প্রচলিত অর্থে ‘স্মারকগ্রন্থ’ বলতে যা বোঝানো হয়, ফয়সল আরেফিন দীপন: স্মরণগ্রন্থ তার অন্তর্গত নয়। মাত্র ৪৩ বছর বয়সী এক দুরন্ত প্রাণের ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুপথে যাত্রার রক্তাক্ত ইতিবৃত্ত এই সংকলনের পাতায় পাতায় ধরে রেখেছে শোক, বেদনা আর হৃদয়গুমরানো হাহাকার। জ্ঞান আর প্রজ্ঞার দীপশিখা জ্বালাতে নির্ভীক যে মানুষটি বই প্রকাশের দুর্নিবার আগ্রহে মেধা, আয়ু, শ্রম আর মননকে নিয়োজিত করেছিলেন, নৃশংস পরিণতিতে তিনিই প্রাণ হারালেন উগ্রপন্থী সাম্প্রদায়িক ধর্মীয় জঙ্গিগোষ্ঠীর অপতৎপরতায়। বাংলাদেশের সাম্প্রতিক হালহকিকতের সঙ্গে অঙ্গাঙ্গি যোগ থাকায় আলোচ্য এ সংকলন স্বভাবতই হয়ে উঠেছে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের প্রাসঙ্গিক প্রামাণ্য দলিলও। ‘দীপন স্মৃতি সংসদ’ তাঁর অকালপ্রয়াণের এক বছর পূর্তি উপলক্ষে ‘জাগৃতি প্রকাশনী’ থেকে এ দেশের সচেতন পাঠকসমাজের কাছে এটি পৌঁছে দিয়েছে। সংঘটনগত মাত্রা, প্রকৃতি ও তাৎপর্যগত বিন্যাসে দীপন হত্যাকাণ্ড এ দেশে নিত্যদিন ঘাটে-মাঠে-রাজপথে ঘটে চলা অন্যান্য হত্যাকাণ্ডের চেয়ে নিঃসন্দেহে ভিন্ন ঘটনা। এই কিছুদিন আগে লেখক, ব্লগার ও প্রকাশক হত্যার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, ২০০৪ সালে প্রথাবিরোধী ও মুক্তমনা লেখক হুমায়ুন আজাদকে আক্রমণের মধ্য দিয়ে তার সূত্রপাত। আর দীপন হত্যার মধ্য দিয়ে এটি পেয়েছে স্পষ্ট অবয়ব, যাতে বিশেষভাবেই ফুটে উঠেছে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতিক্রিয়াশীল ও অগণতান্ত্রিক চারিত্র্য।
বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ সংকলনের শুরুতেই রয়েছে গোলাম মোর্তোজা লিখিত দেড় পৃষ্ঠার ‘প্রসঙ্গ-কথা’। দীপনের ব্যক্তিত্ব ও স্বভাবের বিভিন্ন দিকের পাশাপাশি সংকলন প্রকাশের প্রয়োজনীয়তাও এতে সংক্ষেপে বিবৃত হয়েছে। ‘সূচি’ অংশে বিন্যস্ত লেখাগুলোর শুরুতেই রয়েছে গল্পকার অলাত এহসানের শ্রুতিকথন ও গ্রন্থনায় এ দেশের কয়েকজন বরেণ্য ব্যক্তিত্ব—সৈয়দ শামসুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, হাসান আজিজুল হক, নির্মলেন্দু গুণ, কামাল লোহানী প্রমুখের ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’। তবে এ সংকলনের প্রাণ হলো বাংলা ও ইংরেজিতে লিখিত ৯৬টি স্মৃতিচারণামূলক রচনা। এ ক্ষেত্রে আনিসুজ্জামান, সৈয়দ মনজুরুল ইসলাম, মুহম্মদ জাফর ইকবাল, কাবেরী গায়েন, জাকির তালুকদার, মোস্তফা সরয়ার ফারুকী এবং বিশেষভাবে দীপনের সহধর্মিণী রাজিয়া রহমান জলির ‘দীপাঞ্জলি’ পড়লে পাঠকের চেতনায় তিনি মূর্ত হয়ে উঠবেন নিমেষেই। লেখাগুলোর প্রতিপাদ্য তাঁর ব্যক্তিজীবন ও সৃজনশীল মানসের প্রতি আলোকপাত; পাশাপাশি সংঘটিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকার ও প্রশাসনের প্রতি সচেতন সমাজের প্রত্যাশা।
>

ফয়সল আরেফিন দীপন: স্মরণগ্রন্থ
সম্পাদক: গোলাম মোর্তোজা
প্রচ্ছদ: ধ্রুব এষ l প্রকাশনা: জাগৃতি প্রকাশনী, ঢাকা
প্রকাশকাল: ২০১৬ l ৩৮৩ পৃষ্ঠা l দাম: ৮০০ টাকা
তাঁকে নিয়ে স্বীকৃত, মান্য সব পেশার মানুষের স্মৃতিচারণার আগ্রহ নিছক আবেগ নয়। দীপনের বাবা, স্বনামধন্য চিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হকের দুটি সাক্ষাৎকার আছে এখানে। এতে চলমান রাজনীতি, ধর্ম, ধর্মান্ধতা, সাম্প্রতিক পরিস্থিতি এবং এসব বিষয়ে তাঁর ভাবনা পরিস্ফুট। দীপনের জন্ম থেকে মৃত্যু-উত্তরকালের ১৪৪টি আলোকচিত্রের সংযোজন সংকলনটির ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করেছে। এ ছাড়া তাঁর নিজের হাতে লেখা ৭টি চিঠি, ৪টি বইয়ের প্রচ্ছদ ও ৪টি গদ্যরচনা বাড়িয়েছে সংকলনের ওজস্বিতা। সঙ্গে যুক্ত হয়েছে দীপনের মৃত্যুতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি-উদ্যোগে প্রেরিত ৬টি শোকবার্তা, অনলাইনে প্রেরিত ৫টি তাৎক্ষণিক প্রতিক্রিয়া, শোকবই থেকে সংগৃহীত ৫৯টি লেখা, তাঁকে নিবেদিত ১১টি কবিতা, তাঁর মৃত্যু-সম্পর্কিত দেশি-বিদেশি সাংবাদিক ও সংবাদ সংস্থার ইংরেজিতে প্রেরিত ৫টি প্রতিবেদন, এ দেশের জাতীয় বিভিন্ন দৈনিকের প্রতিবেদনযুক্ত ১৭টি আলোকচিত্র, তাঁর হত্যাকাণ্ড সংঘটনস্থলের ও তাঁর বাবার অশ্রুসিক্ত আলোকচিত্র, দীপনকে নিয়ে একটি পত্রিকার প্রচ্ছদের আলোকচিত্র প্রভৃতি।
এই সংকলন সুষ্ঠুভাবে সম্পাদনের স্বাক্ষর রয়েছে এর প্রতি পৃষ্ঠায়। তবে মুদ্রণপ্রমাদের দৃষ্টান্তও এতে লক্ষণীয়, যা এর আগামী সংস্করণে দূর করা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গান বইটির প্রথম ও শেষ পৃষ্ঠায় সংযুক্ত হয়েছে দীপনের অক্লান্ত মনোবল ও মৃত্যুঞ্জয়ী অভিযানের উদ্দীপনা হিসেবে। এ দেশের প্রগতিশীল তরুণ সমাজের যোগ্য প্রতিনিধি ফয়সল আরেফিন দীপনের জীবন ও কর্মের অদ্বৈতসাধনার ধারক হিসেবে এ সংকলন বহুকাল পাঠককে অনুপ্রাণিত করবে।