মার্কেসের গোপন প্রেমিকা সুসানা ও মেয়ে ইন্দিরা

নোবেলজয়ী কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের গোপন প্রেমিকা সুসানা ও তাঁদের কন্যাসন্তান ইন্দিরাকে নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যম এখন সরগরম। মেয়েটির নাম কেন ইন্দিরা, সেই সূত্রে জানা গেল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে মার্কেসের অনালোচিত এক কাহিনি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাব্রিয়েল গার্সিয়া মার্কেস (৬ মার্চ ১৯২৭—১৭ এপ্রিল ২০১৪)
ছবি: সংগৃহীত

জাদুবাস্তবতার অন্যতম বরপুত্র গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সঙ্গে কি ভারতীয় সভ্যতা ও ইতিহাসের কোনো যোগসূত্র ছিল? তা না হলে নিঃসঙ্গতার এক শ বছর উপন্যাসে মেলকিয়াদেসের যন্তর-মন্তর ঘরে বসে আউরেলিয়ানো যে প্রাচীন পুঁথিগুলোর ভাষা উদ্ধারের চেষ্টা করে, সেগুলো ‘দড়িতে শুকাতে দেওয়া কাপড়ের মতো’ সংস্কৃত ভাষায় লিখিত হবে কেন? মার্কেস যদি সেই পুঁথিকে ইনকাদের ভাষায় বলে উল্লেখ করতেন, সেটাই বরং অনেক বেশি স্বাভাবিক হতো। মেলকিয়াদেসের মাধ্যমে মার্কেস আমাদের জানান প্রাচীন সেই পুঁথির এক শ বছর পূর্ণ হলেই কেবল তার পাঠোদ্ধার সম্ভব, আর তত দিনে আউরেলিয়ানো সংস্কৃত ভাষা আয়ত্ত করে ফেলতে পারবে। তার সংস্কৃত অধ্যয়নের সঙ্গে মেলকিয়াদেসের আত্মার আগমনের দূরত্ব বাড়তে বাড়তে একসময় হারিয়ে যায়। তবে সত্য প্রমাণিত হয় মেলকিয়াদেসের অত্যাশ্চর্য ভবিষ্যদ্বাণীগুলো। মার্কেসের নিঃসঙ্গতা উপন্যাসে এটিই বোধ হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

কেবল সংস্কৃত ভাষার উল্লেখ থেকে এই সিদ্ধান্তে পৌঁছা যায় না যে মার্কেসের সঙ্গে ভারতীয় সভ্যতার কোনো যোগাযোগ ছিল। সালমান রুশদি এক লেখায় লিখেছিলেন যে একজন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে তিনি মার্কেসের লেখায় তাঁর পরিচিত বহু কিছুর সন্ধান পান, যেমন ধনী-দরিদ্র আর বড়-ছোটর বৈষম্য, ঔপনিবেশিকতা ও ধর্মের প্রভাব, মার্কেসের কর্নেল বা জেনারেলদেরও রুশদি চেনেন তাঁদের ভারত বা পাকিস্তানি প্রতিপক্ষের মাধ্যমে, মার্কেসের বিশপকে তিনি খুঁজে পান ‘মোল্লাদের’ মধ্যে ইত্যাদি।

