মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটির নাম দিল মায়া।

নামকরণটা ভালোই মনে হলো নূরের। চোখ দুটোতে মায়া আছে। আর তার দিকে তাকিয়ে থাকে বলে সেই মায়া বেশ তীব্র। প্রথম প্রথম নূর একটু বিব্রত বোধ করত, ইতস্তত হতো, ধীরে ধীরে সয়ে গেছে। এখন সে–ও চোখে চোখ রাখতে পারে। মনে মনে অনেক কথা বলতে পারে। গুনগুনিয়ে গাইতে পারে অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি...না, তার ভাষা বোঝার আশা এখনো জলাঞ্জলি দেয়নি নূর।

এই নিয়ে তিন দিন। সন্ধ্যাবেলা শহরের অলিতে গলিতে সব আলো জ্বলে উঠলে, লোকজন ঘরে ফেরা শুরু করলে, ক্লান্তির ডালপালা নড়াচড়া করতে শুরু করলে নূর তাকে দেখতে পায়। ঠিক রাস্তার ওই পাশে। ছোট্ট একটা রেস্টুরেন্ট। হোটেল আল মদিনা। বাবুর্চিরা রুটি-পরোটা বানাচ্ছে, মাংসের কাবাব, খিচুড়ি...গন্ধ ভেসে আসে। হোটেলের গা ঘেঁষে একটা সরু গলি চলে গেছে। সেই গলির মুখেই দাঁড়িয়ে থাকে মায়া।

নূর ভাবে, ওই গলির মাথায় মেয়েটার বাসা হতে পারে। একবার ওদিকে গিয়েছিল নূর। এবড়োখেবড়ো রাস্তা। পিচ উঠে গেছে। বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তার বেশ জায়গা দখল করেছে। রিকশায় উঠলে অনেক কষ্ট করতে হয় সেগুলো এড়াতে। একবার রিকশা কোনো খুঁটির সঙ্গে ধাক্কা খেলে একটা মেয়ে প্রচণ্ড গালিগালাজ করেছিল। মেয়েটার দারুণ সাহস। অন্ধকারে তার মুখ দেখতে পায়নি নূর।

‘কই তুমি! একটু আসো না!’

গলির মাথায় গিয়ে নূরের ভাবনা থমকে গেল। বিরক্ত মুখে বাসার ভেতর চলে গেল নূর।

ইদানীং বউয়ের ঘন ঘন বাথরুম পায়। অবশ্য বৃষ্টিবাদলার দিনে এ রকমই হয়। অফিস থেকে ফিরে খাওয়াটাও হজম হয়নি, এখন ওকে টেনে তোলা, পাঁজাকোলা করে বাথরুমে নিয়ে যাওয়া। দীর্ঘশ্বাস ফেলল নূর। মায়া কী মনে করল কে জানে! মাত্র আলো জ্বলে উঠেছিল, মাত্র ওর গালে টোলটা ফুটে উঠেছিল, মুখের হাসিটা...ধ্যাৎ!

বউটার ভানভণিতার শেষ নেই। সকাল–বিকেল তো নিজে নিজেই সব করে, নূর অফিস থেকে এলে পুরোটাই অকেজো হয়ে যায়। বাথরুম থেকে বউকে ফের কোলে করে বিছানায় রেখে দেয় নূর। উঠে ফের বারান্দার দিকে যাচ্ছিল, বউ ডাকে, ‘কই যাও। একটু বসো না।’

‘আসছি! ’

এতক্ষণে সব আলো জ্বলে উঠেছে। হোটেলে কাস্টমার গিজগিজ করছে। এত লোকের মধ্যে আর কতক্ষণ একা একা দাঁড়িয়ে থাকবে মায়া, নিশ্চয় চলে গেছে। না, যায়নি। মুখে কি কালো মেঘ জমেছে? না। সেই একই কানের দুল, নাকের নথটাও একই, হাতটা আলতো করে গালে ছুঁয়ে রাখা, একটা গোল্ডেন কালার ঘড়ি...সব আগের মতোই।

