মায়ের কাছে যাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ সংখ্যার গল্পগুলো অলংকরণ করেছেন মাসুক হেলাল
এ সংখ্যার গল্পগুলো অলংকরণ করেছেন মাসুক হেলাল

‘কমান্ডার, ও বাহে কমান্ডার!’—আধখানা চাঁদের আলো পিছলে যাচ্ছে ধলা মিয়ার ছোট করে কাটা চুলে। তার দু-চোখের মণিতে দু-টুকরো চাঁদ ফুটে আছে। কার্তিকের সবুজ ধানখেত পড়ে আছে বিস্তারিত, চরাচরজুড়ে যেন। আলপথ দিয়ে হাঁটতে গিয়ে তারা অনুভব করে ভিজে ঘাসে শিশিরের আদর। ধলা মিয়ার ষোলো বছরের দেহটা ঢেকে রেখেছে একটা মলিন পিরান, চাঁদের আলোয় তার আসল রংটা বলা মুশকিল, তবে তার বোতামের যে ঠিক নাই, তা বুঝতে দিনের আলো দরকার পড়ে না। লুঙ্গিটা হাঁটুর ওপরে তোলা। তাতে চলতে সুবিধা! কোমরে একটা গামছা পেঁচানো।
কমান্ডার মাহবুব হোসেন (২২) পিঠের রাইফেলের বেল্টটা কাঁধে একটু সরিয়ে নেন। তাঁরা তিনজন চলেছেন মড়াঘাটির ভেতর দিয়ে চিকননালার দিকে। ধলা মিয়া ছাড়াও তাঁদের সঙ্গে আছেন আবদুল খালেক। আবদুল খালেক ইপিআরের জওয়ান, তাঁর কাঁধেও রাইফেল, চাঁদের আলোয় রাইফেলের নল চকচক করছে, আবদুল খালেক হাতিয়ারের যত্ন নেন খুব। বোধ হয় নলে নারকেলের তেল মাখান।
এত সুমসাম রাত। এখনো রাতের প্রথম প্রহর কাটেনি, তাতেই পুরো পৃথিবী যেন ঘুমিয়ে পড়েছে। মাঝেমধ্যে শেয়ালের ডাক শোনা যায়—প্রলম্বিত হুক্কাহুয়া ডাক; তারপরেই কুকুরের ঘেউঘেউয়ের পশলা ওঠে। কুকুরের ডাকের উৎসের দিকে তাকালে আবছায়া গ্রামের আভাস দেখা যায়।
ধানখেত থেকে উঁচুতে তারা একটা রাস্তায় ওঠে। মাটির রাস্তা। সেটা থেকে নেমে আবার তারা চলে আলপথ ধরে।
একটা পাকুড়গাছের নিচে এসে দাঁড়ায় তারা। সামনে একটা খাল। খালে সরু জলের ধারা, আর বালি, চাঁদের আলোয় জল আর বালি যার যার মতো করে চিকচিক করছে।
বাম দিকে খাল ধরে এগুবে তারা।
মাইলখানেক হাঁটলে গরুমারা ব্রিজ। সেটা পাহারা দেয় তিনজন রাজাকার। এইটাই খবর তাদের কাছে। আজকে তাদের কাজ রেকি করে দেখা—কতজন আসলেই পাহারা দেয়, তারা কোথায় পজিশন নেয়, তাদের হাতে কী অস্ত্র থাকে।
ধলা মিয়া বলে, বাহে কমান্ডার, এই নালা পার হইলেই কইলাম মোর বাড়ি।
কমান্ডার মাহবুব হোসেন বলেন, তাই নাকি। কোন বাড়িটা?

