মুক্তিযুদ্ধের উজ্জ্বল অধ্যায়ের উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গিত আলোচনা অনিবার্যভাবে অসম্পূর্ণ থেকে যাবে, যদি সেই বিশ্ব-কাঁপানো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকা কী ছিল, তার আলোচনা থেকে বিরত থাকা হয়।

সেই বিচারে আশফাক হোসেনের নিষ্ঠ গবেষণাকর্মের ফসল মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম ও জাতিসংঘ শিরোনামের এই বই সত্যিই গুরুত্ববহ দলিলবিশেষ।
লেখক ‘বিষয় নির্বাচন ও গবেষণা পদ্ধতি’ শীর্ষক প্রথম অধ্যায় থেকেই মনোযোগ আকর্ষণ করতে শুরু করেন। কেন তাঁর এই গ্রন্থ রচনা, কী তার হেতু বা নেপথ্যের কারণ, স্পষ্ট হয়ে যায় প্রথম অধ্যায়টি পাঠ করলেই।

আশফাক হোসেন জানাচ্ছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের ভূমিকা বিষয়ে দেশবিদেশ থেকে মোট চারটি বই প্রকাশিত হয়েছিল। কিন্তু সেগুলোতে জাতিসংঘের প্রকৃত ভূমিকাগত চিত্র ও চরিত্র তুলে ধরা হয়নি।

তুলে ধরা হলেও কোথাও তা খণ্ডিতভাবে, কোথাও তা প্রকৃত সত্যকে এড়িয়ে। বইগুলো প্রকাশিত হয়েছিল ১৯৭১-এর জুলাই মাস থেকে ১৯৮৭ সাল সময় পরিসরের মধ্যে। ঠিক এরই পরিণতিতে আশফাক হোসেনের এই বিস্তারিত গবেষণা গ্রন্থের রচনা, যাতে তুলে ধরা হয়েছে নিরপেক্ষ ও নির্মোহ দৃষ্টিভঙ্গির আশ্রয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের প্রকৃত ভূমিকার স্বরূপটি।

এ বইয়ের অধ্যায় বিভাজনও বক্তব্য প্রতিপাদনের সহায়ক। প্রথম অধ্যায়ে বিষয় নির্বাচন ও গবেষণা পদ্ধতি সম্পর্কে বলা হলেও বইয়ের শুরুটা বস্তুত দ্বিতীয় অধ্যায় থেকে, যেখানে ‘অভ্যন্তরীণ উপনিবেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে যে স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে’ তা তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে তার স্বীকৃতির সমস্যাগুলো।

এ বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া নিয়েও করা হয়েছে সবিস্তার আলোচনা।
তৃতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে জাতিসংঘের সম্পৃক্তির মাধ্যমে একাত্তরে ভারতে আশ্রিত এক কোটি শরণার্থীর মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার বিষয়টি।
চতুর্থ অধ্যায়টি ব্যতিক্রমী অধ্যায়।

বাংলাদেশের স্বাধীনতার আগ পর্যন্ত বাংলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানে প্রকাশ্য আলোচনা বলতে গেলে হয়ইনি। কিন্তু গোপন কূটনীতি চলেছে পুরোমাত্রায়। নিক্সন প্রশাসনের মুখ্য কুশীলব হেনরি কিসিঞ্জার ‘আপন পছন্দসই’ একটি সমাধানে পৌঁছানোর লক্ষ্যে সম্পর্ক বজায় রেখে চলেন মুজিবনগর সরকারের দক্ষিণপন্থী অংশের নেতা খোন্দকার মোশতাকের সঙ্গে। এ অধ্যায়ে আছে তার বিস্তারিত বিবরণ। কিন্তু শেষ পর্যন্ত কিসিঞ্জারের সেই প্রচেষ্টা যে ভণ্ডুল হয়ে যায়, আছে তারও প্রায় বিস্তারিত বয়ান।
পঞ্চম অধ্যায়ে তুলে ধরা হয়েছে মুজিবনগর সরকার ও জাতিসংঘের মধ্যে পরোক্ষভাবে সংঘটিত যোগাযোগের বিষয়টি। এটি দীর্ঘ অধ্যায়। তবে বিষয়বস্তু মনোযোগকে অন্যদিকে ছড়িয়ে পড়ার অবকাশ দেয় না। খুবই নাটকীয় এর উপ-অধ্যায়গুলোর তথ্যসমৃদ্ধ বিষয়বস্তু।

স্বাধীনতাকামী বাঙালি জাতিসংঘে তার ন্যায্য দাবি তুলে ধরতে কতভাবে যে প্রয়াসী হয়েছিল, এ অধ্যায়ে তার পাঠ সত্যিই চিত্তাকর্ষক।
১৯৭১-এ বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে বেশ কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল।

এ বইয়ের ষষ্ঠ অধ্যায়ে তুলে ধরা হয়েছে বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রেক্ষাপটে জাতিসংঘের ভূমিকা সম্পর্কে ওইসব পত্রপত্রিকার মতামত। এ থেকে বোঝা যাবে জাতিসংঘ স্বাধীনতাকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার কতটা কাছাকাছি বা দূরবর্তী ছিল।
বইয়ের সপ্তম অধ্যায় হচ্ছে সবচেয়ে নাটকীয় অধ্যায়। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস যে কী গভীর নাটকীয়তায় ঠাসা ছিল, এ অধ্যায়ের প্রতিটি উপ-অধ্যায়ের পাঠ তার জ্বলন্ত প্রমাণ।

ধীমান, পরিশ্রমী ও একাগ্র গবেষক আশফাক হোসেন এ গ্রন্থ রচনার মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে কম আলোচিত একটি অধ্যায়কে আলোচনায় এনেছেন এবং মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাস রচনার ক্ষেত্রে একটি সংযোজনস্বরূপ কাজ করেছেন। তাঁকে অভিনন্দন।

মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জন্ম ও জাতিসংঘ—আশফাক হোসেন
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
পৃষ্ঠা: ২৮৮
দাম: ৪৫০ টাকা