মিলান কুন্ডেরা, নাকি উমবের্তো একো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোলাজ: মনিরুল ইসলাম
কোলাজ: মনিরুল ইসলাম

আবার নোবেলের মৌসুম এসেছে এবং আবার পত্রিকার অনুরোধে বছরের সবচেয়ে ‘অর্থহীন’ লেখাটি লিখতে বসেছি আমি। মজার ব্যাপার হলো, এ লেখা শুধু আমিই লিখছি না, নানা দেশের বিভিন্ন পত্রিকায় আমার মতো অনেকে এ ধরনের লেখা লিখে চলেছেন মধ্য সেপ্টেম্বর থেকে; লিখবেন মোটামুটি ১০ অক্টোবর অবধি। তারপরই বাজবে চূড়ান্ত ঘণ্টা—সুইডিশ অ্যাকাডেমির নোবেল কমিটির স্থায়ী সচিব পিটার ইংলান্ড সাহেব বিশ্ববাসীর উদ্দেশে জানাবেন: ‘২০১৪ সালের সাহিত্যে নোবেল বিজয়ী হচ্ছেন...।’ 
কার নাম শুনব আমরা এবার? এ অমোঘ প্রশ্ন নিয়েই জল্পনা-কল্পনানির্ভর লেখা এটি। নোবেলের মৌসুমে এ-জাতীয় লেখা ছাপাতেই হয়, কারণ পাঠক পছন্দ করেন নোবেল পুরস্কার নিয়ে ভবিষ্যদ্বাণীমূলক এই আজগুবি ধরনের লেখাগুলো। সময়ের সঙ্গে সঙ্গে আমি নিজেও অবশ্য এ ধরনের লেখা নিয়ে নাক সিঁটকানো থেকে সরে এসেছি ইদানীং। একটা জিনিস বুঝেছি, মহৎ লেখকদের কে নোবেল পেলেন বা পেলেন না, তা নিয়ে মাথা ঘামানো অনর্থক হতে পারে; কিন্তু এ-জাতীয় লেখায় অনেক নতুন ভালো লেখকের নাম পাওয়া যায়। এ ব্যাপারটি ফেলনা নয় মোটেও।
তো, সরাসরি চলে আসা যাক ২০১৪-এর নোবেলজয়ীর নাম অনুমানে। প্রথমেই জানা যাক, কী বলছে সুইডিশ অ্যাকাডেমি। তারা বলছে ২০১৪-এর জন্য মোট ২১০টি বৈধ মনোনয়ন পেয়েছে তারা, যার মধ্যে ৩৬ জন সাহিত্যিক প্রথমবারের মতো পেলেন এই মনোনয়ন। এটুকুই। এরপরই অ্যাকাডেমির তরফ থেকে নিঃসীম নীরবতা। এ বছরের ফেব্রুয়ারিতে প্রণীত ২১০ জনের এই প্রাথমিক তালিকা এপ্রিল মাসেই নেমে এল ১৫-২০ জনে; তারপর মে মাসে হলো পাঁচ চূড়ান্ত প্রতিযোগীর তালিকা। এরপর জুন থেকে আগস্ট নোবেল কমিটির (১৮ সদস্যের সুইডিশ অ্যাকাডেমির পাঁচজন নিয়ে প্রতি তিন বছরের জন্য গঠিত ওয়ার্কিং কমিটি) সদস্যরা শেষবারের মতো পড়লেন এই পাঁচ লেখকের বই। এখন সেপ্টেম্বরে এসে তাঁদের মধ্যে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক। অক্টোবরের ১৫ তারিখের মধ্যে নাম ঘোষণা হবে নোবেলজয়ী লেখকের। মোটামুটি এ-ই হলো কার্যপ্রণালি সূচি।
এবার আসল প্রশ্নে আসা যাক: এ বছরের চূড়ান্ত তালিকার ওই পাঁচ লেখক কারা? প্রশ্নের উত্তর জানতে আপনাকে অপেক্ষা করতে হবে টানা ২০৬৫ সাল পর্যন্ত। কোনো নির্দিষ্ট বছরের ৫০ বছর পরেই কেবল আপনি জানতে পারবেন সেই বছরের মনোনীত পাঁচ লেখক কারা ছিলেন। যেমন চলতি বছরে এসে আমরা জানতে পারছি ১৯৬৩ সালের পাঁচ মনোনীত সাহিত্যিকের নাম—ডব্লু এইচ অডেন, পাবলো নেরুদা, স্যামুয়েল বেকেট, ইউকিয়ো মিশিমা ও গিওরগস সেফেরিস। সে বছর শিকে ছিঁড়েছিল সেফেরিসের ভাগ্যে।
