প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কখনো কখনো এমন হয়। ঘটনাচক্রে তালের চারার ব্রহ্মতালুর ওপর নিঃশ্বাস ফেলে উচ্চতার বড়াই করে বুড়ো কচুগাছ।
পোষা ময়নাকে বলতে শুনি, একদিন বাবুইয়ের বাসাগুলো তালপাতায় হাওয়া-বাতাসে দোল খায়। আর দূরের গ্রামগুলো থেকে কচুগড় কস্মিনকালেও নজরে পড়ে না কারও। যদি না সে হয় কোনো বিশেষ প্রাণী।
কখনো কখনো এমন হয়। কেন যেন মনে হয়, অতি প্রিয় মানুষটির মুখের জায়গায় বসানো রয়েছে মনকাঁটা। আর কী সুন্দর দেখ, লেহনপটু সারমেয়গুলো চেয়ারে, শোভা বর্ধন করে; হাতে মূল্যায়নের খাতা।
এসব দেখে শুনে মনে প্রশ্নের উদয় হয়। কোনো কোনো মানুষের করোটির ভেতর সত্যি কি ঢোকানো থাকে টিকটিকির মগজ? আর টিকটিকি কোন মাপকাঠিতে ঠিক করে একজন মানুষ ঘাসের থেকে কতটা খাটো আর তার স্বপ্নের থেকে কতটা বড়?