কিন্তু সংস্কৃত ভাষার পুঁথি কিংবা কলম্বিয়া ও পাক-ভারত উপমহাদেশের মধ্যে সাযুজ্য খুঁজে পাওয়ার মধ্যেই মার্কেসের ভারত-সম্পর্ক নির্ধারণ করা যায় না। রেডিওতে মার্কেসের নোবেল পুরস্কারের খবর শুনে তাঁর দ্বিতীয় বাসস্থান বাররানকিয়ার ট্যাক্সিচালকেরা যেমন একসঙ্গে হর্ন বাজিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন, তাঁর বাসার টেলিফোন লাইনে কিছুতেই ঢুকতে না পেরে বন্ধু ফিদেল কাস্ত্রোকে যেমন টেলিগ্রাম পাঠিয়ে শুভেচ্ছা জানাতে হয়েছিল, ঠিক তেমনি খবরটা যখন প্রচারিত হয়, সুদূর ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন নিঃসঙ্গতার এক শ বছর উপন্যাসের মাঝপথে। মার্কেসের জাদুবাস্তবতায় বিমুগ্ধ হয়ে কিংবা লাতিন আমেরিকার সাহিত্যে সংস্কৃত ভাষাকে উপস্থাপনের কারণেই বোধ করি এই লেখককে ভারত সফরের আমন্ত্রণ জানানোর ইচ্ছাটা জাগ্রত হয়েছিল অগ্রসর পাঠিকা শ্রীমতী গান্ধীর মনে। ঘটনাক্রমে সে বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার এক মাসের মধ্যেই (নভেম্বর ১৯৮২) রুশ প্রেসিডেন্ট ব্রেঝনেভ মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গেলে মস্কোতে শ্রীমতী গান্ধীর দেখা হয় মার্কেসের বন্ধু কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর সঙ্গে। সেখানে পরের বছর দিল্লিতে অনুষ্ঠেয় জোটনিরপেক্ষ সম্মেলনের ব্যাপারে কাস্ত্রোর সঙ্গে আলাপের একপর্যায়ে শ্রীমতী গান্ধী অনুরোধ করেন তিনি যাতে তাঁর প্রিয় লেখক মার্কেসকেও সফরসঙ্গী করে নিয়ে যান। সেই আমন্ত্রণের সুবাদে ১৯৮৩ সালের মার্চ মাসে ফিদেল ও মার্কেস একই বিমানে দিল্লি পৌঁছান। পালাম বিমানবন্দরে ফিদেলকে যখন রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হচ্ছিল, সে সময় বিমানের মধ্যে বসে অপেক্ষা করছিলেন মার্কেস। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠান শেষ হলে শ্রীমতী গান্ধী নিজেই বিমানের সিঁড়ির কাছে গিয়ে মার্কেসকে স্বাগত জানিয়ে নামিয়ে নিয়ে এসেছিলেন, তখন তিনি যেন ভারতের প্রধানমন্ত্রী নন, নিতান্তই একজন ভক্ত পাঠিকা।

মার্কেসের প্রেমিকা সুসানা কাতো (বাঁয়ে)। তাঁদের মেয়ে ইন্দিরা কাতো। ইন্দিরা গান্ধীর নামের সঙ্গে মিলিয়ে মার্কেস তাঁর মেয়ের নাম রেখেছিলেন ইন্দিরা
ছবি: সংগৃহীত

শোনা যায়, সেই সফরের সময় মার্কেস দিল্লিতে কলম্বিয়ার একজন কূটনীতিবিদকে বলেছিলেন যে শ্রীমতী গান্ধী তাঁর সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেছিলেন এবং আলাপের তৃতীয় দিনে তাঁর মনে হয়, ইন্দিরার জন্ম হয়েছিল আরাকাটাকাতে, কলম্বিয়ার যে ছোট নিভৃত শহরটিতে মার্কেসের জন্ম ও বেড়ে ওঠা। আমরা জানি, এই শহরটিই তাঁর কালজয়ী উপন্যাস নিঃসঙ্গতার এক শ বছর-এ মাকোন্দো হিসেবে উপস্থাপিত হয়েছে। জানা যায়, মার্কেস আরও মন্তব্য করেছিলেন, ‘ম্যাডাম গান্ধী কমনীয় নারীত্ব আর ঋজু কর্মশক্তির কী আশ্চর্য সমাহার!’ মার্কেসকে আবারও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীমতী গান্ধী, বলেছিলেন, তিনিও যোগাযোগ রাখবেন। সেই সফরের দেড় বছরের মাথায় ইন্দিরা গান্ধী নিজের বিশ্বস্ত দেহরক্ষীদের হাতে নিহত হলে তাঁর গুণমুগ্ধ এই লেখক এতটাই বেদনাক্রান্ত হয়েছিলেন যে প্রতিজ্ঞা করেন, আর কখনোই ভারত সফরে যাবেন না তিনি। আমৃত্যু সেই প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন মার্কেস।