যেহেতু ৫০ বছর অপেক্ষা করার ধৈর্য আমাদের নেই, তাই অনুমানের ভিত্তিতে প্রণীত সেরা তালিকাটির জন্য আমাদের যেতে হচ্ছে বেটিং এজেন্সি ‘ল্যাডব্রোকস’-এর কাছে। সম্ভাব্য নোবেল বিজয়ীর নাম নিয়ে মিলিয়ন পাউন্ডের বৈধ জুয়া খেলার জন্য বিখ্যাত এই ল্যাডব্রোকস। কিন্তু ট্যাজেডি হচ্ছে, আজ পর্যন্ত কোনো দিন ল্যাডব্রোকসের গ্রাহকদের জুয়ার দরে এগিয়ে থাকা লেখকদের কেউ নোবেল জেতেননি, কেবল ১৯৮২ সালে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের বছরটিতে ছাড়া।
তারপরও ল্যাডব্রোকসের তালিকা সবাই দেখে। চলুন, আমরাও দেখে নিই (এখানে লেখকের নামের পাশে বন্ধনীর মধ্যে থাকল তাঁর নোবেল জেতার সম্ভাবনার শতকরা হিসাব): হারুকি মুরাকামি (১৬%), ন্গুগি ওয়া থিয়োংগো (১৪%) আসিয়া জেবার (৯%), স্ভেতলানা আলেক্সিয়েভিচ (৯%), জয়েস ক্যারল উটস (৭%), জন ওলাভ ফসে (৭%), অ্যাডোনিস (৬%), মিলান কুন্ডেরা (৬%), ফিলিপ রথ (৬%), পিটার নাদাস (৫%), বেই দাও (৫%), মির্চা কারতারেস্কু (৪%), কো–উন (৪%), টমাস পিনচন (৪%) ও উমবের্তো একো (৩%)। এই হলো ল্যাডব্রোকসের এ বছরের ‘টপ ফিফটিন’। এবার আমরা আমাদের নোবেলবিষয়ক অভিজ্ঞতার আলোকে এ নামগুলোর সামান্য বিশ্লেষণ করব; বলা ভালো, বিশ্লেষণটি হবে ক্ষুরধার ও যথেষ্ট নির্মম।
প্রথমেই আসা যাক ভাষা ও ভূগোল প্রসঙ্গে। গত বছরের বিজয়ী অ্যালিস মানরো যেহেতু ছিলেন একজন কানাডিয়ান, তাই ল্যাডব্রোকস তালিকা থেকে প্রথমেই বাদ দিই আসুন উটস্, পিনচন ও ফিলিপ রথকে। পরপর দুবার কানাডিয়ান/আমেরিকান? মনে হয় না। যদিও এ নিয়মের ব্যতিক্রম একবার হয়েছিল, যখন পরপর দুবছর নোবেল গেল হিস্পানি ভাষার লেখকের কাছে—কামিলো হোসে সেলা (১৯৮৯) ও অক্তাভিও পাস (১৯৯০)।
এবার আসি মহাদেশ বিষয়ে। মাত্র দুবছর আগে ২০১২ সালে নোবেল গিয়েছিল এশিয়ায়—চীনের মো ইয়ানের হাতে। এশিয়াকে আরেকটা নোবেলের জন্য তাই আরেকটু অপেক্ষা করতেই হবে। সে হিসেবে বাদ যাচ্ছে হারুকি মুরাকামি, অ্যাডোনিস, বেই দাও আর কো-উন।
এর পরের বিবেচনা লিঙ্গ। গত বছরের নোবেলজয়ী একজন নারী লেখক (অ্যালিস মানরো)। পরপর দুবছর নারী? এটাও সম্ভবত হবে না। অতএব আসুন বাদ দিই আসিয়া জেবার, স্ভেতলানা আলেক্সিয়েভিচ ও উটস্—এ তিনজনকে।
এরপর আসি ‘অগ্রাধিকার’ সংক্রান্ত বিচারে। এ বিচারে স্বল্প পরিচিতি, বয়স ইত্যাদি মানদণ্ডে বাদ যাবে জন ফসে, স্ভেতলানা ও কারতারেস্কু। জন ফসে নরওয়েজিয়ান নাট্যকার। ২০০৫ সালে শেষ নাট্যকার হিসেবে নোবেলজয়ী ছিলেন হ্যারল্ড পিন্টার। সে হিসেবে ফসে সম্ভাবনা জাগান বটে কিছুটা, কিন্তু ৫৪ বছর বয়সী এই ভদ্রলোকের সেরা লেখাটি যে এখনো লেখা বাকি। আর স্ভেতলানা (আমি তাঁর বইভয়েসেস ফ্রম চেরনোবিল মাত্র কিনলাম ল্যাডব্রোকস তালিকায় তাঁর নামটি দেখে) মূলত প্রাবন্ধিক ও অতি স্বল্প পরিচিত।
বাকি থাকল কারা?
