১৯৭১ সালের এপ্রিল মাসে জীবনের ঝুঁকি নিয়ে পদব্রজে যখন কুমিল্লার মধ্য দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছিলাম, প্রতি মুহূর্তে মনে হয়েছিল, মৃত্যুর হাত থেকে আমাদের বুঝি নিস্তার নেই। পাকিস্তানি হানাদার বাহিনী তখন বাঙালি নিধনযজ্ঞে মেতে উঠেছে। গ্রাম পুড়ছে; বিমান থেকে বোমাবর্ষণ করে সেতু উড়িয়ে দিচ্ছে। প্রাণভয়ে ছুটন্ত মানুষকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে অবিরাম গুলিবর্ষণ করছে। মাঠে-ঘাটে পড়ে থাকছে লাশ। নিহত স্বজনদের ফেলে পালাচ্ছে মানুষ। মাঠ, খেত, নদী, খালবিলের ভেতর দিয়ে প্রাণভয়ে সীমান্তের দিকে ছুটে যাচ্ছে অগুনতি মানুষ। প্রতিনিয়ত সীমান্তের কাছাকাছি জেলাগুলোতে এমনই এক দৃশ্য দেখা যেত সে সময়। উৎকণ্ঠা, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে ত্রিপুরার বিলোনিয়া সীমান্ত অতিক্রমের পর আমাদের ১৬ জনের একটি দলের সে কী স্বস্তি! আজ সে কথা ভাবলেই আগরতলায় শরণার্থীজীবনের নয়টি মাসের কত ছবিই না মানসপটে ভেসে ওঠে।আর এই ২ ডিসেম্বর ২০১১ সালে বাংলাদেশের ১২ জন চিত্রশিল্পীর একটি দলের সঙ্গে যখন আগরতলায় পৌঁছালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে উত্তর-পূর্বাঞ্চলের শিল্পীদের সংগঠন কিরাত ও বাংলাদেশের বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস। মহৎ উদ্যোগ নিঃসন্দেহে। ১২ জন বিশিষ্ট শিল্পীর ২৪টি কাজ ছিল এই প্রদর্শনীতে।প্রতিটি কাজেই চিত্রীদের শিল্পবৈশিষ্ট্য ও চিত্ররীতি উজ্জ্বল হয়ে উঠেছিল। কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, তাহেরা খানম ও সমরজিৎ রায়চৌধুরীর মতো সিনিয়র শিল্পীদের সঙ্গে শামসুল ইসলাম আজাদ, ফিরোজ মাহমুদ, সুলেখা চৌধুরীর মতো জুনিয়র শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এই প্রদর্শনীতে। সব মিলিয়ে প্রতিনিধিত্বশীল এই ছবিগুলো বিষয়গুণে কতভাবেই যে বৈচিত্র্যসন্ধানী এবং চিত্রকলার সাম্প্রতিক প্রবণতার চিহ্নসঞ্চারী হয়ে উঠছে, সে কথা প্রদর্শনীগৃহে গিয়ে মনে হলো। শিল্পী হাশেম খান ছাড়া সব শিল্পীই এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। কাইয়ুম চৌধুরী সম্প্রতি বাংলাদেশের লোকমোটিফ ও কাঁথার যে ঐতিহ্যিক শিল্পসুষমা নিয়ে কাজ করছেন, তা প্রতিফলিত হয়ে থাকে তাঁর সৃষ্টিতে। লোকমোটিফের শিল্পিত রূপ ও প্রকরণকে তিনি আধুনিকভাবে বিম্বিত করে যে শিল্পনৈপুণ্যের পরিচয় দিয়ে যাচ্ছেন, তা হূদয়গ্রাহী হয়ে উঠছে। এমনই দুটি কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছিল। তাহেরা খানম দীর্ঘদিন ধরে লোকবিম্ব নিয়ে কাজ করছেন। প্রকৃতি তাঁর ছবিতে নবীন মাত্রা সঞ্চার করছে। প্রকৃতি অঙ্কনে তিনি যে সিদ্ধহস্ত, সে কথা এই দুটি চিত্র প্রত্যক্ষণ করে উপলব্ধি করা গেল। আর রফিকুন নবীর সাম্প্রতিক যেকোনো কাজই হয়ে উঠছে শিল্পের রসগুণে উদ্দীপন বিভাব সঞ্চারী। সম্প্রতি তিনি বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন তিনটি ক্যাম্পে। প্রতিটি কাজই শিল্পানুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাক্রিলিকে করা তাঁর বক ছিল সমগ্র প্রদর্শনীতে একটি উল্লেখযোগ্য কাজ।রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ নিয়ে আগরতলার সংস্কৃতি ও শিল্পানুরাগীদের আগ্রহ অসীম। তাঁরা নৈকট্য বোধ করেন বাংলাদেশের সঙ্গে। ভাষা এবং সংস্কৃতিও অভিন্ন। দেশত্যাগের বেদনা ও কষ্ট বুকে ধারণ করে তাঁরা এখনো বাংলাদেশের জন্য আবেগে আপ্লুত হন। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই লোকে লোকারণ্য হয়ে পড়েছিল আগরতলায় নবনির্মিত সিটি সেন্টারের প্রাঙ্গণ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সাহিত্য ও শিল্পানুরাগী বলে সমধিক পরিচিত। এই লোকপ্রিয় জননেতা সম্পর্কে অনেক গল্প শুনেছিলাম। পরপর তিন দিন সাক্ষাতে দেখলাম মানুষটি বিনয়ী ও সজ্জন। আলাপচারিতায় আমরা উপলব্ধি করেছি, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, জ্ঞান, সংস্কৃতি, প্রজ্ঞা এবং রুচি ও দূরদর্শিতার গুণে কতভাবেই না ত্রিপুরার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। ত্রিপুরা দীর্ঘদিন শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে ছিল। এখন আর সে কথা বলা যাবে না। মনোগ্রাহী ও দৃষ্টিনন্দন আর্ট কলেজ ও সংগীত শিক্ষালয় হয়েছে শহরের উপকণ্ঠে। শহরের মধ্যখানে স্থাপিত হয়েছে কলাক্ষেত্র।উত্তর-পূর্ব ভারতের শিল্পীদের সম্মিলিত সংস্থা কিরাত ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ: চল্লিশ বছর’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছিল। এটি ছিল শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়ে ত্রিপুরায় প্রথম প্রদর্শনী। এই প্রদর্শনী ও কর্মশালাকে উপলক্ষ করেই বাংলাদেশের ১২ জন শিল্পীর ত্রিপুরায় আগমন।প্রদর্শনী উদ্বোধন করতে গিয়ে মানিক সরকার বললেন, শিল্পের কোনো গণ্ডি নেই। সৌন্দর্য এমন এক মানবিক আবেগ, যা হূদয়ানুভূতিতে আলোড়ন সৃষ্টি করবেই। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক দীর্ঘদিনের। এই চেতনা থেকেই সব ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে। এই সম্পর্কোন্নয়নে শিল্পকলা বৃহৎ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ক আরও দৃঢ় করার জন্য সংস্কৃতির ভাববিনিময় বিশেষত চিত্রকলার অনুভব বৃহৎ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের চিত্র ও সংস্কৃতির উপলব্ধির ক্ষেত্রে বর্তমানে দুই দেশের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছে, তার তাৎপর্য রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী, আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসের প্রধান আবু তাহের মণ্ডল বক্তব্য দেন। অনুষ্ঠানে কিরাত সভাপতি ও বিধায়ক পবিত্র কর এবং সাধারণ সম্পাদক চন্দন মজুমদার বক্তব্য দেন।কর্মশালা:৪ ডিসেম্বর রোববার থেকে শুরু হয়েছিল আগরতলার উপকণ্ঠে খয়েরপুরের গীতবিতান হলে তিন দিনব্যাপী বাংলাদেশ, ত্রিপুরা ও আসামের চিত্রশিল্পীদের এক কর্মশালা। স্থাপত্যে ও শিল্প সুষমায় এই হলটি প্রধানত সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নির্মিত হয়েছে। গীতবিতান হলটি সরকারি ও বেসরকারি উদ্যোগে সদ্য নির্মিত। এতে ১৬ জন চিত্রশিল্পী অংশ নিয়েছিলেন।এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চিত্রশিল্পীদের সংগঠন কিরাতের সভাপতি বিধায়ক পবিত্র কর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী রফিকুন নবী, সুবীর চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী ও আগরতলার কবি রাতুল দেববর্মন