মারিয়া এলেনা বাররেরা আগরওয়াল
মারিয়া এলেনা বাররেরা একুয়াদরের তরুণ প্রজন্মের লেখিকা। মেহিকো, একুয়াদরসহ লাতিন আমেরিকার বিভিন্ন সাহিত্য পত্রিকায় লেখেন। নামের শেষে যুক্ত আগরওয়াল শব্দটি তাঁর স্বামীর পদবি। স্প্যানিশ এবং ভারতীয় ভাষার বিভিন্ন লেখক তাঁর আগ্রহের বিষয়। রবীন্দ্রনাথ সম্পর্কে এই লেখাটি ছাড়াও ভারতীয় হিন্দি লেখিকা মহাদেবী ভার্মাকে নিয়ে তাঁর সর্বশেষ লেখাটি বেরিয়েছে লা অত্রা নামের এক স্প্যানিশ সাহিত্য পত্রিকায়। এ পর্যন্ত তাঁর দুটি বই বেরিয়েছে—হাল্কভাবে উঁকি দেওয়া গান বেরিয়েছিল ২০০২ সালে। এটি শিশুদের জন্য কবিতার বই। অন্যটি সাহিত্যবিষয়ক প্রবন্ধের সংকলন শিখা ও প্রতিধ্বনি বেরিয়েছে ২০০৯ সালে। মারিয়ার রবীন্দ্রনাথের প্রবন্ধটি বেরিয়েছিল মেহিকো থেকে প্রকাশিত লাতিন আমেরিকার নেতৃস্থানীয় সাহিত্য পত্রিকা লেত্রাস লিব্রের ২০০৪ সংখ্যায়। মেহিকোর বিখ্যাত ঐতিহাসিক, রাজনীতি-বিশ্লেষক ও সাহিত্য-সমালোচক এনিরকে ক্রাউসে এ পত্রিকাটি ১১ বছর ধরে সম্পাদনা করছেন। পত্রিকার নামটি মেহিকোর বিখ্যাত কবি অক্তাবিও পাসের দেওয়া। এ পত্রিকায় যাঁরা প্রায়ই লেখেন তাঁদের মধ্যে রয়েছেন মারিও বার্গাস য়োসা, মিলান কুন্ডেরা, কার্লোস মনিসবাইস, এলেনা পোনিয়াতৌস্কা, এলিসেও আলবের্তো, হুয়ান গাইতিসোলো, নোবেল পুরস্কারপ্রাপ্ত লো ক্লোজিও প্রমুখ।