
স্ফুলিঙ্গের আভা—রেজাউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
১৩৬ পৃষ্ঠা
দাম: ২২০ টাকা
‘আমার ধারণা, বাস্তবতার কাছাকাছি হলে গল্প-কাহিনির আঙ্গিক সাজানো বা টেনে নেওয়ার চেষ্টা করা যায়।... কিন্তু রূঢ় বাস্তবতা যখন নিকৃষ্টতম রূপ নিয়ে সামনে দাঁড়ায়, তখন বোধ করি সৃষ্টিশীলতা তার গতি হারায়। থমকে দাঁড়ায়। ক্রমে ক্রমে তা প্রস্তরীভূত কঠিন শিলাখণ্ডের আকার ধারণ করে।...’
এ রূঢ় বাস্তবতা হলো বাঙালি জাতির গৌরবোজ্জ্বল একাত্তর। এ বাস্তবতার নিকৃষ্টতম রূপের অপর পাশেই ছিল বাঙালি জাতির বীরত্ব, আত্মত্যাগ আর ভালোবাসা। স্ফুলিঙ্গের আভা গল্পগ্রন্থটি কথাসাহিত্যিক রেজাউর রহমানের সেসব সংগৃহীত শিলাখণ্ডের সংমিশ্রণ।
গ্রন্থে স্থান পেয়েছে মোট আটটি গল্প। সবগুলোই মুক্তিযুদ্ধের। কিন্তু শুধুই কি মুক্তিযুদ্ধের? সব গল্পেই লেখক উন্মুক্ত করেছেন মুক্তিযুদ্ধের বিভীষিকা। দেখিয়েছেন মমতা, প্রেম, বেদনা, স্নেহবাৎসল্য। ঈর্ষাও দেখিয়েছেন। গল্পগুলো পাঠের পর যে কেউই বুঝবেন, লেখক আমাদের সামনে যা তুলে ধরেছেন তা শুধু মুক্তিযুদ্ধ নয়, এখানে আছে বাঙালির মানবিকতার ইতিহাসও।
প্রথম গল্প ‘মীরুর ছবি’। পড়তে শুরু করেই চমকে যেতে হয়। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে মীরুর বন্ধু রকিবের জবানিতে বর্ণিত নিখাদ বন্ধুত্বের গল্প। তুমুল প্রেম, হাহাকার ও দীর্ঘশ্বাসের গল্প। রকিবের চোখের সামনেই মীরুকে বেয়নেট চার্জ করে খান সেনারা। চোখের সামনে তুলে নিয়ে যায়। অথচ এ তথ্য সে কোনো দিন মীরুর স্ত্রী গীতিকে দিতে পারেনি। গীতি আশা নিয়ে বসে থাকে, একদিন ফিরে আসবে মীরু। প্রতিবছর মীরুর জন্মদিনে রকিবকে নিমন্ত্রণ জানায় সে। মীরুর ছবি দেখতে দেখতে হাততালি দেয় আর অশ্রু মোছে।
পুনর্বাসন’-এ ফ্রান্স থেকে আসা আগুনরূপসী অ্যানিয়েসের চারপাশে ভিড় করে থাকে পঙ্গু পুনর্বাসনকেন্দ্রে আশ্রয় নেওয়া মুক্তিযোদ্ধা আফজাল, মোয়াজ্জেম, সতীশ, আজমত আলী। প্রেমিকাকে ‘মুক্তিযুদ্ধের নেশা’ বলে তাদের কেউ কেউ চলে গিয়েছিল যুদ্ধে। অ্যানিয়েসকে ঘিরে আবার দানা বাঁধতে থাকে স্বপ্ন।
বিশিষ্ট খেলোয়াড় ইমরান চৌধুরী আর তৌহিদের গল্প ‘দিবালোকে অচিন অমাবস্যা’। মাঝখানে রয়েছে মুক্তিযুদ্ধ, একটি নারী, মহুয়া এবং একটি কালো অধ্যায়। আবার ‘নভোচারীর দুঃস্বপ্নে’ কথক যুদ্ধের ডামাডোলে ঢাকা থেকে পালিয়ে আসে ঢাকায়। যুদ্ধ শেষে আবার ফিরেও যায়। মাঝখানে কাকুতি-মিনতি করা একটি ডুরে শাড়ি, মোটা লুঙ্গি আর লবণ-ভাতের গল্প।
পৈতৃক ভিটার টানে ২২ বছর পর যাদবপুর থেকে সিলেটে ফিরে আসা পূর্ণিমার গল্প ‘সুরমা নদীর জল অনেক গড়িয়েছে’। নিজের ভিটে তার কাছে পরিণত হয় মৃত্যুগুহায়। পুনর্বার তাকে পালিয়ে যেতে হয়।
‘উল্কাপথ’ও ২০ বছর পর দেখা হওয়া মঞ্জুরানী সরকার ও আরফান মল্লিকের গল্প। এখানে ভিন্ন সম্প্রদায়ের দুটি মানুষের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। শেখ মুজিবের ভাষণের দিন মঞ্জুরানীর হাত ধরে আরফান বলেছিল, তাদের মিলনে আর কোনো বাধা নেই। এখন সবাই এক পতাকার নিচে।...আরফান কথা রাখেনি।
অন্যদিকে, জাভেদ আর শকুর নিদাঘ বন্ধুত্বের গল্প ‘রুদ্ধদ্বার’। এ গল্পে বহু বছর পর প্যারিস থেকে দেশে আসা জাভেদের সামনে দরজা বন্ধ করে দেয় শকুর বাবা।
‘বাক্সবন্দী সব’ স্বপ্নার শীতলক্ষ্যায় ঝাঁপিয়ে পড়ার গল্প। কুরবানের উপন্যাস লেখার গল্প। একদিন পুরোনো ট্রাংক ঘাঁটতে গিয়ে কুরবান পায় স্বপ্নার বিয়ের শাড়ি আর যত্ন করে রাখা তার খাতা। বেদনাচ্ছন্ন হয়ে পড়ে সে। একসময় পাগলের মতো বের হয়ে আসে ধানমন্ডির নতুন সংসার থেকে। হাঁটতে থাকে স্মৃতির দিকে।
একেক সময় গল্পগুলো ঠিক গল্প মনে হয় না। মনে হয় জীবন নিংড়ে নিংড়ে ঝরানো স্মৃতি ও বেদনার নির্যাস। প্রতিটি গল্পেই লেখক পরিবেশের এমন নিখুঁত এবং নিখাদ বর্ণনা দিয়েছেন যে গল্প পড়তে পড়তে অজ্ঞাতসারেই আমরা হয়ে উঠি সেই স্বপ্নময় পরিবেশের বাসিন্দা। না, কালি-কলমে এ গল্প লেখা সম্ভব নয়। এ গল্প লিখতে হলে কলমে এক সাগর রক্ত এবং ভালোবাসা থাকতে হয়। স্ফুলিঙ্গের আভা গ্রন্থটি কামানের গোলায় গুঁড়িয়ে দিতে চাওয়া বাঙালির অহমিকা আর অহংকারের গল্প। বইয়ের সবগুলো গল্পই বলে দেয় এর লেখক কতটা সুনিপুণ এবং মমতায় আর্দ্র।