মিলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোমাকে চেয়েছি, ভুল নেই;
বাসনা মহার্ঘ হতে পারে
বা চুম্বন, পুষ্পের নওরোজ;
এই এত সব জানা হলে,
জল-পাথরের কোনো এক
মিথুন-মন্দিরে, আদ্যিকাল
থেকে কখন যে হয়ে যাই
যুগল যুগলে দুটি মূর্তি
উদ্বাহু আসনে, দেহ বেয়ে
বহু বর্ষাবাদলের শেওলা
জমে জমে বিপুল দুঃসহ
কামগন্ধ, শরীর আউলানো;
ততক্ষণে দ্বাদশীর চাঁদ
মরাজ্যোৎস্না শ্মশানের মাটি
ছেড়ে পৌঁছে গেছে নদীস্রোতে,
ধরণিতে উপগত ওই
আকাশ, অসীম, নির্বাসনে!