ওই যে উঁচা একখান গাছ দেখা যায়, জামগাছ, বাজে পোড়া জামগাছ, ওইটার বগলত।

তাইলে তো গরুমারা ব্রিজ তুই ভালো করেই চিনিস।

হ। এই সব জায়গাত মুই কত গরু চরাইছ। গরুক ধরি আইল-চরা দিছ। আইলের দূর্বাঘাস খাইলে গাইয়ের দুধ বেশি হয়।

আর কতক্ষণ হাঁটা লাগিবে? আবদুল খালেক বলেন। তাঁর কপালে একটা উঁচু ঢিবির মতো আছে, চাঁদের আলোয় সেটাও চকচক করে।

ধলা মিয়া বলে, আর বেশি হাঁটা না লাগিবে। আসিয়াই পড়ছোম। ওই দেখেন, হামার বাড়ির টিনের চাল দেখা যায়।

ধলা মিয়ার চোখ চকচক করে।

খালের ধারে বিষকাটালির ঝোপ। তাতে জোনাকির মেলা। খালের পানিতে মাছ নড়ে ওঠে। মাহবুব হোসেন টর্চের আলো ফেলেন। মাছ বুঝি-বা দেখা যায়।

ধলা মিয়া বলে, কমান্ডার, ও বাহে কমান্ডার, মুই একনা যাওঁ বাড়িত, মাওয়ের সাথত একনা দেখা করি আসি!

মাহবুব হোসেন বলেন, তোর মা এই বাড়িতে থাকে!

হয় হয় বাহে। মোর মাও আছে, মোর ছোট বোইন আছে। ধলা মিয়া উৎসাহের সঙ্গে বলে।

তোর ছোটবোনের নাম কী? মাহবুব হোসেন জিজ্ঞেস করেন।

উপালি।

রুপালি?

হয়। উপালি।

তোর মতোই ফরসা তোর বোনটা?

মুই আর কী ফরসা। মোর বোইন একেরে ধরেন এই চান্দের মতোন ধবাধবা ফরসা।

কত বছর বয়স তোর বোনের?

বারো হইবে ধরেন।

তুই আদর করিস বোনকে?

করি মানে ধরেন উয়াকে মুই কত যে বরাই পাড়ি দেই, তেঁতুল পাড়ি দেই।

বোনটাকে দেখতে ইচ্ছা করছে?

হয় হয়। বোইনটাক দেখমো বলি মনটা পোড়াইতেছে। আর মাও আছে। মাও তো মোকে খুব আদর করে। মোকে ধরেন জামবাটিতে গরম দুধ দিবে, তাতে দিবে লাল মুড়কি, সর দিবে তুলি, মুই মার সামনত পিঁড়াতে বসি দুধ খামো, আর যদিল ধরেন দুধভাত খাই, গুড় দিবে, গুড় দিয়া পাত মোর একেরে লাল হয়া যাইবে।

তুই একাই খাস। বোনকে দিস না?

বোনকও দেই। মোর বোন দুধের চাইতে ধরেন কুড়ানি জিনিস বেশি পছন্দ করে। পানিয়াল তার এক নম্বর পছন্দ।

তারা আবার হাঁটে।

কমান্ডার, ও কমান্ডার বাহে, চলেন বাহে, মোর বাড়িত যাই, মাকে একনা দেখি, বোইনটাকে একবার দেখি, কত দিন দেখোম না, ৯৭ দিন হইবে না?

মাহবুব হোসেন বলেন, না না, যে কামত আসছিস সেই কামত মন দে। এলা যাওয়া না যাইবে। রংপুর কারমাইকেল কলেজের ছাত্র মাহবুবও রংপুর অঞ্চলের কথ্যভাষাটা ভালোভাবেই জানেন। তিনি বুঝিয়ে বলেন, এখন যদি আমরা তোর বাড়িতে যাই, তোর মা ঘুম থেকে জাগবে, বোন জাগবে, কুকুর ডাকাডাকি করবে, আশেপাশের তোর চাচা-চাচির বাড়ির লোকজন জেগে যাবে, তারা বুঝতে পারবে মুক্তিরা এসেছে, একান-ওকানে কথা ছড়িয়ে পড়বে। আমরা আজকে যাচ্ছি রেকিতে। কাল বা পরশু আমরা আসব অপারেশনে। তার আগে কথা একান-ওকান হলে আমাদের এই অপারেশনটা আর হবে না রে ধলা। আমরা মুক্তিযোদ্ধা। আমরা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আর মাকে-বোনকে দেখার লোভ সামলাতে পারব না?

