মার্বেল বিনিময়
ওরহান পামুকের আদার কালারস বই থেকে একটি রচনা এখানে অনূদিত হলো। তুর্কি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন মরিন ফ্রিলি। বাংলায় অনুবাদ করেছেন আন্দালিব রাশদী১৯৬১ সালে আমার বাবার চাকরির কারণে আমাদের আঙ্কারা চলে যেতে হলো। শহরের সবচেয়ে সুন্দর পার্কের পাশে বেশ দামি অ্যাপার্টমেন্ট হলো আমাদের। সেই পার্কের কৃত্রিম লেকে দুটো ক্লান্ত রাজহাঁসের বসবাস। ওপর তলায় বাস করত একটি আমেরিকান পরিবার। তারা তাদের শেভ্রোলেট গাড়িটি চালিয়ে যখন গ্যারেজে ঢোকাত, আমরা ঝনঝন শব্দ শুনতে পেতাম। এই আমেরিকানদের ওপর আমাদের নিবিড় দৃষ্টি ছিল।আমাদের আগ্রহ তাদের সংস্কৃতি নয়, বরং আমেরিকান মানুষই। আমরা যখন আঙ্কারার সিনেমা হলে কম পয়সার টিকিটে অন্য সব শিশুর বিশাল মেলায় রোববারের ম্যাটিনি শো দেখতে বসি, তখন আমাদের ধারণাও থাকে না, যে ছবিটা দেখছি তা আমেরিকান, না ফ্রেঞ্চ। আমাদের যা বোঝা দরকার সাবটাইটেল থেকেই বুঝে নিতাম—আমরা যে ছবিটা দেখছি, তা পাশ্চাত্য সভ্যতা থেকে এসেছে।সে সময় এই ব্যয়বহুল নতুন এলাকাটিতে অনেক আমেরিকান বাস করত। আমরা তাদের সর্বত্রই দেখতে পেতাম। আর আমাদের যা সবচেয়ে আকৃষ্ট করেছে তা হচ্ছে, তারা কী ভোগ করছে এবং কী ফেলে দিচ্ছে। আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু তাদের ফেলে দেওয়া কোকাকোলার ক্যান, যেগুলো আমরা সংগ্রহ করতাম। আমরা কেউ কেউ আবর্জনার পাত্র থেকেও এগুলো তুলে আনতাম, তারপর উন্মত্তের মতো পায়ে দলে এগুলোকে সমান করতাম (হয়তো বা এসব ক্যানের কিছু ছিল বিয়ারের কিংবা অন্য কোনো কিছু ভিন্ন ব্র্যান্ডের)। প্রথম দিকে এগুলোকে আমরা আমাদের উদ্ভাবিত ‘ফাইন্ড দ্য ক্যান’ নামের খেলায় ব্যবহার করতাম, তারপর এগুলো বিভিন্ন আকৃতিতে কেটে ধাতব চিহ্ন তৈরি করতাম। ক্যানের ব্যাজগুলো টাকা হিসেবে চালিয়েছি। আর কখনো এ ধরনের কোনো কোলা এবং সত্যি বলতে ক্যান থেকে কোনো কিছু খাওয়ার সুযোগ আমাদের হয়নি।নতুন অ্যাপার্টমেন্টগুলোর একটির অতিকায় ময়লার পাত্র থেকে আমরা ক্যান কুড়াতাম। সেই অ্যাপার্টমেন্টে কম বয়সী সুন্দরী একজন আমেরিকান নারী ছিলেন। আমাদের মনোযোগ ছিল সেখানটাতেই। একদিন তাঁর স্বামী গ্যারেজ থেকে গাড়ি বের করে আমাদের ফুটবল খেলায় বাধা সৃষ্টি করে আমাদের পাশ কাটিয়ে আস্তে আস্তে এগোচ্ছিলেন আর তাঁর স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন। নাইটড্রেস পরে ব্যালকনিতে দাঁড়ানো সেই সুন্দরী যখন দূর থেকে তাঁকে চুম্বন পাঠালেন, আমরা কিছু সময়ের জন্য থ হয়ে গেলাম। পরস্পরকে যতই ভালোবাসুক, আমরা বয়স্ক যাঁদের চিনি, তাঁরা অন্যের সামনে এমন বেপরোয়াভাবে তাঁদের আনন্দের প্রকাশ ঘটাবেন না।আমেরিকানরা যেসব জিনিসপত্রের মালিক এবং তাদের সঙ্গে যারা সম্পর্ক তৈরি করতে পেরেছে, আমেরিকানদের মাধ্যমে তারা যা পায় তা আসে পোস্ট এক্সচেঞ্জ বা পিএক্স থেকে, আমরা বলি পিয়েকস। জায়গাটা আমি কখনো দেখিনি, আমেরিকান মিলিটারি ও দূতাবাসের লোকজন ছাড়া অন্য কারও—কোনো তুর্কির সেখানে প্রবেশাধিকার নেই। ব্লু জিনস, চিউইংগাম, অলস্টার কাপড়ের জুতো, সর্বশেষ আমেরিকান অ্যালবাম, চকলেট যেগুলো লবণাক্ত ও মিষ্টি এবং আমার পেট খারাপ করিয়ে দেয়, সব রঙের চুলের ক্লিপ, বাচ্চাদের খাবার, খেলনা...