মাসুদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বর ছুড়েছে ঢিল ঈশ্বরীর দিকে, কৌতুকবিলাসে।

গ্রহটিকে মাটির ঢেলা বানিয়ে ব্রহ্মাণ্ডের এক প্রান্ত থেকে

ক্ষেপণ করেছে ভগবান, অন্য প্রান্তে থাকা ভগবতীর প্রতি।

মহাকাশজুড়ে প্রসারিত মহাহিম শূন্যতা, লক্ষ ডিগ্রি নিস্তব্ধতা—

তারই মধ্য দিয়ে একপিণ্ড ছোট্ট শ্যামল কোলাহল হয়ে

ধেয়ে যাচ্ছে এই ঢিল।

ঢিল নয়, মহামিসাইল—

মহাকাশের জোনাক-জ্বলা ঝোপঝাড়ের ভেতর দিয়ে

একের পর এক যমজাঙাল পেরিয়ে মিথ্যা-ইথারে অস্থির ঢেউ তুলে

ছুটছে ঢিল অযথা আহ্লাদে

গোঁয়ার ক্ষেপণাস্ত্রের মতো একদিকে টাল হয়ে চক্কর খেতে খেতে

ঘোর-লাগা লাটিমঘূর্ণনে

আহ্নিকে বার্ষিকে ধোঁয়াজটিল বেগব্যঞ্জনায়—

যে বেগ উদ্ভ্রান্ত, যেই গতি একই সঙ্গে ঋজুরেখ বক্র চক্রাকার

ঘূর্ণ্যমান নাটকীয় একরোখা দুর্ধর্ষ ও ওলটপালট...

ছুটতে ছুটতে হয়রান ঢিলখানি।

ওদিকে ঈশ্বরী, ওই রাঘবরহস্যে-ঘেরা উত্তুঙ্গ রহস্যরাজ্ঞী,

সর্বনাশা এক ভাব-আলেয়ার ভাব ধ’রে অজ্ঞাত স্থানাঙ্কে ব’সে

থেকে থেকে ছিনালি-হাতছানি একটু দিয়েই সরে যাচ্ছে দূরে।

মুহূর্তে মুহূর্তে ফুলে-ফেঁপে ওঠে মহাকাশ।

বেঁকে-যাওয়া, বাঁকতে-থাকা, ক্রমপ্রসারিত

এক দেশকালের ভেতর দিয়ে

ঘটতে থাকে ঢেলাটির উদ্ভ্রান্ত উন্মাদ ছুটে-চলা। আর

ছিটকে পড়ার ভয়ে ভয়ার্ত শিশুর মতো ঢেলাটির গা আঁকড়ে ধ’রে

চাম-উকুনের মতো চিমসা দিয়ে পড়ে থাকে প্রাণপণ

তটস্থ ও অসহায় প্রাণীকুল।

খেলা করে ভগবান ভগবতী—বিপজ্জনক ঢিল-ক্ষেপণের খেলা।

আর রোমাঞ্চে ও ত্রাসে শিউরে-শিউরে কেঁপে ওঠে তাঁদের শিশুরা।