মিলু মুন্সির বঙ্গবিজয়
মিনু মুন্সির একটা লম্বা নাম ছিল—এত লম্বা যে বোধ করি গিনেস বুকে তোলার জন্য তার চাচা নামটা রেখেছিলেন। ‘ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার’ দিয়ে শুরু হয়ে সেটি ‘মিনহাজুদ্দিন মুন্সি’তে এসে শেষ হয়েছিল। মাঝখানে আরও পাঁচ-সাত ঘামঝরানো উচ্চারণের নামশব্দ ছিল। শুনেছি ইতিহাসের বখতিয়ারের হাত দুটি তার শরীরের তুলনায় বেঢপ লম্বা ছিল। আমাদের মুন্সির নামটা ছিল তার জানটা থেকেও লম্বা, দেহ থেকে তো বটেই। ওই দেহটা পঁচিশে পৌঁছেও পাঁচ ফুটের ওপাশে পৌঁছাল কি পৌঁছাল না। কিন্তু তার অনেক আগেই এবং তার ক্ষিপ্ত চাচার দেহরক্ষার এটি একটি কারণ কি না, কে জানে—তার ভাগে জুটল ক্লাসের সংক্ষিপ্ততম নাম, মিনু মুন্সি। মিনহাজটাকেও ছেঁটে ফেলে মিনু করা হলো এবং সে কাজে কাজির ভূমিকা পালন করলেন অঙ্কের দেলোয়ার স্যার। কী কারণে জানি তিনি মুন্সিকে দেখতে পারতেন না, যদিও অঙ্কে সে ছিল দারুণ মেধাবী। একদিন তাকে জিজ্ঞেস করলেন, ‘বল তো মুন্সি, বারো হাত কাকুড়ের তেরো হাত বিচি হলে কী হয়?’ স্যারের প্রশ্ন শুনে মুন্সি ভেবেছিল, বাঁদরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো অঙ্কের কোনো ধাঁধা। সে গুছিয়ে বলল, ‘বিচিটা কাকুড় থেকে এক হাত লম্বা হয় অথবা কাকুড়টা বিচি থেকে এক হাত খাটো হয় স্যার।’ কিন্তু তার অঙ্কিত উত্তরটাতে একটা কিক মেরে তিনি বললেন, ‘কচু হয়, এর মানে হলো, পুঁচকা মুন্সি বখতিয়ার খিলজি হতে চায়।’ স্যারের কথা শুনে সারা ক্লাস হেসে উঠলে মুন্সির মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। তবে মিশে যেতে যেতে তার এও মনে হলো, তাকে অথবা বখতিয়ারকে নিয়ে এ রকম রসিকতার এখতিয়ার স্যারের নেই। পরে এই প্রশ্ন অনেকবার করেছেন দেলোয়ার স্যার, কিন্তু মুন্সির ওই একই উত্তর। স্যারেরও সেই একই পরিহাস, কিন্তু পরের দিকে স্যারের পরিহাসে ক্লাস আর হাসত না, হাসত বরং মুন্সির উত্তর শুনে।অঙ্কে ভালো মিনু মুন্সি হিসাব কষে দেখেছিল, মাথা ঠান্ডা রাখলে জনমত পক্ষে নেওয়া যায়। জন বলতে অবশ্য কুড়ি-বাইশ ফাজিল ছেলে। যার মধ্যে ছিলাম এই অধমও।একদিন দেলোয়ার স্যার শুনলেন, কারা যেন তাকে সালোয়ার স্যার বলে ডাকছে। কী? ঠিক কি শুনছি?