আবদুল খালেক বলেন, ধলা মিয়া, তাইলে কাইল হোক পরশু হোক হামরা অপারেশন শ্যাষ করি ফেরার সময় তোর মার বাড়ি যামো। তখন তুই তোর মা আর বোনক দেখিস। আইজকা কাইলকা দুইটা দিন সবুর কর।

বর্ডার থেকে প্রায় ১২ মাইল হেঁটে তারা এসেছে এই গ্রামে। গ্রামটা ধলা মিয়ার নিজের এলাকায় বলে তাকে সঙ্গে আনা হয়েছে গাইড হিসাবে। আর ধলা মিয়া যোদ্ধা হিসাবেও ভালো। গ্রামের রাখাল ছেলে, পরিশ্রম করা অভ্যাস আছে, তার নিশানা খুব ভালো। সাহসেরও তুলনা নাই।

ধলা মিয়া দীর্ঘশ্বাস ফেলে। বলে, ঠিক আছে, তাইলে আইজকা আর না যাওঁ। পরশু দিন লড়াই শ্যাষ করি রাজাকারগুলানক খতম করি তারপর যামো।

হাঁটতে হাঁটতে তারা দূর থেকে দেখতে পায় গরুমারা ব্রিজ।

মাহবুব হোসেন গলায় ঝোলানো বায়োনোকুলার বের করেন। সামনে আখের খেত। তার ভেতরে ঢুকে নিঃশব্দে এগুতে থাকে তারা। তবুও পাতার খসখস আওয়াজ তাদের বুকে এসে বেঁধে। নিজেদের নিশ্বাসের শব্দ শোনা যায়। একটা শেয়াল ঘাড় বাঁকিয়ে অবাক হয়ে তিন মানবসন্তানের সন্তর্পণে এগিয়ে যাওয়া প্রত্যক্ষ করে।

রাজাকার তিনজনই। তিনজনের হাতেই টর্চ আছে। মাঝেমধ্যে তারা টর্চ জ্বালে। আর এদিক-ওদিক টর্চের আলো ফেলে। ঝোপের মধ্যে। ঝাড়ের মধ্যে। পানির মধ্যে।

তিনটার কাঁধেই রাইফেল।

কাজটা কঠিন হবে না। ছয়জনের দলই যথেষ্ট। খালের দুপার থেকেই আক্রমণ করতে হবে। এপাশে তিনজন। ওপাশে তিনজন। রাস্তা ধরে দুজন। দুপাশের নামা থেকে চারজন। মাহবুব হোসেন ছক কষতে থাকেন।

কিছুক্ষণ আখের খেতে ঘাপটি মেরে থেকে রাজাকারগুলোর গতিবিধি দেখে তারা ফিরে আসে।

ধলা মিয়া বলে, পরশু দিন ফির আসিবার দরকার কী। রাইফেলটা দ্যান মোর হাতত, মুই এটে থাকি গুলি করি খতম করি দেই। একটা গুলি করিলে তিনটায় শুতি পড়িবে, তখন কী করিবি।

তাও তো কথা?

না পরশু একেরে রেডি হয়া আসমো। গ্রেনেড আনমো। রাজাকারগুলাক খতম করিয়া এক্সপ্লোসিভ দিয়া ব্রিজটা উড়ি দেমো। তাইলে এই রাস্তা ধরি মিলিটারি জিপ আর না যাইবার পারিবে। বর্ডারত যাওয়া ওমার বন্ধ হয়া যাইবে।

তারা ফিরে আসে। প্রথমে আখখেত ধরে। তারপর খালের পার হয়ে।

আবার তারা চলে আসে ধলা মিয়ার বাড়ির কাছাকাছি। ধলা মিয়া বলে, ও বাহে কমান্ডার, মুই একনা যাও মোর বাড়িত। কাকেও না ডাকিমো। খালি ওই দেখেন বেড়াত মোর মার শাড়ি দেখা যায়, মুই খালি যায়া মায়ের শাড়িটা একবার ধরিমো। উয়ার গন্ধ একনা শুকিমো। আর কিছু না করিমো।

তার এই আকুতিতে মাহবুব হোসেনের হৃদয় গলে যায়। মাহবুবেরই বা কী এমন বয়স। তিনি বলেন, আচ্ছা যা, হামরা এটে কোনা পাকুড়গাছের নিচে বসি থাকি। একনা জিরাই। তুই এক দৌড়ে দিয়া, আর এক দৌড় দিয়া আয়। দেরি করিস না জানি। তাইলে কিন্তু ম্যালা ফাঁপর লাগিবে।