কিছু জিনিস পিয়েকস থেকে বেরিয়ে গিয়ে আঙ্কারার কোনো কোনো দোকানে গগনচুম্বী দরে বিক্রি হতো। আমার বড় ভাই ছিল মার্বেলের জন্য পাগল, কাজেই পয়সা জমিয়ে ওই সব দোকান থেকে সে মার্বেল কিনে আনত; তুরস্কে তৈরি অভ্র ও কাচের মার্বেলের পাশাপাশি রাখত সেগুলো। আমেরিকান পোর্সেলিন মার্বেল দেখাত অলংকারের মতো।আমরা এই মার্বেলের খোঁজ পাই একটি আমেরিকান ছেলের কাছ থেকে। ওরা থাকত চতুর্থ তলায়। প্রতিদিন সকালে কমলা রঙের বাসে স্কুলে যেত সে। এ ধরনের বাস আমি পরে আমেরিকান জীবন নিয়ে তৈরি সিনেমায় দেখেছি। ছেলেটি আমাদের বয়সী, একমাত্র ছেলে, কোনো বন্ধু নেই, আমেরিকান স্টাইলে চুলের ক্রু-কাট। সে সম্ভবত দেখেছে, বাগানে আমরা বন্ধুদের সঙ্গে মার্বেল খেলছি। পিয়েকস থেকে কেনা শত শত মার্বেল আছে তার। আমাদের তখন মনে হলো, আমরা হাতেগোনা কয়েকটা মাত্র মার্বেলের মালিক আর সে হাজার হাজার মার্বেলের। সে তার মার্বেলের ব্যাগ খালি করে মার্বেলগুলো শব্দ করে মেঝেতে এমনভাবে গড়াতে থাকে যে তা আমাদের স্নায়ুপীড়নের কারণ হয়ে দাঁড়ায়।তার এই মার্বেল-প্রাচুর্যের সংবাদ আমাদের প্রতিবেশী সব বন্ধুর কাছে পৌঁছে যায়। আমরা দুজন, তিনজন করে পেছনের বাগানে আমেরিকান জানালার নিচে চলে যাই এবং চিৎকার করি, ‘এই ছেলে!’ দীর্ঘ নীরবতার পর সে হঠাৎ ব্যালকনিতে আবির্ভূত হয়ে ক্রুদ্ধ অবস্থায় একমুঠো মার্বেল ছুড়ে ফেলে। আর আমার বন্ধুদের মার্বেলের পেছনে ছুটতে দেখে সে হঠাৎ আবার কোথায় হারিয়ে যায়।আমার বন্ধুরা যখন বাগানে ফিসফিস করছে, তখন ছেলেটি মুঠোভর্তি মার্বেল ছুড়ে ফেলার বদলে এবার নির্দিষ্ট বিরতির পর একটি একটি করে মার্বেল ছুড়তে শুরু করে।এক বিকেলে এই খুদে সম্রাট আমাদের ব্যালকনিতে মার্বেল ছুড়তে থাকে। তারপর একসঙ্গে অনেক, বৃষ্টির মতো, কয়েকটি মার্বেল লাফিয়ে উঠে ব্যালকনি থেকে বাগানে পড়ে যায়। আমার ভাই ও আমি, আমরা নিজেদের ধরে রাখতে পারছিলাম না। আমরা ব্যালকনিতে ছুটে গিয়ে মার্বেল জমাতে শুরু করলাম। যখন মার্বেল-বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেল, আমরা বলতে শুরু করলাম, ‘এটা আমার মার্বেল, ওটা তোমার মার্বেল।’আমার মা চিৎকার করে বললেন, ‘এখানে কী হচ্ছে, তোরা এখনই ভেতরে আয়।’ ব্যালকনিতে যাওয়ার দরজা বন্ধ করে আমরা ভেতর থেকে লজ্জার সঙ্গে মার্বেল-বৃষ্টি দেখতে লাগলাম। বর্ষণ কিছুটা কমে গেছে। যখন ছেলেটি বুঝতে পারল আমরা আর ব্যালকনিতে ফিরে আসছি না, সে তার ঘরে ফিরে গিয়ে মেঝের ওপর শত শত মার্বেল ঢেলে দিল। মার্বেল গড়িয়ে পড়া বন্ধ হলে আমার ভাই ও আমি আবার ব্যালকনিতে ফিরে গেলাম। সেখানে লাজমুখে নীরবে বাকি মার্বেলগুলো কুড়িয়ে নিরানন্দে ভাগ করে নিলাম।পরদিন ছেলেটি ব্যালকনিতে আসামাত্রই আমরা আমাদের মায়ের নির্দেশমতো চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, ‘এসবের বিনিময়ে তোমাকে কী দেব?’আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা তাকে তুর্কি কাচ ও অভ্রের মার্বেল দেখালাম। পাঁচ মিনিট পর আমাদের দরজার বেল বাজল। আমরা তাকে আমাদের মার্বেল দিলাম, সেও আমাদের একমুঠো দামি আমেরিকান মার্বেল দিল। নিঃশব্দে এই বিনিময়-বাণিজ্য সম্পন্ন হলো। তারপর সে তার নাম বলল, আমরা বললাম আমাদের নাম।এই বাণিজ্যের মূল্যের চেয়েও যা আমাদের বেশি আকৃষ্ট করল তা হচ্ছে—ছেলেটির নাম ববি। তার ট্যারা চোখের রং নীল এবং তার হাঁটু বাইরে খেলাধুলা করার কারণে আমাদের হাঁটুর মতোই নোংরা। হঠাৎ ভয় পেয়ে সে দ্রুত ওপরে তার অ্যাপার্টমেন্টে ফিরে গেল।