—এ রকম ভাবতে ভাবতে তাঁর মনে পড়ল, দিন তিনেক আগে তিনি রজব দর্জির দোকান থেকে মেয়ের মর্জিমাফিক সালোয়ার-কামিজের ডেলিভারি নিতে গিয়েছিলেন। সালোয়ারটা ভালো আর মাপমতো হয়েছে কি না তা পরিমাপ করতে হাতে নিয়ে ঝুলিয়ে দেখছিলেন। মেয়েটার জীবনের প্রথম সালোয়ার-কামিজ, যেটি পরে সে ক্লাস সিক্স শুরু করবে, ফ্রক-প্যান্টকে গুডবাই জানিয়ে চিরতরে। ফাজিল কিছু ছেলে নিশ্চয়ই দেখেছে ব্যাপারটা।ফাজিল ছেলেদের মধ্যে ছিলাম এই অধমও। আমিই মুন্সিকে দেলোয়ার স্যারের সালোয়ার-দর্শনের কথাটা বলেছিলাম। মুন্সিকে নিয়ে স্যারের রসিকতাটা আমার কাছে চরম উন্নাসিকতা মনে হতো, যদিও স্যারের নাকটা নিচুই ছিল।এরপর স্যারের বারো-তেরো হাতের গেরো থেকে মুন্সি মুক্তি পেল। কিন্তু খোঁচা দেওয়াটা স্যার ঘুচালেন না। যেমন একদিন বললেন, ‘আচ্ছা মুন্সি, বঙ্গবিজয়ের ব্যাপারটা কী, জানো নিশ্চয়?’মুন্সি স্যারের মুখে বখতিয়ারের নাম, নিজের নামের দীর্ঘতা ও শরীরের খর্বতা প্রসঙ্গে এতবার শুনেছে যে না ভেবেই বলে বসল, ‘বখতিয়ারের বাংলাদেশ জয় স্যার।’‘আমি কি বখতিয়ারের নাম বলেছি?’ গম্ভীর মুখে স্যার জানতে চাইলেন।‘বলেছেন স্যার,’ মুন্সি উৎসাহ নিয়ে বলল, ‘এই তিন বছরের ১৫৬ সপ্তাহের যে ১১২১/২ সপ্তাহ ক্লাস হয়েছে তাতে ১৮৭ বার বলেছেন।’‘চুপ ফাজিল ছেলে’, স্যার হুংকার দিলেন। ‘আজ বলেছি?’‘না স্যার’, নাচার মুন্সি বলল।স্যার হো হো হাসলেন। তারপর বাঁকাস্বরে বললেন, ‘বখতিয়ার বাংলা জয় করেছিলেন, কিন্তু আমাদের মুন্সির কপালে বাংলা বিজয় নেই। বাংলায় এবারও ফেইল। এক শতে সাতাশ। হা হা, এফএআইএল ফেইল।’মিনুর চোখ পানিতে ভরে গেল। কোথায় লক্ষণ সেনের সবুজ বাংলা, আর কোথায় তার রচনা-ব্যাকরণের ধূসর বাংলা। বাংলায় সে এই হাফ ইয়ার্লিতেও ফেল করেছে, ইয়ার-দোস্তরা সব পাস করে গেলেও। স্যার তার কাটা ঘায়ে ঝাঁটা মারলেন।‘বখতিয়ার বাংলায় ঢুকেছিলেন হিরোর বেশে’, স্যার তাঁর ঠাট্টার ঠাটটা বজায় রেখে বললেন, ‘আর তুমি বাংলা থেকে পালাও জিরোর বেশে, হা হা।’মিনু মুন্সি মিনমিন গলায় বলল, ‘জিরো নিয়ে হাসবেন না স্যার, জিরো একটা সিরিয়াস নাম্বার, গুরুত্বপূর্ণ।’‘আচ্ছা?’ চোখ লাল করে স্যার জিজ্ঞেস করলেন।‘জি স্যার। আপনার বেতন থেকে একটা জিরো খসে গেলে এর মর্যাদাটা বুঝতেন স্যার।’