দেহ করেছিলেন, শুধু মাথা রাখা নয়, তাঁদের সম্পর্ক আরও অনেক দূর এগিয়েছে। এ কথা জানার পর থেকেই তিনি তক্কে তক্কে ছিলেন মার্কেজের মুণ্ডপাতের।মার্কেজের দাবি ভিন্ন। তিনি মোটেই বন্ধুর স্ত্রীর দিকে হাত বাড়াননি। ময়ার তোলা এই ছবি সে কথার প্রমাণ। আর্জেন্টিনার লা জরদানা পত্রিকা এ গল্পের সঙ্গে সে ছবিও ছেপে দেয়। এর ফলে বিশ শতকের এক গভীর রহস্যের অবসান হয় বটে, কিন্তু দুই বন্ধুর সুসম্পর্ক আর কখনোই পুনঃপ্রতিষ্ঠিত হয়নি।এ কথা ঠিক, মার্কেজ বা মারিও—কেউ একে অপরের সাহিত্য নিয়ে মন্দ কোনো কথা বলেননি। বিশেষত মারিও মার্কেজের লেখার তারিফই করেছেন বারবার। ১৯৭১ সালে তাঁর পিএইচডি থিসিস ছিল মার্কেজের ওপর। তবে তিনি মানুষ হিসেবে মার্কেজের গালমন্দ করেছেন বিস্তর। প্যারিস রিভিউ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মারিও বলেছিলেন, মার্কেজ লোক হিসেবে মোটেও ভালো নয়। তাঁর রাজনীতির সবটাই লোক দেখানো ও স্টান্টবাজি, এমন লোককে তিনি বিন্দুমাত্র শ্রদ্ধা করেন না। সত্তর দশকের মাঝামাঝি এই দুজনের ব্যক্তিগত বন্ধুত্বই শুধু দ্বিখণ্ডিত হয়নি, তাঁদের রাজনৈতিক মত আর পথও আলাদা হয়ে পড়ে। মারিও ক্রমশ দক্ষিণমুখো হাঁটাচলা শুরু করেন, মুক্তবাজার ও পুঁজিবাদের মস্ত সমর্থন বনে যান। অন্যদিকে মার্কেজ তাঁর বাঁমুখো হাঁটা থামাবেন না, কাস্ত্রোর সঙ্গে বন্ধুত্বও ধরে রাখবেন।মার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার পান ১৯৮২ সালে। তা নিয়ে এক অকথিত ঈর্ষা বোধ করেছেন য়োসা। মার্কেজ পেলেন, তিনি কেন নোবেল পেলেন না, এ নিয়ে তর্ক-বিতর্কও হয়েছে। অবশেষে এ বছর সে একই পুরস্কার পেয়ে মারিও ভার্গাস য়োসা নিজের কাঁধ থেকে মার্কেজের ভূত নামাতে পারলেন। এক ভূত গেল বটে, কিন্তু অন্য ভূত—মার্কেজের সঙ্গে সেই ঘুষাঘুষি, তা এখনো যায়নি। য়োসার পুরস্কারপ্রাপ্তি নিয়ে গত কয়েক সপ্তাহে যত লেখা দেখেছি, তার সর্বত্র পাঠককে মনে করিয়ে দেওয়া হয়েছে, ৩৪ বছর আগে এই দুই হেভিওয়েট লেখকের বস্কিং বাউটের সেই গল্প।আপনারাও দেখুন সেই ছবি। গাবোর মুখখানি কিন্তু হাসি হাসি। আমার সন্দেহ হয়, এই গালভরা হাসির পেছনে অন্য কথা আছে। কী কথা, তা ঠাহর করা আক্কেলমন্তের জন্য মোটেই দুরূহ হওয়ার কথা নয়।