মিউমিউ কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলঙ্করণ: মাসুক হেলাল
অলঙ্করণ: মাসুক হেলাল

লক্ষ্মী মেয়েটার নাম পারুল। পারুলের যে প্রিয় বন্ধুটাকে সে খুব ভালোবাসে, তার নাম পুশি। বয়স এক সপ্তাহ।
পুশি বিড়ালের মনটা আজ বেশ ভালো। সে এখন নিজে নিজেই হাঁটতে পারছে। বাহ, কী মজা! আম্মুর লেজ ধরে ধরে হাঁটতে ওর আর ভালো লাগছিল না। পারুলের ঘরটা পুশির খুব পছন্দ। দুদিন আগে যখন ভালোমতো আশপাশটা দেখতে শিখল, তখনই আম্মুর সঙ্গে প্রথম এই ঘরে এসেছিল ও। এরপর আর আসা হয়নি। আসবেই বা কেমন করে? আম্মু থাকে সারা দিন ব্যস্ত। পাশের বাসার বিড়াল খালামনিটা খুব দুষ্টু। সুযোগ পেলেই পারুলদের রান্নাঘরে এসে পড়ে। তাই পুশি বিড়ালের আম্মুকেই রান্নাঘরটা পাহারা দিতে হয়।
পারুলের ঘরভর্তি দারুণ সব কার্টুনের পোস্টার আর স্টিকার। দুষ্টু একটা বিড়ালের পাশে পুচকে একটা ইঁদুর, গম্ভীর মুখের একটা মোটাসোটা কুকুর—এমন মজার মজার সব ছবি! গুটিগুটি পায়ে পুরো ঘর ঘুরে সেসব ছবিই দেখছিল পুশি। হঠাৎ কী হলো, পা পিছলে পড়ে গেল সে! পড়েই মিউমিউ করে সে কী কান্না! দৌড়ে আসে পারুল। পেছন পেছন বাসার সবাই এসে হাজির। ‘কী হলো, কী হলো?’
পুশি বিড়ালটা এখন পারুলের কোলে। ইশ্! বেচারার একটা পা মচকে গেছে। পুশির সঙ্গে কান্না করছে পারুলও। মনটা ভীষণ খারাপ! ওর ফেলে রাখা আইসক্রিমেই তো পা পিছলে পড়েছে পুশিটা। চোখ মুছতে মুছতে বলে পারুল, ‘সরি, পুশি।’
তাই বলি, তোমরা কিন্তু আইসক্রিম খাওয়ার সময় ঘর নোংরা কোরো না!