এরপর স্যারের ডাস্টার তীরবেগে মুন্সির মাথার দিকে ধাবিত হলে কীই বা বলার থাকে। সেই ডাস্টার ক্লাসটার ক্যাপ্টেন ফজলু ক্ষিপ্র হাতে ধরে ফেললে সারা ক্লাস ‘আউট’ বলে চিৎকার দিয়ে উঠল। এবং স্যার সেই আউট শুনে ধরে নিলেন, ছেলেরা তাকে বেরিয়ে যেতে বলছে, যেহেতু ক্রিকেটের ‘ক’ও তিনি জানতেন না। রেগে আগুন হয়ে, চক-রেজিস্টারকে সেই আগুনে পোড়াতে পোড়াতে তিনি আগুন জুড়াতে গেলেন হেডমাস্টার স্যারের অফিসে।সে-ই ছিল স্যারের সঙ্গে আমাদের শেষ ক্লাস।মিনু যে স্যারকে তার বেতন থেকে একটা জিরো খসে পড়ার কথা বলেছিল, তা না বললেও পারত। কেননা, বেতন থেকে একটা কেন, দুটো জিরো ঝরে গেলেও স্যারের ইতরবিশেষ হতো না। বেতন ছিল তাঁর নিছক হাতখরচ, হাতের ময়লা না হলেও। তাঁর মূল উপার্জন ছিল টিউশন, সকাল-সন্ধ্যা-রাত স্যার টিউশনি করতেন, নিজ বাড়িতে বসে।নিজ বাড়িটা শুরুতে ছিল টিন-বাঁশের একটা ঘর। এটি স্যার কিনেছিলেন ভারতে অভিবাসী পাড়াবাসী অবনীবাবুর কাছ থেকে। বাড়িটার নাম ছিল বঙ্গশ্রী। একসময় নিশ্চয় শ্রী ছিল বাড়িটার। কিন্তু অবনীবাবু ছিলেন অকৃতদার। ফলে স্ত্রীহীন বাড়িটা দিনে দিনে শ্রীহীন হয়ে পড়ল। তারপর অবনীবাবু বঙ্গ ছেড়ে ভারতে পাড়ি দিলে বঙ্গশ্রীর মালিকানা চলে আসে দেলোয়ার স্যারের কাছে। স্যারের টিউশনি যত বেড়েছে, বঙ্গশ্রীর ভঙ্গশ্রী ঘুচেছে। নামটি তিনি বদলাননি, অবনীবাবুর প্রতি সম্মানবশত। তবে এর সঙ্গে আরও জমি যোগ করেছেন, দোতলা দালান তুলেছেন টিন-কুটিরের জায়গায়। পুকুরে-ঘাটে-বাগানে একটা ছোটখাটো জমিদারিতেই দাঁড়িয়ে গেছে বাড়িটা একসময়।ক্লাসের সম্মিলিত আউট শুনে স্যার যে গেট আউট হয়ে গিয়েছিলেন, তার পেছনে অবশ্য একটা গূঢ় উদ্দেশ্য ছিল। বিষয়টাতে আবেগ-অভিমান ঢেলে, হেডস্যারের কানে ফেলে ক্লাস থেকে পরিত্রাণ পাওয়াটা ছিল সেই উদ্দেশ্য। ক্লাসের এই সময়টা ক্লেশ না করে, কমনরুমে একটু ঘুমিয়ে নিয়ে দুপুরের বিরতিতে বাড়িতে বসে ঘণ্টা দেড়েক আরেক দল ছাত্র পড়ানো যাবে।তাঁর উদ্দেশ্য সফল হয়েছিল।মুন্সির প্রতি স্যারের রহস্যময় এবং ক্রূরহাস্যময় আচরণের শেষ আঁচড়টা পড়ল তার নাম রেজিস্ট্রেশনের সময়। তিনিই তার নামের জায়গায় লিখলেন, মিনু মুন্সি। জন্মের তারিখটাও পাল্টে ১ জানুয়ারি করলেন। তাতে নাকি হিসাবের সুবিধা।বেচারা মিনু। নাম গেল, জন্মদিন গেল। এক শ থেকে দুটো জিরো খসে পড়ার মতো। এখন সে এক অর্থাৎ একা। একা বসে সে এখন প্রতীক্ষা করবে শত্রু ভয়ংকর ছবির ভিলেন জসিমের মতো, একদিন দেলোয়ার স্যারের সামনে দাঁড়িয়ে বজ্রনির্ঘোষে বলবে, ‘বদলা নিতে আসি নাই, হিসাব নিতে আইছি, হিসাব দেন।’