ঘটনাচক্রে ইন্দিরা গান্ধীর সঙ্গে মার্কেসের সাক্ষাতের ১০ বছর আগে তিনি লিখেছিলেন সরলা এরিন্দিরা ও তার নিদয়া ঠাকুরমার কাহিনি। সেই সাক্ষাতের ১০ বছর পর গোপন প্রেমিকা সুসানা কাতোর ঘরে মার্কেসের যে কন্যাটি জন্মেছিল, তার নামও রাখা হয়েছিল ইন্দিরা। মার্কেসের মৃত্যুর আট বছর পর সম্প্রতি আবিষ্কৃত হয়, নব্বইয়ের দশকে কয়েকটা সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করা এবং পত্রিকার জন্য একটা সাক্ষাৎকার নেওয়ার সুবাদে মার্কেসের ঘনিষ্ঠতা হয়েছিল মেক্সিকোর সাংবাদিক ও লেখিকা সুসানা কাতোর সঙ্গে। সেই ঘনিষ্ঠতা ক্রমে প্রণয়ে রূপ নেয় এবং মার্কেসকে একটি কন্যাসন্তান উপহার দেন সুসানা। সেই মেয়েটিই ইন্দিরা কাতো। ১০ বছর আগে পরিচিত ইন্দিরা গান্ধী তাঁকে কতখানি প্রভাবিত করেছিলেন, কন্যার এই নামকরণেই সেটা স্পষ্ট। মার্কেস-বার্চা দম্পতির ঘরে ছিল দুই পুত্রসন্তান, তাই একটা কন্যাসন্তানের পিতা হওয়ার ইচ্ছা একাধিকবার প্রকাশ করেছিলেন মার্কেস। এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি, আর্নেস্ট হেমিংওয়েও একটি কন্যাসন্তানের জন্য খুব লালায়িত ছিলেন। স্বামীকে একটি কন্যাসন্তান উপহার দিতে চেয়ে চিকিৎসকদের নিষেধ সত্ত্বেও তাঁর দ্বিতীয় স্ত্রী পলিন জীবনের ঝুঁকি নিয়ে দ্বিতীয় সন্তান ধারণ করেছিলেন, যদিও তাঁদের সে ইচ্ছা পূরণ হয়নি।

মার্কেসের গোপন প্রণয়ের বিষয়টা যতই অন্তরালে থাক, মার্কেসের ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ কেউ ইন্দিরা কাতোর শুলুক-সন্ধান জানতেন, কিন্তু সেটা কখনোই প্রকাশ করেননি, কারণ, মার্কেসের ৫০ বছরের বিবাহিত স্ত্রী ও তারুণ্যের প্রেমিকা মার্সেদেস বার্চা তখনো বেঁচে। বার্চা স্বামীর এই সম্পর্কটির কথা জানতেন কি না, সে সম্পর্কে কিছু জানা যায় না। তবে ধারণা করা হয়, পুরোটা না জানলেও কিছু একটা আঁচ করতে পারতেন তিনি। নিঃসঙ্গতার এক শ বছর উপন্যাসের পাঠকমাত্রই জানেন, ‘নীল নদের সাপের মতো গোপন সৌন্দর্যে ভরপুর’ সেই মেয়ে বার্চা মের্সেদেসও এক কেমিস্টের মেয়ে, যার কাছ থেকে একদিন হোসে আর্কাদিওর জন্য হাঁপানির ওষুধ এনে দিয়েছিল আউরেলিয়ানো। এখানেই জাদু ও বাস্তব একীভূত হয়ে যায় মার্কেসের হাতে। মার্কেস ও মের্সেদেসের বিয়ে হয় ১৯৫৮ সালে, তিন বছর পর যেদিন (২ জুলাই ১৯৬১) সপরিবার প্রায় কপর্দকশূন্য অবস্থায় মেক্সিকো শহরে চলে আসেন মার্কেস, ঠিক সেদিন তাঁর প্রিয় লেখকদের একজন আর্নেস্ট হেমিংওয়ে ইডাহোতে আত্মহত্যা করেন।

