মাসব্যাপী বইমেলা হোক
১
একুশে বইমেলা শুধুই বই বিকিকিনির মেলা নয়। এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলা। গত বছর করোনার ভয়াবহতা এবং কিছু সিদ্ধান্তহীনতার কারণে মেলা জমে ওঠেনি। প্রকাশকেরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পাঠকেরা বঞ্চিত হয়েছেন সাংস্কৃতিক সম্মিলন থেকে। এ বছর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তাই মেলাকে এবার উৎসবের আমেজে দেখতে চাই। চাই যে বিভিন্ন শাখায় মানসম্মত বই আরও বেশি বের হোক। এ প্রযুক্তি মুখর দিনে মানুষ বইমুখী হোক।
২
বছরের শুরুতে করোনা পরিস্থিতি যখন খারাপ ছিল, আক্রান্তের সংখ্যা ছিল ৩০ শতাংশ তখন দেশের নানা জায়গায় নির্বাচন হয়েছে, মাসব্যাপী বাণিজ্যমেলা হয়েছে। অথচ এখন আগের মতো করোনার ভয়াবহতা নেই। আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। এ বাস্তবতায় আমরা বলেছিলাম মেলার সময় বাড়ানো হোক, মাসব্যাপী বইমেলা হোক। কেননা, স্টল ভাড়া ও নির্মাণ খরচ মিলিয়ে কোনোভাবেই ১৪ দিনের মেলায় প্রকাশকেরা স্বস্তি পাবেন না।
আমাদের বইমেলা মূলত হয় প্রকাশকদের টাকায়। এখানে সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। অথচ এ ক্ষেত্রে আর্থিক সংশ্লিষ্টতা খুবই দরকারি। এসব নানান বিবেচনায় আমাদের মনে হয়েছে, মেলার সময় বাড়ানো হোক, বইমেলা যেহেতু লেখক–পাঠক–প্রকাশকের মিলনমেলা, সে ক্ষেত্রে এ মিলনের সময়টি আরেকটু দীর্ঘ হোক। তাতে সবারই সুবিধা।
৩
সত্যিকার অর্থ বলতে গেলে প্রকাশনাশিল্পে আমাদের পেশাদারি মনোভাব এখনো গড়ে ওঠেনি। সম্পাদনা বিষয়টি অনেক প্রকাশনীতেই নেই। এর পেছনে অনেক কারণ আছে। সরকারের তরফে প্রকাশকদের জন্য কোনো প্রণোদনা নেই, এটা একটা কারণ। তবে বড় কারণ হলো, যাঁরা প্রকাশনা ব্যবসায় আসছেন, এ পেশায় আসার জন্য তাঁদের অনেকের তেমন প্রস্তুতি নেই। সুসম্পাদিত বই প্রকাশের জন্য প্রকাশনার আগাগোড়া তো আগে জানতে হবে, শিখতে হবে। সুসম্পাদিত বই প্রকাশের ক্ষেত্রে এ বিষয়গুলো জরুরি। আর এ শিল্পের উন্নতিকল্পে সরকারকেও প্রকাশকদের পাশে থাকতে হবে, তাদের আর্থিক প্রণোদনা দিতে হবে। তবেই সুসম্পাদিত, নির্ভুল বইয়ের প্রকাশ নিষ্কণ্টক করা সম্ভব হবে।