ন্গুগি ওয়া থিয়োংগো, মিলান কুন্ডেরা, পিটার নাদাস ও উমবের্তো একো। তাহলে দাঁড়িয়ে গেল ল্যাডব্রোকস্ টপ ফিফটিন থেকে বিয়োগ-পদ্ধতি অনুসরণ করে আমাদের সম্ভাব্য চার লেখকের নাম।
এখন আসি ল্যাডব্রোকসের বাইরের জগতে—সেটা সাহিত্যবোদ্ধা, সাহিত্যিক ব্লগ ও সাহিত্য পত্রিকার জগৎ। মজার ব্যাপার হলো, এ বছরের সম্ভাব্য বিজয়ী তালিকায় তাদের জগতেও আমাদের উপরোক্ত চারটি নাম রয়েছে বেশ ওপরের দিকেই। মুরাকিমির নামও রয়েছে সেখানে। তবে সাধারণ জনমত দেখে মনে হলো, মুরাকামিকে নোবেল পাওয়ার যোগ্য বলে মনে করেন না বিশ্বসাহিত্যের বোদ্ধা পাঠক-গবেষকরা। তাঁদের ভাষ্যমতে, মুরাকামি ‘জনপ্রিয়’ ঘরানার লেখক, তাঁর সমস্যা ‘গভীরতা’র।
এক্ষণে ল্যাডব্রোকসের বাইরের এ জগতের ‘টপ ফাইভ’ নাম দেখে নেওয়া যাক: লাসলো ক্রাসনাহোরকাই, ইসমাইল কাদারে, আঁতনিউ লোবো-আঁতুনিয়েশ, হাভিয়ের মারিয়াস ও সিস নুটেবুম। এর বাইরেও প্রায় ৩০ বার দেখলাম দুটি নাম—আমোস ওজ (যদিও রাজনৈতিক কারণে ইসরায়েলের কারও এ বছর পুরস্কার পাওয়ার সম্ভাবনা খুবই কম) এবং ক্লদিও মাগ্রিস।
শেষে আসি আমার ব্যক্তিগত বিশ্বাসে। আমার বিশ্বাস, ২০১৪ ইউরোপের বছর। আফ্রিকার ন্গুগি ভালোই আলোচনায় আছেন বটে, কিন্তু নোবেলজয়ীর মানে তিনি আজও পৌঁছাতে পারেননি। তাঁকে নোবেল দেওয়া হবে মো ইয়ান বা ডোরিস লেসিংকে দেওয়ার মতোই ভুল। আমার আরও বিশ্বাস যে এটা উপন্যাসের বছর। আর আসলেই এ কথা সত্যি যে ‘বিগ ফোর’ আমেরিকানকে বাদ দিলে (পিনচন, রথ, করম্যাক ম্যাকার্থি ও আমার ব্যক্তিগত অনেক প্রিয় ডেলিল্লো) নোবেলপ্রাপ্তির সত্যিকারের যে কজন দাবিদার এখন রয়েছেন, তাঁরা সবাই ইউরোপের এবং তাঁরা মূলত ঔপন্যাসিকই। যুক্তি বলছে, এঁদেরই মধ্যে থেকে এবার নোবেল পাবেন কুন্ডেরা, একো বা কাদারে, কিংবা হাভিয়ের মারিয়াস। আর মন বলছে এবারের বিজয়ী হবে দুই হাঙ্গেরিয়ানের একজন—ক্রাসনাহোরকাই বা পিটার নাদাস। ক্রাসনাহোরকাইয়ের শক্তির মাপটা যাঁরা এ মুহূর্তেই বুঝতে চান, তাঁরা উইকিপিডিয়ার Laszlo Krasznahorkai আর্টিকেলের নিচে তাঁর The Last Wolf গল্পের লিংকে ক্লিক করতে পারেন। আমি নিশ্চিত ক্রাসনাহোরকাইয়ের বিষাদময় ও প্রফেটিক বিশ্ববীক্ষা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। লেখাটি শেষ করার আগে বলে রাখছি ইউরোপের বাইরের একজনের নামও—সোমালিয়ার নুরুদ্দিন ফারাহ। এঁর দিকেও চোখ রাখুন এ বছর।
লেখা শেষ করছি ২০১০-এর নোবেলজয়ী মারিও বার্গাস যোসার নোবেল পাওয়ার দুবছর আগের একটা মন্তব্য উদ্ধৃত করে। সানডে টাইমসকে তিনি বলেছিলেন, ‘প্রতিবার এই মনোনয়ন পেয়েছি শুনতে শুনতে আমি ক্লান্ত। এখন বুঝতে পারি, আমার প্রিয় লেখক বোরহেস জীবনের শেষ প্রান্তে এসে কেন বলেছিলেন নোবেল কমিটির ধারণা তাঁরা বোরহেসকে নোবেল পুরস্কার দিয়েই ফেলেছে। বোরহেস পুরস্কার পাচ্ছেন-পাবেন-পাচ্ছেন-পাবেন শুনতে শুনতে ক্লান্তশ্রান্ত হয়ে পড়েছিলেন।...আমি চাই, তাঁরা আমাকে এর চেয়ে বলে দিক মিস্টার যোসা, পুরস্কারটি আপনি পাচ্ছেন না। তা-ও ভালো।’
এখন বুঝুন, প্রতিবছর অক্টোবরের শুরুতে মিলান কুন্ডেরার মনের ওপর দিয়ে তাহলে কী ঝড়টা যায়!