এবং বলতে বলতে একটা নাঙ্গা তলোয়ার দেলোয়ার স্যারের চোখের সামনে সপাং সপাং করে কয়েক পাক ঘোরাবে এবং অবশ্যই একটা তেজি ঘোড়ার পিঠে বসে।ক্লাসে দেলোয়ার স্যার নেই, কিন্তু স্কুলে তো আছেন। মুন্সিকে দেখলে সেই মুচকি, হিসাবি হাসি। বঙ্গপরাজয়ের বিষ সেই হাসিতে, তেরো হাতের গাঢ় কৌতুকের বিষও।কিন্তু বিষ যদি মারে, বিষে তো বিষক্ষয়ও হয়, নাকি? স্যারের হাসি এই দ্বিতীয় বিষয়ের দিকেই নিয়ে গেল মুন্সিকে। সে তার বাবা কুতুবুদ্দিন মুন্সির সামনে দাঁড়িয়ে বলল, ‘বাংলার জন্য টিউশনি দরকার, বাবা।’বড় মুন্সি ছোট মুন্সির কান মলে বললেন, ‘এর চেয়ে পানিতে ডুবে মর।’পানিতে ডুবতেই পাড়ার পুকুরে গিয়েছিল মুন্সি, অতঃপর। যদিও, ভালো সাঁতার জানা মুন্সি ওই ছোট পুকুরে ডুবে মরবে, এটি ভাবা একটু কঠিন হতো। কিন্তু সে রকম ভাবার সুযোগ দিলেন না বাংলার বিমল স্যার। স্নান শেষে পানিতে দাঁড়িয়ে সূর্যপ্রণাম করছিলেন। সাত্ত্বিক ব্রাহ্মণ। আত্মিক সুরে মুন্সিকে জিজ্ঞেস করলেন, ‘কাদছ কেন বাবা?’মুন্সি অনেক দ্বিধা নিয়ে তাঁকে তার কান্নার ইতিহাস জানাল।ফল হলো এই যে সপ্তায় দুদিন বিমল স্যারের বসার ঘরে বইখাতা হাতে মুন্সিকে বসে থাকতে দেখা গেল। বিমল স্যার রবীন্দ্রভক্ত, নজরুলপ্রেমী। আরও বেশি ভক্ত-প্রেমী ঈশ্বরচন্দ্রের। না গুপ্তের, না বিদ্যাসাগরের। কাজেই সহজ পাঠ থেকেই ফের শুরু করলেন স্যার, বিনা পয়সাতেই পড়াতে লাগলেন মুন্সিকে। বাংলায় কে কবে টিউশন করেছে, বলুন। মুন্সি যদি বলতও, স্যার আপনার কাছে টিউশনি করব, তিনি নিশ্চয় পেরেশানিতে পড়তেন, বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে।এসএসসি পরীক্ষাতেই বঙ্গবিজয় করল মুন্সি। নিরঙ্কুশ বিজয়। দুশ নাম্বারে এক শ আটাশ। অথচ বাংলায় গল্প-প্রবন্ধ লিখিয়ে এই অধম, দীর্ঘদিনের বঙ্গবিজয়ী, কিনা পেলাম এক শ চব্বিশ।আর অঙ্কে কে কত পেলাম, সে কথা না হয় নাই তুললাম।অবকা কাণ্ড, কলেজে পা রেখেও বাংলার বিজয় রথ থামল না মুন্সির। বিমল স্যারের সঙ্গে তার গাঁটছড়াও বজায় থাকল। স্যার অপার বাংলা-সম্ভাবনা দেখলেন মুন্সির মধ্যে। রবীন্দ্র-সম্ভাবনাও। ফলে, মুন্সিকে কবিতা লিখতে তিনি অনুপ্রাণিত করলেন। মুন্সির কলম শাণিত হলো কবিতার শান-পাথরে।