কাল বৃষ্টি হয়েছিল, ঠিক এই সময়টায়। নূর ভেবেছিল, মায়া ছাতা নিয়ে বেরোবে। না, ছাতা ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেও সে ওভাবেই দাঁড়িয়েছিল, নূরও তাকিয়েছিল, কোনো কথা বলেনি, কোনো গান শোনায়নি কেউ, আলো জ্বলছিল রাস্তায়, ল্যাম্পপোস্টে এবং চোখে। বউ কান্নাকাটি করছিল, কেন তার মরণ হয় না, এভাবে অথর্ব হয়ে একজনের সংসারে ভার হয়ে কেন সে বেঁচে আছে...এই সব। আর রাস্তার ওই পাশে গলির মুখে মেয়েটি নূরের জন্য করুণায় ভিজছিল। হ্যাঁ, নূর বিষয়ে কিছু তো সে জেনে থাকবে, একই মহল্লায় আছে ওরা, গলির শেষ মাথায় ওর বাড়ি, এ গলির শুরুতেই নূরের—এসব কথা বাতাসে ঘোরে। তাই বুঝি এই করুণা! দুঃসময়ে ওইটুকুই-বা কজন পায়। নূর পেয়েছে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে নূর বেশ পুরুষ-পুরুষ হয়ে উঠেছিল। ভেবেছিল ইশারায় ডেকে ফেলবে। এই ছোট্ট করিডরের প্রান্তে সিঁড়ি দিয়ে নামার সময় দুজনের দেখা হতেও পারে। দুই মিনিট কথা হতেও পারে। নূর জিজ্ঞেস করতেও পারে, তুমি কি আমাকে... না, ততক্ষণে ঝড় শুরু হয়ে গিয়েছিল। ভয়ানক ঝড়। বজ্রপাতে ঠিক রেস্টুরেন্ট লাগোয়া বৈদ্যুতিক খুঁটিটা ঝলসে গিয়েছিল। মায়া উধাও হয়ে গিয়েছিল। মায়ার কোনো ক্ষতি হয়নি তো? ওর গায়ে বাজের আঁচ লাগেনি তো? শঙ্কিত ছিল নূর। কিন্তু আজ ফের ওকে দেখে নূরের শঙ্কা কেটে গেল।

ডাক্তার বলেছে, বউয়ের অবস্থাটা চিরস্থায়ী। এর থেকে খারাপ কিছু হতে পারে, ভালোর আশা নেই। আচ্ছা ভালো। আগে আধমরা বউয়ের পাশে শুত। রাতের বেলা ভয়ে ভয়ে মুখ গুঁজত বউয়ের গলার কাছটায়। হঠাৎ একেকবার ভিজে যেত মুখ। বলত, ‘কেঁদো না বউ!’ এখন এসব নাটক-ফাটক বউয়ের অসহ্য। কিছুই আর সহ্য করতে পারে না। ঘুমের ট্যাবলেট চায়, ইঁদুর মারার বিষ চায়, যেকোনোমতে মরে যেতে চায়। নূরও মাঝেমধ্যে ভাবে, আর কত!

ঠিক এমন সময় মায়ার সঙ্গে তার দেখাদেখি। চোখাচোখি। এরপর আর সে নেগেটিভ কিছু ভাবতে পারে না। মনে হয় সবকিছু মায়া জেনে ফেলবে। ওকে ঘৃণা করবে। না! সবাই থাকুক। জীবন থাকুক, মৃত্যু থাকুক, আধমরা বউও থাকুক। অফিসের চাকরিটাতেও ঝামেলা। শুনেছে ছাঁটাই চলবে। নূর কাজে বেশ দক্ষ। মনোযোগী। তা–ও মাইক্রোস্কোপ দিয়ে দু–চারটা ভুল বস ধরবেই। যথারীতি শুনিয়ে দেবে আপনাকে দিয়ে আর হবে না।

আজকে তিরিক্ষি মেজাজে অফিস থেকে বেরিয়েছে নূর। বাসায় ফিরেই দ্যাখে বউ মেঝেতে পড়ে আছে। হয়তো কোনোমতে বারান্দা থেকে নিচে লাফ দেবে ঠিক করেছিল। মরা অত সহজ নয়।

নূর তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া তাকিয়ে আছে নূরের দিকে। খানিক বিষণ্ন। নূরকে কিছু একটা বলতে চায়?

হঠাৎ নূর দেখতে পায় মায়াকে সরিয়ে নেওয়া হচ্ছে। হায় হায়! অমন নির্দয়ভাবে টানাহেঁচড়া করছে কেন! নূরের মনটা হু হু করে ওঠে। ঘরের ভেতর বউ গোঙাচ্ছে। মায়াকে ওরা সরিয়ে ফেলে। তার বদলে ইয়া বড় একটা ব্যানার টাঙায়। হাবিজাবি কী সব লেখা। নূর পড়তে পারে না। ওর চোখ ঝাপসা হয়ে এসেছে।