মিথের জগতে স্বাগতম
মিথ সংখ্যা নৃ \ সম্পাদনা নূরুল আলম আতিক \ ফেব্রুয়ারি ২০০৯ \ ঐতিহ্য, ঢাকা \ প্রচ্ছদ: ধ্রুব এষ \ ৩১২ পৃষ্ঠা \ ৩৫০ টাকামানুষ মিথের রচয়িতা এবং প্রয়োজনে সেই মানুষই মিথকে ভেঙে ফেলে। যেমন শৈশবে আমরা জানতাম, চাঁদের দেশে এক চরকা বুড়ি আছে, সে চাঁদের মধ্যে বসে সারা দিন চরকা বোনে। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেবেলার এই মিথটি ভেঙে গেল একসময়। আমরা জানলাম, মিথের জন্মকথা—পৃথিবীর ঊষালগ্নে সেই শিকার যুগে মানুষ যখন শিকার করত ও শিকারের বৃত্তান্ত নিয়ে গল্প করত, এর মধ্যে রহস্যপূর্ণ এক অতিলৌকিক শক্তিকে ঘিরে প্রথমত গড়ে ওঠে মিথের ধারণা। জন্ম নেয় বিভিন্ন ধরনের টোটেম ও ট্যাবু। মিথ সম্পর্কে মানুষের আকর্ষণের তবু শেষ নেই। বরং আধুনিক কালের মানুষ দিন দিন মিথকে বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত করেছে। মিথ ও মানুষের জন্ম, জীবন-আচরণ, বোধ-বিশ্বাস ও ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে আজ।১৯৯০ সালে এই দেশে নৃ নামে শিল্প-সাহিত্যের একটি কাগজ বের হয়। ১৯৯২ সালে পত্রিকাটি মিথকে বিষয় করে পাঠকের সামনে একটি সংখ্যা হাজির করে। নৃ অর্থ মানুষ। আর এই মানুষকে কেন্দ্র করে মিথের কায়কারবার। ফলে এমন একটি বিষয়ভিত্তিক সংখ্যা প্রকাশের কারণে নূরুল আলম আতিক সম্পাদিত নৃ সে সময় অনেকেরই নজর কেড়েছিল।দিন গড়িয়ে অনেককাল পরে সাহিত্য ও শিল্পসংকলন নৃ এর মিথবিষয়ক ওই সংখ্যাটি গ্রন্থাকারে বের হয়েছে আবার মিথ সংখ্যা নৃ নামে, প্রথমে গ্রন্থের গৌরচণ্ডিকায় ‘মার্জনা’ অংশে আগেভাগেই আতিক জানিয়ে দেন, ‘মিথ’ শব্দটির মানে কী? মিথ কী মিথ্যা, নিছক গালগল্প? পুরাণ, রূপকথা? ...জীবনে মিথের প্রয়োজন আছে কোনো? বিজ্ঞান কী বলে? আর ধর্ম কাহিনি? ইত্যাকার বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার একটি চেষ্টা চলেছে মিথ সংখ্যা নৃর সংকলনটিতে।মিথ সংখ্যা নৃতে উত্তর তালাশপর্বে প্রথমেই পাঠক পেয়ে যাবেন ‘জোসেফ ক্যাম্বেলের মিথচিন্তা’ নামের লেখাটি। খালিকুজ্জামান ইলিয়াসের ভাষ্য ও ভাষান্তরে এই রচনার মধ্যে মিথের প্রাথমিক ধারণা থেকে শুরু করে মিথ গড়ে ওঠার বিবিধ সূত্রমুখ যেমন লভ্য, একইভাবে মিথের সঙ্গে আধুনিক মানুষের সম্পর্কটিও স্পষ্ট হয়। মূলত জোসেফ ক্যাম্বেলের সঙ্গে বিল ময়ার্সের কথোপকথন পরম্পরায় তৈরি হওয়া লেখাটিতে অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াসের একটি নাতিদীর্ঘ ভূমিকা পত্রস্থ হয়েছে। ফলে প্রথমে একজন আনকোরা পাঠকও মিথ সম্পর্কে এক রকম উপরিতলের ধারণা লাভ করতে পারেন লেখাটির মাধ্যমে, পরবর্তী পর্যায়ে যা তাঁকে ক্রমেই মিথ বিষয়ে আগ্রহী করে তোলে।