শান দিয়ে শুধু কলম নয়, কবিতাকেও ধারাল অস্ত্রে পরিণত করল মুন্সি এবং কবিতাস্ত্র হাতে সে শত্রু ভয়ংকর-এর জসিমের মতো নেমে পড়ল বদলা নয়, হিসাব নেওয়ার মিশনে।ব্যাপারটার র্যাপার খুলে একটু দেখানো যাক।দেলোয়ার স্যারের সালোয়ার পরা মেয়েটি, যার নাম সাফিয়া, স্কুলের গণ্ডি পেরুতে না পেরুতে প্রথমে পাড়া-সুন্দরী, পরে টাউন-সুন্দরীর ক্রাউন পরল মাথায়। সে যখন কলেজে যায়, তাকে দেখতে পাড়া ভেঙে পড়ে। পাড়া অর্থাৎ পাড়ার ছেলেরা, অর্থাৎ জনাপাঁচেক ফাজিল ছেলে, যাদের পঙিক্তভুক্ত এই অধমও। টাউন-সুন্দরীর অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই। তার ভ্রুটা এমনিতেই প্লাকটাক করে একটা ছোট্ট সরু কাস্তের শেপে আনা। সেটি ক্ষেপণ যে করবে, কার দিকে? ফাজিলগুলোর দিকে? হ্যাঁ! সুন্দরীরা একটু অহংকারীই হয়, তা অন্যের জন্য যত দহনকারীই হোক। স্যারকন্যা একটু বেশিই ছিল। সবাই দগ্ধ হলো, দগ্ধ ঘা দগদগে হলো, কিন্তু সাফিয়ার কোনো বিকার নেই। সে ক্লাসে যায়, ঘরে ফেরে, কিন্তু তার চৌহদ্দিতে কারও ছায়া পড়তে দেয় না, কায়া ঢুকতে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। মুন্সি সেই কায়াদের একজন। সে তত দিনে অঙ্কে অনার্স শেষ করছে শহরের বনেদি কলেজ থেকে, বাবা যেহেতু তার ঢাকা যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছিলেন। ওই আবেদনে সাড়া না পেয়ে মুন্সির মর্মবেদনে মরে যাওয়ার কথা। কিন্তু কোনো বেদন তো দূরের কথা, একটুকু রোদনও যে এল না, তার কারণ ওই সাফিয়া। তত দিনে সাফিয়া দখল করে নিয়েছে তার হিয়া। দখল মানে দখল, অথচ সাফিয়ার ধারণাতেও আসেনি ব্যাপারটা।কাজেই সাফিয়া চলল তার মতো করে; মিনু মুন্সি অথবা এই অধম, সবাইকে ফুঁ মেরে উড়িয়ে অথবা পা দিয়ে দলে। তা সে চলতেই পারে। কিন্তু একটা গোল বাধিয়ে দিল মুন্সি। বিমল স্যারের প্রশিক্ষণে অর্জিত বঙ্গবিজয়ের কিছু নমুনা সে সাফিয়ার পদমূলে নিবেদন করল।অর্থাৎ সাফিয়াকে নিয়ে লেখা কিছু কবিতা।সাফিয়া প্রথমে গা করল না। সা এবং রে করেই-না গা-তে আসা। তারপর মা। তাতেই না সারেগামা। কিন্তু মুন্সি হাল ছেড়ে দেবে, এ কথা ভাবাটা অন্যায়। প্রয়োজনে সাফিয়াকে ভাসাবে কবিতার বন্যায়। বিমল স্যার তাকে বলেছিলেন, কবিতার শক্তি ভয়ানক। গালিবের কবিতা শুনে পাথর গলে যেত। মুন্সি ভাবল, পাথরের তুলনায় সাফিয়ার গলনাঙ্ক নিশ্চয় অনেক কম। সৌন্দর্যাহংকারী হলেও।