কথা শেষ হওয়ার আগেই ধলা এক লাফে খালের কিনারে। দুই লাফে হাঁটু জলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে সে খাল পেরিয়ে যায়। মাহবুব হোসেন আর আবদুল খালেক তাকিয়ে থাকেন। সে খালের ওপরে ওঠে। তারপর আলপথ বেয়ে ওই যে তার বাড়ির ভিটার দিকে যায়। মাঝেমধ্যে গাছের আড়ালে পড়ে তার ছায়ামূর্তি, কখনো-বা তাকে ফের দেখা যায়।

খানিক পরে দৌড়েই ফিরে আসে ধলা মিয়া। তার হাতে তার মায়ের শাড়ি। সে হাঁপাতে হাঁপাতে বলে, অত সময় নাই, তাই মুই মার শাড়িখান ধরি নিয়া আসছোম। এইটা মুই মোর কাছে থোমো। মুই এইটাকে খ্যাতা বানায়া গায়ত দেমো।

তার চোখে জল, মুখে হাসি। বিজয়ীর হাসি।

চলেন এলা।

আবারও মাইল দশেক হাঁটতে হবে। তারপর বর্ডার। সাবধানে বর্ডার পেরিয়ে তারা চলে যাবে ওপারে। ওই পারে তাদের ট্রেনিং ক্যাম্প প্লাস শেল্টার। একটা প্রাইমারি স্কুলের দুইটা রুম দখল করে নিয়ে তাদের থাকবার জায়গা। তারই মেঝেতে তারা বাইশজন ঘুমায়।

ধলা মিয়া বেগুনি রঙের ছেঁড়া শাড়িটা দিয়ে তার গা মাথা মুড়ে রেখেছে। সকালবেলার রোদ এসে পড়েছে সেই শাড়িতে। মাহবুব হোসেন দেখেন। ঘুমাক ছেলেটা।

মনে হচ্ছে, সে ঘুমুচ্ছে তার মায়ের কোলে।

সে সন্ধ্যাতেই তাদের শিবিরের ওপরে মর্টারের গোলা এসে পড়তে থাকে।

পাকিস্তানি মিলিটারি বর্ডার থেকে মর্টার দিয়ে তাদের প্রশিক্ষণ ক্যাম্পে বোমা মারছে। এদিক থেকে বিএসএফও পাল্টা গোলা ছুড়তে শুরু করে।

মাহবুব হোসেন সবাইকে ক্রলিং করে দ্রুত পেছনের দিকে সরে যেতে নির্দেশ দেন।

সবাই ক্রলিং করছে।

পেছাচ্ছে।

একটু পরে বিএসএফের কমান্ডার জগদীশের কল আসে ওয়্যারলেসে, কাউয়ার্ডের দল পেছাচ্ছ কেন। সামনে এগোও।

সব রাইফেল নিয়ে পুরো টিম ভেতরে যাও। মর্টারের গোলা কখনো কাছে পড়ে না।

ভেতরে গিয়ে ওদের রেঞ্জের ভেতরে এনে রাইফেল দিয়ে অ্যাটাক করো। যাও।

মাহবুব নির্দেশ দেন, চলো, ক্রলিং করে বর্ডারের দিকে চলো।

হাতের কনুই ছিলে যাচ্ছে। হাঁটু ছড়ে যাচ্ছে। পিঠে অস্ত্র। গোলাবারুদ। তারা সামনে এগোয় দ্রুত। খানিক পরে তারা টের পায়, গোলা যাচ্ছে মাথার ওপর দিয়ে। এখন তারা হাঁটতে পারে।

কী যে শব্দ হচ্ছে। মাথার ওপর দিয়ে মাঝেমধ্যেই ছুটে যাচ্ছে গোলা। আগুন জ্বলে উঠছে দূরে দূরে। মাহবুব হোসেনের দল দ্রুত দৌড়াচ্ছে বর্ডারের দিকে।