উল্লেখ্য, আলোচ্য সংকলন যা বর্তমানে গ্রন্থের আকার পেয়েছে, তার বেশ কয়েকটি রচনাই ভাষান্তরিত। যেমন নূরুল আলম আতিকের অনুবাদে রবার্ট গ্রেভসের রচনা ‘অয়দিপৌস’ কিংবা শাহাদুজ্জামানের অনুবাদে কার্ল গুস্তাভ ইয়ংয়ের ‘যৌথ অবচেতনা’ শিরোনামাঙ্কিত লেখাটি। এসব রচনার মধ্য দিয়ে মিথের ওপর নানা দিক থেকে আলো ফেলার প্রচেষ্টা আছে। গ্রন্থটির বিভিন্ন লেখায় একদিকে যেমন মিথের গড়ন-গঠন ও নানা মাত্রিক প্রত্যয়-প্রসঙ্গের সঙ্গে এর যুক্ততার একটি আদল পাওয়া যায়, অন্যদিকে ‘ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যে মিথ’, ‘মিথের জাত বিচার ও মিসরীয় মিথ প্রসঙ্গ’ কিংবা ‘বোরাক: এক স্বর্গীয় বাহন’ প্রভৃতি লেখাগুলোয় বিভিন্ন অঞ্চলের ভূগোল-বাস্তবতায় মিথের সৃষ্টি এবং বিকাশ সবিস্তারে আলোচিত হয়েছে। সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ‘বোরাক: এক স্বর্গীয় বাহন’ শীর্ষক লেখা থেকে উদ্ধার করি, ‘এ যুগে বহু মুসলিমের বাড়িতে দেয়াল ক্যালেন্ডারে বোরাকের ছবি টাঙানো দেখা যায়। কিন্তু আদি ইসলামি সমাজে এটা নিষিদ্ধ ছিল। আধুনিক যুগের ভারতে ক্যালেন্ডারে আমরা যেসব বোরাকের ছবি দেখি, তা হলো: সুন্দরী নারীর মুখমণ্ডল, এলানো চুল, মাথায় মুকুট নিয়ে একটি ঘোড়া, যার পিঠে দুটি ডানা আছে। অর্থাৎ, পঙ্খিরাজ অশ্ব, যার মুখ সুন্দরী স্ত্রীলোকের...।’ এভাবে ধর্মীয় বিবেচনাকে সমুন্নত রেখেই এখানে ইসলামি মিথ বোরাক সম্পর্কে আলোচনা করেছেন লেখক। ধর্ম কীভাবে মিথের মধ্য দিয়ে বাহিত হচ্ছে দেশে দেশে—বর্ণিত রচনায় এর একটি নমুনা পাওয়া গেলেও যেতে পারে।গ্রন্থভুক্ত ‘পটচিত্রে মিথ, প্রসঙ্গ: বেহুলা’ এবং ঋত্বিক ঘটক বিরচিত ‘মানব সমাজ, আমাদের ঐতিহ্য ও আমার ছবি করা’ লেখা দুটির প্রথমটিতে আমাদের প্রাচীন শিল্পকলা তথা চিত্রকলায় মিথ কীভাবে আকররূপে প্রস্ফুটিত হয়েছে এবং ঋত্বিকের চলচ্চিত্রের সঙ্গে মানুষ, মিথ এবং তার বিন্যাস সম্পর্কে আলোচনা আছে। দুটি লেখাই অনুসন্ধিৎসু পাঠককে সমৃদ্ধ করতে পারে।নূরুল আলম আতিক সম্পাদিত মিথ সংখ্যা নৃ শিরোনামযুক্ত বইটি মূলত মিথকে নানাভাবে বোঝাপড়া করার একটি প্রচেষ্টা। ধর্ম, সমাজ, মনোচেতনা, সাহিত্য, চিত্রকলা, চলচ্চিত্র প্রভৃতি পরিপার্শ্ব এবং বিবেচনা থেকে এখানে মিথের ঠিকুজি খোঁজার সঙ্গে সঙ্গে জুতসই উত্তর অন্বেষণেরও চেষ্টা পরিলক্ষিত হয়। সম্পাদকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ‘মার্জনা’ অংশে আতিক যে প্রশ্নগুলো তুলেছেন, সে সবের অনেক কিছুই খোলসা হতে পারে বইটি নিবিড় পাঠের মাধ্যমে। বিপুল-বিচিত্র মিথের জগতে বইটি তাই পাঠককে যেন স্বাগতম জানাচ্ছে।