সাফিয়ার হাতে একদিন মুন্সির একটি কবিতা উঠে এল। কবিতার শিরোনামটা পড়ে সে সেটি রেখে দিল। আরেক দিন প্রথম পঙিক্তটা পড়ল। বেশ কিছুদিন পর শেষ পঙিক্ত। তারপর তার চোখ স্থির হলো কবির নামের ওপর। বাহ সুন্দর নাম তো। ছোট্ট কিন্তু মায়াময়। মিনু মুন্সি। তোমার মিনু মুন্সি। কবিতার নিচে লেখা নামটা নিয়ে সে একটু ভাবল। নামের অধিকারী মানুষটাকে একদিন দেখল। খুবই হতাশ হলো। একদিকে ঠিকই আছে, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান সবই ঠিক। চুলও বেশ। কিন্তু উচ্চতা? একটা বড়সড় বালকের মতো উঁচু! যাহ্।মুন্সির দ্বিতীয় একটি কবিতা হাতে উঠে এল সাফিয়ার আরেক দিন। সে পড়ল। তারপর মুন্সিকে দেখল। ঠিকই আছে। হাতের জায়গায় হাত, যে হাত দিয়ে সে কবিতা লেখে, চোখের জায়গায় চোখ, যে চোখ দিয়ে... যা হোক। কিন্তু উচ্চতা? যথেষ্ট বলা যাবে না।তারপর আরেকটা কবিতা হাতে নিয়ে শিরোনাম থেকে কবির নাম পর্যন্ত সে পড়ল। পড়ে একটা ছোটখাটো পুলক অনুভব করল। মুন্সিকে আরেকবার দেখল, একটু সময় নিয়ে। সব ঠিকই আছে। শুধু আরেকটু উঁচু হলে ভালো হতো। অল্পখানি।অবাক, ছয় ফুটের মতো উঁচু, ফর্সা সুন্দর এই অধমকে তার চোখেই পড়ল না, পড়ল খর্বাকৃতির এই পুঁচকাটাকে? পৃথিবীতে বিচার বলে কি কিছু নেই?সাফিয়া এরপর প্রচুর পুলক নিয়ে দ্বাদশ কবিতাটি পড়ল, ত্রয়োদশ ও চতুর্দশ কবিতাটিও। চতুর্দশপদী এই কবিতাটি পড়তে গিয়ে তার মনের ভেতর কে যেন কূলছাপানো গান গাইতে লাগল: কোনো ভুল নেই, সব ঠিকই আছে। সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো খুঁত নেই।সাফিয়া ভাবল, কবিতাগুলো যে লিখেছে, সেও এক স্রষ্টা। এবং স্রষ্টার এ রকম দ্রষ্টা না হলে সামান্য এই সাফিয়া এত বার এত রূপলাবণ্যসুধামাধুর্যে এমনভাবে সৃষ্ট হতে কি পারত? প্রতিটা কবিতার প্রতিটা পঙিক্ততে?এরপর যদি মুন্সি দৃষ্ট না হয়, সাফিয়ার দৃষ্টিজুড়ে না বসে যায়, তাহলে মানুষকে কেন সৃষ্টি দিয়েছেন ওপরওয়ালা? সে কি এই ঢ্যাঙ্গা, ফ্যাকাসে রঙা, হাপরে-পেটানো শরীরের, ওড়ানো বাদামি চুলের এক অধমকে দেখতে?বিদায় অধম। এই গল্পে তোমার কোনো প্রয়োজন নেই। এই গল্প শুধু সাফিয়ার। আর সাফিয়ার মিনু মুন্সির।