আবার তিনি অর্ডার দিলেন, শুয়ে পড়ো। আমরা শত্রুর রাইফেলের রেঞ্জে এসে গেছি। আরেকটু এগোব। হাবিলদার কাশেম এলএমজি চালাবে শুরুতে। তারপর আমরা রাইফেল চার্জ করব। একযোগে। চলো।

ঢোলকলমির বন ধরে তারা ক্রলিং করে করে এগোতে থাকে। খুব কাছে, আরও কাছে।

ধলা মিয়ার কাঁধে রাইফেল। তার নিশানা সবচেয়ে ভালো। তারা শত্রুর খুব কাছে এসে গেছে। শত্রুদের কথাবার্তা শোনা যাচ্ছে। মর্টারে গোলা ভরে ভরে তারা চার্জ করছে। জটলা পাকিয়ে। এত কাছ থেকে তাদের কেউ আক্রমণ করে বসতে পারে, এটা তারা ভাবতেও পারবে না। সামনের কলমির গাছগুলো সরিয়ে এলএমজির পজিশন তৈরি করে কাশেম।

সবাই আধা বসা হয়ে একযোগে রাইফেল তাক করে।

মাহবুব আদেশ করেন, ফায়ার।

এই রকম সাফল্য ইদানীংকালে মুক্তিযোদ্ধারা অল্পই দেখিয়েছে। ১২ জন পাকিস্তানি মিলিটারি মারা গেছে। তাদের অস্ত্রগুলো সব বয়ে নিয়ে এসেছে মুক্তিযোদ্ধারা। বিএসএফের কমান্ডার জগদীশ জড়িয়ে ধরলেন কমান্ডার মাহবুবকে। শাবাশ। ইউ ডিড এন এক্সেলেন্ট জব। দিস ইজ হিরোইক অ্যান্ড ব্রেভ। অ্যান্ড দিস উইল রিমেইন এজ এন এক্মাম্পল ইন দি মিলিটারি হিস্ট্রি। মর্টার পোস্টে গিয়ে আক্রমণ করে বসা। ও মাই বয়েজ ও মাই বয়েজ।

তোমাদের তো মাত্র দুজন মারা গেছে, না!

বডি নিয়ে এসেছ!

হ্যাঁ।

কী করবে।

বর্ডারের ওপারে বাংলার মাটিতে কবর দেব।

তাই করা হয়। আবদুস সবুরের দেহ মার্কিন কাপড়ে মোড়ানো হয়েছিল। ধলার দেহে কাফন হয় তার মায়ের বেগুনি শাড়ি।

গুলি লাগার পরে সে বলেছিল, কমান্ডার বাহে, মোকে কিন্তুক মোর মাওয়ের শাড়ি দিয়া কাফন দিবেন। আর মোর ব্যাগের ভিতরে দেখমেন মোর বোনের লাগি মুই ইন্ডিয়ান স্নো-পাউডার কিনি থুছোম। সেগুলা একনা মোর বোনটাকে দিবেন।

পাদটীকা:

দেশ স্বাধীন হওয়ার চল্লিশ বছর পর ৬২ বছরের কমান্ডার মাহবুব হোসেন আবার গিয়েছিলেন সেই বোয়ালমারী বর্ডার এলাকায়। খুঁজে পেয়েছিলেন ধলা মিয়া আর আবদুস সবুরের জোড়া কবর। জোড়া কবর নামেই জায়গাটাকে এলাকাবাসী সংরক্ষণ করেছে।

তিনি বললেন, আমি ধলা মিয়ার বাড়ি যাব। তাঁর মাকে-বোনকে খুঁজে বের করব।

মোটরসাইকেল যাত্রা শুরু করে গরুমারা ব্রিজ ধরে। রাস্তাটা পাকা হয়েছে। ব্রিজ পেরিয়ে ডান পাশের রাস্তায় নেমে তাঁরা যান সেই গ্রামে, যেই গ্রামে বাজে পোড়া জামগাছের নিচে ধলা মিয়ার বাড়ি ছিল।

বাড়িটি আর মাহবুব হোসেন খুঁজে পান না। জামগাছটাই তো নাই। আর এলাকাটা এত বদলে গেছে যে তিনি ধন্দে পড়ে যান।