জাদুবাস্তবতার মতো এ রকম অদ্ভুত সমিল ঘটনা কেবল এটাই নয়। আমরা পড়েছি নিঃসঙ্গতার এক শ বছর-এর ‘প্রগাঢ় পিতামহী’ উরসুলা ইগুয়ারান ১১৫ এবং ১২২ বছর বয়সের মধ্যে যেদিন মারা যায়, সেদিন ছিল পবিত্র বৃহস্পতিবার। আমাদের স্মরণে রাখতে হবে, মার্কেসও মারা গিয়েছিলেন ২০১৪ সালের এপ্রিলের এক বৃহস্পতিবার। সম্প্রতি প্রকাশিত আ ফেয়ারওয়েল টু গ্যাবো অ্যান্ড মার্সেদেস বইতে মার্কেসের ছেলে রড্রিগো গার্সিয়া আরও একটা গা ছমছম করা তথ্য দিয়েছেন। যেদিন তাঁর পিতা মারা যান, সেদিন একটা পথহারা পাখি সম্ভবত জানালার কাচে ধাক্কা খেয়ে মরে পড়েছিল মার্কেসের বসার চেয়ারের ওপর। উরসুলা ইগুয়ারানের মৃত্যুর দিনেও প্রচণ্ড গরমে পাখিগুলো দেয়ালের গায়ে আছড়ে পড়ে মরে যেতে থাকে, কোনোটি ঘরের ভেতর ঢুকে পড়ার জন্য জানালার গায়ে লাগানো লোহার জালে ধাক্কা দিয়ে ছিঁড়ে ফেলে সেগুলো। পুত্রের বর্ণিত পিতার মৃত্যুদিনের ঘটনা না হলে ঘরের মধ্যে একটা মৃত পাখির ঘটনাটিকেও মার্কেসের বর্ণিত জাদুবাস্তবতার কোনো একটা দৃশ্য বলে মনে হতো না কি?

মার্কেসের গোপন প্রেমিকা সুসানা ও তাঁদের কন্যাসন্তান ইন্দিরাকে নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যম সম্প্রতি সরগরম বটে, কিন্তু মার্কেসের দুই পুত্র এবং তাঁদের চাচাতো ভাইবোনেরা বিষয়টি জানলেও নিজস্ব সহবত অনুযায়ী ঠোঁটে কুলুপ এঁটে রেখেছিলেন সবাই। এমনকি সুসানাও নোবেলজয়ী প্রেমিকের সম্মান রক্ষায় নিজেকে কিংবা তাঁদের মেয়েকে কখনোই গণমাধ্যমের কাছে উপস্থাপন করার কথা ভাবেননি। আজ যখন গোপন প্রেমিকার গর্ভে মার্কেসের এক কন্যাসন্তান নিয়ে তোলপাড় ঘটে যাচ্ছে, তখন আমাদের স্মরণে রাখতে হবে, মার্কেসের বাবা টেলিগ্রাফ অপারেটর গাব্রিয়েল কেবল দরিদ্রই ছিলেন না, মেয়েবাজও। ওঁর মা, অর্থাৎ মার্কেসের দাদিমা তিনজন পুরুষের মাধ্যমে ছয়টি সন্তানের জননী হয়েছিলেন। আবার মার্কেসের মাতামহ কর্নেলটিও এমন গঙ্গাজলে ধোয়া কোনো তুলসীপাতা ছিলেন না, তাঁর তিনটি বৈধ সন্তানের বাইরেও বিয়ের আগে ও পরে কয়েকজন রমণীর গর্ভে জন্মেছিল তাঁর আরও নয়টি সন্তান। আশ্চর্যের বিষয়, স্বামীর সব সন্তানকেই মার্কেসের দিদিমা নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন।

ইন্দিরা কাতোর সঙ্গে মার্কেস পরিবারের পেশাগত পরম্পরাও লক্ষণীয়। মার্কেস-সুসানার কন্যা ইন্দিরা পেশায় একজন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা। মেক্সিকো পেরিয়ে যাওয়া অভিবাসীদের ওপর তাঁর নির্মিত চলচ্চিত্র কয়েকটি পুরস্কারও অর্জন করেছে। মার্কেস-বার্চার পুত্র রড্রিগো গার্সিয়াও পেশায় একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। সৎভাই-বোনের এই সমিল পেশা অবশ্য জাদুবাস্তবতা নয়, এটি নিছক পিতার জিনসংক্রান্ত।

মার্কেসের গোপন প্রেমিকা ও কন্যাটির অস্তিত্ব আবিষ্কৃত হওয়ার পর জীবনীকার জেরাল্ড মার্টিনকে বলা তাঁর একটা কথা যেন সত্য হয়েই উঠে আসে, ‘প্রত্যেক মানুষের তিনটি জীবন থাকে: একটা প্রকাশ্য, একটা ব্যক্তিগত এবং একটা গোপন জীবন।’ তৃতীয় জীবনটিতে প্রবেশাধিকার পাওয়া যাবে কি না, এই প্রশ্নে তিনি মার্টিনকে বলেছিলেন, ‘না, কখনোই না।’