মুক্ত কারাগার
সবাই-ই খুনি। খুনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। সংখ্যা নেহাত কম নয়; ৯৬ জন। সবাই কারাভোগ করছেন। থাকছেন একটি কারাগারে। কিন্তু ব্যতিক্রমধর্মী সেই কারাগার। চারদেয়ালের মধ্যে আটকে নেই এই কারাগার। বলা হয় ‘মুক্ত কারাগার’। বন্দীরাও এখানে মুক্ত। অনেকটাই মুক্তজীবন পালন করছেন তাঁরা। শুধু রাতটুকু তাঁদের বন্দীজীবন। ভোর হলেই মুক্ত। সন্ধ্যার আগেই তাঁরা ফিরে আসেন কারাগারে। বাইরে কাজও করছেন যে যার মতো। কেউ রিকশা চালান, কেউ ভ্যান চালান, কেউ দিনমজুরি করেন আবার কেউ যন্ত্রচালিত ভ্যানও চালান। ২০ জন বন্দী এই কারাগারেই থাকছেন পরিবার-পরিজন নিয়ে। তাঁদের জন্য কারাগারের মধ্যেই তৈরি করে দেওয়া হয়েছে আলাদা পাকা ঘর; এতে আছে শোবার ঘর, রান্নাঘর ও বাথরুম। দিব্যি ঘর-সংসার করছেন এই ২০ বন্দী। সঙ্গে আছেন স্ত্রী, পুত্র-কন্যা ও অন্যান্য পরিজন। ভিন্ন ধরনের মুক্ত এই কারাগারের অবস্থান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীপাড়ের লালগোলায়। এই পদ্মার অপর পারেই বাংলাদেশের নবাবগঞ্জ। ভারতে এখন জেলখানা বা কারাগার কথাটি প্রায় উঠে গেছে। কারাগারকে বলা হচ্ছে সংশোধনাগার। পশ্চিমবঙ্গের লালগোলার রাজবাড়িতে এই মুক্ত কারাগার গড়া হয়েছে ১৯৮৭ সালে। মূলত বন্দীদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা এবং সংশোধনের জন্যই মুক্ত কারাগারের চিন্তাভাবনা।মুর্শিদাবাদ জেলার লালগোলা মূলত মুসলিম অধ্যুষিত অঞ্চল। এখানকার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই মুসলিম সম্প্রদায়।১৯৬০ সালে রাজবাড়িসহ ৬০ দশমিক ৬৯ একর জমি পশ্চিমবঙ্গ সরকারকে দান করে লালগোলার রাজপরিবার। এই সম্পত্তি ছিল রাজা মহেশ নারায়ণ রায়ের। ১৯৮৭ সালের ৩১ জুলাই মুক্ত কারাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী। এই কারাগারের পাশেই রয়েছে বিরাট মন্দির। এখানে নিয়মিত আসেন মুক্ত কারাগারের আবাসিক বন্দীরা। প্রার্থনা করেন। পাশেই তিনটি বড় পুকুর। ফসলের খেত ও ফুলের বাগান। শোনা যায়, এই মন্দিরে এসেছিলেন প্রখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে থাকাকালে নাকি তিনি তাঁর বিখ্যাত উপন্যাস আনন্দমঠ লেখার অনুপ্রেরণা পান। তাই এখনো মন্দিরের দেয়ালে আঁকা রয়েছে বঙ্কিমচন্দ্রের ছবি।এখানকার ৯৬ জন বন্দীর সবাই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। এর মধ্যে সংখ্যালঘু মুসলমান রয়েছেন ৩৮ জন। এই ৯৬ জন বন্দীর মধ্যে ২০ জন থাকেন পৃথক কুটির বা আবাসগৃহে। অন্যরা থাকেন রাজবাড়ির বিভিন্ন কক্ষে। বন্দীদের কেউ এসেছেন কলকাতা, জলপাইগুড়ি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুরা, মালদহ, উত্তর ২৪ পরগনা ও নদীয়া থেকে। কুটিরে পরিবার নিয়ে থাকা ২০ জন বন্দী বাদে ৭৬ বন্দীই দুই বেলা খাবার পান কারাগার থেকে। আর ২০ জন বন্দীকে খাবার জোগাড় করতে হয় নিজস্ব উপায়ে। বন্দীদের একজন অরবিন্দ প্রধান, বাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে। ১৯৯৭ সালের একটি খুনের মামলার আসামি তিনি। বললেন, ভালোই আছেন এখানে। বছরে একবার প্যারোলে ১৫ দিনের জন্য বাড়িতে যাওয়ার জন্য ছুটি পান। তখন বাড়ি যান। এ ছাড়া নিয়মিত আত্মীয়স্বজন আসেন দেখা করতে। কলকাতার কাশীপুরের অজয় কুমার দে। বয়স এখন ৬০। বাড়ির ভাড়াটেকে খুনের আসামি।আকবর আলী শাহজি। বয়স ৫০। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাটে। পারিবারিক ঝগড়ায় খুনের মামলার আসামি হয়ে ঠাঁই হয়েছে এই কারাগারে। দুর্গাপূজার সময় ক্লাবে ক্লাবে গণ্ডগোলের সময় খুনের মামলার আরেক আসামি বোলপুরের নবকুমার হাজরা। মোকাররম শিকারি (৪৫), তিনি রাজনৈতিক হত্যা মামলার আসামি। বীরভূমের বালিড়া গ্রামের দলাদলিতে খুনের মামলার আসামি হয়ে এই কারাগারে এসেছেন সুরুজ শেখ (৪৬)। এঁরা সবাই একবাক্যে বললেন, ‘আমাদের কখনো মনে হয় না আমরা বন্দী। সারা দিন কাজ করি। রাতে কেবল ফিরি এখানে।’কথা হয়েছে আরেক আসামি লক্ষ্মীরাম মোদির সঙ্গে। থাকেন তাঁর পরিবার-পরিজন নিয়ে কারাগারের কুটিরে। এখানে তিনি তৈরি করছেন চামড়ার নানা ব্যাগ। নদীয়ার রামকৃষ্ণ মণ্ডল এখন ভ্যান চালান। তিনিও রাজনৈতিক হত্যার শিকার। সিপিএম করতেন। খুন হন কংগ্রেসের কর্মী। কাজ করে অনেকে বাড়িতেও টাকা পাঠাচ্ছেন।জেল অধীক্ষক জানান, এই কারাগারে ২০ থেকে ২১ জন কয়েদি আছেন, যাঁরা কারাগারের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। বন্দীদের মধ্যে কেউ কেউ কাজ করছেন ইটভাটায়, কেউ জনমজুরের, কেউ চালান সাইকেল, রিকশাভ্যান, ইঞ্জিনচালিত ভ্যান, কেউ রাজমিস্ত্রি, কেউ ঘরামি আবার কেউ বিড়িও বাঁধেন। একজনের অছে ইলেকট্রিক্যাল দোকান, একজন লন্ড্রির মালিক, একজন চালান বই-খাতার দোকান, তিনজন চায়ের দোকান, একজন সবজির দোকান এবং একজনের আছে সেলুন। কারাগারের বাইরে এসব দোকান তৈরি করে দিয়েছে কর্তৃপক্ষ। ভালোই আয় হচ্ছে এখানকার বন্দীদের। কাজেই বন্দী হলেও এজীবন ঠিক যেন আর বন্দীজীবন নেই।