বঙ্গবিজয়ের দ্বিতীয়পর্ব সমাধা হলে মিনু গেল তার এমএসসি সমাধা করতে, ঢাকায়। এদিকে একদিন টিউশনির রণাঙ্গনে ক্লান্ত যোদ্ধার ক্ষণিক বিশ্রামের অবসরে দেলোয়ার স্যার দেখলেন, মেয়ের পড়াশোনার ঘর ঠনঠন। তিনি ভাবলেন, তাহলে এখন বিবাহের উৎকৃষ্ট ক্ষণ। তিনি যুদ্ধের ফাঁকে ফাঁকে সুপাত্রের সন্ধানে নামলেন।এ খবরে উচ্চাভিলাষী হয়ে অধম শত অনুনয়ে মায়ের মন গলিয়ে তাকে পাঠাল দেলোয়ার স্যারের বাড়িতে। স্যার ও স্যারগিন্নি প্রস্তাব শুনে বিগলিত হয়ে মার হাত জড়িয়ে ধরলেন। পারলে তখুনি দিনতারিখ ঠিক করে ফেলেন। কিন্তু সাফিয়া সাফ জানিয়ে দিল, কথা আরেকটু এগোলে সে পাড়ার পুকুরে ঝাঁপ দেবে।সেই পুকুর, যাতে ঝাঁপ দিতে এসেছিল মুন্সি, ইয়াসির কন্ট্রাক্টর এর অর্ধেকটা বুজিয়ে ফেলার পরও! ভাবুন।নাহ্, পুকুরটাকেও বিদায় জানাতে হয়, অধমটাকে চিরবিদায় জানানোর পাশাপাশি।অধমের শোক কাটিয়ে উঠে স্যার আরও দু-তিন জায়গায় হানা দিলেন। মেয়ে মানা করল। স্যার আবারও হানা দিলেন। মেয়েকে হ্যাঁ-না জানানোর সুযোগ না দিয়ে অনেকখানি এগোলেনও। মেয়ে ‘না’ ‘না’ করতেই থাকল, নিজের মনে! স্যার পেছালেনও। এই টম-জেরি খেলা শেষ হতে হতে মুন্সি ফিরে এল। এমএসসিতে ফার্স্ট ক্লাসের একটা সনদ হাতে নিয়ে। বনেদি কলেজ সনদি মুন্সিকে লুফে নিল।সনদের সঙ্গে মুন্সি এনেছে অনেক কবিতা। সেগুলো পড়ে পুলকানন্দে সাফিয়া ভেসে গেল। সে বাবার সামনে মাফিয়া ডনের মতো দাঁড়িয়ে বলল, ‘বাবা, আমি বিয়ে করব। আয়োজন করো।’স্যার একটা লাফ দিয়ে উঠলেন, ‘অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সত্যি? মা, সত্যি?’‘হ্যাঁ বাবা।’ সাফিয়ার শীতল উত্তর।‘অধমকে তাহলে ডাকি? অধমের মাকে একটু বলে আসি?’‘বাবা’, শীতলতর গলায় সাফিয়া বলল, ‘মিনু মুন্সি।’ স্যারের পা টলে গেল। তিনি পড়ে গেলেন, নাভিশ্বাস্য, নাভিশ্বাস্য।বাবাকে একদিন আনন্দিত গলায় বলল সাফিয়া, ‘ওর কোন জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে বাবা, জানো?’‘নিশ্চয় ওর উচ্চতা’, গলায় বিষ ঢেলে বললেন স্যার।‘না বাবা, ওর নাম। মিনু মুন্সি! আহ্। নামটাতে যে কী মধু আছে। এই নাম তাকে যে দিয়েছে, তাকে শত সালাম।’বেচারা দেলোয়ার স্যার।সাফিয়া-মিনু মুন্সির বিয়ে দেখার জন্য আমি বসে ছিলাম না, ঢাকায় পালিয়ে বাঁচলাম। গল্পকার অবশ্য এই অধমকে ইতিমধ্যে চিরবিদায় জানিয়েছেন। তাহলে গল্পটা তিনিই বলুন। তবে, আমিও জসিমের মতো বসে থাকব, বদলা নয়, হিসাব নিতে এসেছে বলার জন্য।একদিন!