বই কিনে কেউ দেউলিয়া হয় না ঠিকই, তবে বই না কিনেও সমৃদ্ধিশালী একটা গ্রন্থাগার বানিয়ে ফেলা অবশ্যই সম্ভব। এই পথ দেখিয়ে গেছেন খোদ মার্ক টোয়েন। টোয়েনের বাড়িতে নাকি বইয়ের ছড়াছড়ি ছিল। এখানে-ওখানে পড়ে থাকত বই। এই দেখে টোয়েনের এক পরিচিত জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, বইগুলো এভাবে ফেলে না রেখে বুকশেলফে যত্ন করে রেখে দিলেই তো পারেন।’ টোয়েন উত্তর দিলেন, ‘যেভাবে বইগুলো পেয়েছি, সেইভাবে তো আর বুকশেলফ সংগ্রহ করা যায় না। কী করব বলুন, বুকশেলফ কেউ ধার দেয় না!’সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি লাইব্রেরি ৪১ বছর আগে ধার নেওয়া একটি বই ফেরত পেয়েছে। শ্যাম্পেইন কাউন্টি লাইব্রেরির নামে কদিন আগে একটি পার্সেল আসে। সেই পার্সেলের ভেতর পাওয়া যায় একটি বই, হাতে লেখা একটি চিরকুট এবং ২৯৯ ডলার ৩০ সেন্ট। চিরকুটের মধ্যে নাম প্রকাশ না করে লেখা, ‘দুঃখিত, বইটা অনেক দিন রেখে দেওয়ার জন্য। কী করব বলুন, আমি পাঠক হিসেবে খুবই ধীরগতির!’বইটা সেই ব্যক্তি যে সময়ে ধার নিয়েছিলেন, তখন বিলম্ব জরিমানার ফি ছিল দিনপ্রতি দুই সেন্ট। সেই হিসাবে জরিমানার পুরো টাকা শোধ করেছেন সেই ব্যক্তি। লাইব্রেরি কর্তৃপক্ষ এই সততায় রীতিমতো মুগ্ধ। এই উদাহরণ উল্লেখ করে তাদের ফেসবুক পৃষ্ঠায় তারা লিখেছে, বই ফিরে দেওয়ার জন্য ‘দেরি’ কোনো ‘দেরি’ নয়। তাই জমা পড়ে থাকলে বই ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।অনেকের কাছেই তাদের বই এভাবে পড়ে আছে। সম্মিলিত জরিমানার অঙ্কটা দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলার! বুঝুন তাহলে, কতজনের কাছে পড়ে আছে তাদের বই!গত বছর যুক্তরাষ্ট্রেরই শিকাগো পাবলিক লাইব্রেরি পাঠকদের কাছে পড়ে থাকা বই ফিরিয়ে আনার বিশেষ একটা উদ্যোগ নিয়েছিল। তাতে ঘোষণা করা হয়, এই সময়ের মধ্যে বই ফেরত দিলে জরিমানার টাকা দিতে হবে না। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে অনেকেই ফেরত দেন বই। এর মধ্যে একজন বই ফেরত দিয়েছিলেন ৭৮ বছর পর!বই ধার করে ফেরত না দেওয়ার অভ্যাসটা কমবেশি আমাদের সবার মধ্যেই আছে। আপনার-আমার কথা আর কী বলব। খোদ যুক্তরাষ্ট্রের কিংবদন্তিতুল্য প্রেসিডেন্টই যে আছেন এই কাতারে! জর্জ ওয়াশিংটন নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে একটা বই ধার করেছিলেন। সেই বই ২২১ বছর, না ভুল পড়েননি, সোয়া দুই শতাব্দী পর সেই বই ফেরত দেওয়া হয়েছিল ২০১০ সালের মে মাসে!প্রেসিডেন্ট থাকার সময় লাইব্রেরিটি থেকে ওয়াশিংটন একটি বই নেন। এমার ডি ভেত্তেলের লেখা দ্য ল অব নেশনস। দুই শতক পরে এসে লাইব্রেরির কর্তারা আবিষ্কার করেন, বইটি আর ফেরত দেননি প্রেসিডেন্ট। সময়মতো বই ফেরত না দিলে জরিমানার ব্যবস্থা সব লাইব্রেরিরই থাকে। জরিমানা হয়েছিল ওয়াশিংটনেরও। যে অঙ্কটা তাত্ত্বিকভাবে ছিল তিন লাখ ডলারের সমান!এই খবর প্রকাশিত হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে বইটি ফেরত দেওয়ার উদ্যোগ নেয় ভার্জিনিয়ার মাউন্ট ভেরনে সাবেক এই রাষ্ট্রপতির স্মৃতিরক্ষা কেন্দ্র। বইটিই অবশ্য ফেরত দিতে পারেনি তারা। তবে একই বইয়ের একই সংস্করণের অন্য একটি কপি আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয় লাইব্রেরিকে। অবশ্য জরিমানার অঙ্কটা দিতে হয়েছিল কি না, এ ব্যাপারে কিছু জানা যায়নি।তবে ২২১ বছরও তেমন কিছু নয়। সবচেয়ে বেশি সময় পরে বই ফেরত দেওয়ার একটি রেকর্ড আছে গিনেসে। আর সেই রেকর্ডটি ইংল্যান্ডের রবার্ট ওয়ালপোল নামের এক ভদ্রলোকের দখলে। সিডনি সাসেক্স কলেজ থেকে ১৬৬৭ বা ১৬৬৮ সালে একটি বই ধার নিয়েছিলেন তিনি। সেই বই ফেরত দেওয়া হয়েছে ২৮৮ বছর পর!তথ্যসূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