এরই মধ্যে পরিবেশ-আন্দোলন করে আধা ভরাট পুকুরটা পুনঃখনন করিয়েছে। এখন জলটলমল পুকুর। গভীর।দেখি, কখন কাজে লাগে।দেলোয়ার সাহেব শুধু অঙ্কবিদ নন, হিসাববিজ্ঞানীও। হিসাবে তাঁর প্রথম ভুল সাফিয়াকে নিয়ে। কিন্তু দ্বিতীয় ভুলটার জন্য তাঁকে দায়ী করা যায় না। সে হিসাবটা বয়সের। যত তাঁর বয়স বাড়ছে, তত তিনি টিউশনি হারাচ্ছেন।অথচ মিনু মুন্সিকে দেখেন। কলেজের নামজাদা শিক্ষক, যদিও দেলোয়ার সাহেবের কাছে হারামজাদা। তার বাড়ির সামনে ছাত্রছাত্রীর লম্বা লাইন।মুন্সির বৃহস্পতি তুঙ্গে। অথচ দেলোয়ার সাহেবের টিউশনিতে শনির দশা।একদিন সাফিয়া এসে তাঁকে বলল, ‘বাবা একটা কথা বলি। মিনুর এত টিউশনি, অথচ আমাদের স্পেয়ার করার মতো একখানা ঘর। তাতে কি কুলায়? তোমার তো বাবা তিনখানা ঘর। অথচ তোমার যা অবস্থা, আধখানা হলেই চলে। দাও না বাবা, বাকি দুটো, মিনুকে দাও।’‘ওভার মাই ডেড বডি’, চিৎকার করে বললেন দেলোয়ার সাহেব। বলেই অবশ্য জিভ কাটলেন। ছিঃ নিজেকে ডেড ভাবছেন কেন? ব্যাড, ভেরি ব্যাড।‘ডেড বডির কথা কেন তুলছ বাবা?’ অনুভূতিহীন গলায় বলল সাফিয়া, ‘তুমি বরং টিউশনি বাদ দাও। এখন টিউশনি তোমার লিভিং বডিকে ডেড বডি করে ফেলছে।’ক্রুদ্ধ, বিক্ষিপ্ত দেলোয়ার সাহেব ভাষা হারিয়ে ফেললেন। কী বলবেন?‘তাহলে কাল থেকেই মিনু এখানে ছাত্র পড়াবে, বাবা। ওই বড় ঘরটাতে। কেমন?’ বাবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুযোগ্য কন্যা নিষ্ক্রান্ত হলো। মুন্সিদের বাসাটা কাছেই, চারটা বাড়ি পর, যদি জানতে চান।দেলোয়ার সাহেব উঠে দাঁড়ালেন। পায়ে চটি গলিয়ে নামলেন। মেয়ের পিছু পিছু গেট পর্যন্ত গেলেন। গেটে সাদা পাথরে বাড়ির নাম লেখা, বঙ্গশ্রী। তিনি চিৎকার করে মেয়েকে বললেন, ‘শেষ পর্যন্ত পুঁচকা পাষণ্ডটা আমার এই বঙ্গশ্রী বিজয় করবে সাফু?’ আরও জোরে চিৎকার করে তিনি বললেন, ‘সাফু বঙ্গবিজয়ের মানেটা কী, জানিস?’সাফিয়া ততক্ষণে তাঁর চিৎকারের দূরত্বের বাইরে। কিন্তু দেলোয়ার সাহেবের চিৎকারে স্ত্রী আম্বিয়া খাতুন নেমে এসেছেন। ‘কী হলো? মেয়েটাকে এভাবে চিৎকার করে কী বলছ?’ তিনি জানতে চাইলেন।স্ত্রীর দিকে আগুনজ্বলা চোখে তাকিয়ে থেকে তিনি বললেন, ‘পেছনের দরজাটা খোলা রেখো সাফুর মা, খিড়কির দুয়ারটা। ওই পুঁচকা বখতিয়ারটা, ওই বামুন পাষণ্ডটা বঙ্গবিজয়ে আসছে। এখন ওই পথে আমাদের পালাতে হবে।’