মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের আওয়াজ পাওয়া যায়সৈয়দ শামসুল হকপ্রকাশক: বিদ্যা প্রকাশ বাংলাদেশের নাটকের ইতিহাসে পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬) বিষয়, আঙ্গিক এবং মঞ্চায়নের ক্ষেত্রে একটি সোনালি বাঁক। নাট্যকার হিসেবে সৈয়দ শামসুল হকের এটি প্রথম সোনালি সোপান। কারণ, ইতিপূর্বে নাটক রচনার কিছু বিচ্ছিন্ন প্রয়াস থাকলেও তাতে তাঁর অন্তরের যোগাযোগ ছিল না। ‘তোমার হাতে নাটক হবে’ বলে শিক্ষক মুনীর চৌধুরী যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, পায়ের আওয়াজ পাওয়া যায় তারই সার্থক রূপায়ণ। নাটকটি দেশে-বিদেশে ব্যাপকভাবে অভিনন্দিত হয়। এটি শুধু নাটক ছিল না, নাটকের সঙ্গে কাব্যেরও সমিল উপস্থাপন। ফলে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাটকে তিনি বিষয় ও আঙ্গিকের নিরীক্ষায় পথিকৃতের মর্যাদা লাভ করেন। তিনি কাব্যনাট্য রচনার প্রেরণা লাভ করেন টি এস এলিয়টের কাব্যনাট্য-ভাবনা থেকে। নাটকের বিষয় হিসেবে মুক্তিযুদ্ধ এসেছে অন্ধকারাচ্ছন্ন, নিরক্ষর এক গ্রামের পটভূমি, যেখানে সাধারণ মানুষের মগজ ধোলাইয়ের জন্য রয়েছে সামন্ত-ঘরানার চরিত্র ‘মাতবর’। এখানে সবচেয়ে আবেদনময় চরিত্র মাতবর-কন্যা। পিতার কপটতার বলি, লাঞ্ছিতা কন্যা যেন বাংলাদেশ। এ কারণে তার শোকাচ্ছন্নতা ও আত্মিক মৃত্যুর সঙ্গে একাত্ম হয়ে গ্রামবাসী হাহাকার করে ওঠে—‘বেবাক বংশের লাশ/ বেবাক স্বপ্নের লাশ।/ আমাদের গেরামের লাশ/ চৌষট্টি হাজার লাশ।’ মাতবর-কন্যা সাহসী এবং স ৎ । এ সাহস ও সততা মূলত তার বাগদত্তা স্কুলমাস্টারের চেতনা পরিস্রুত। কন্যার চারিত্রিক দৃঢ়তার মুখে উন্মোচিত হয়েছে ভণ্ড পিতার খোলস। রাজভক্তির নামে, স্বাদেশিকতার নামে সাধারণ মানুষের চেতনায় পুষে রাখা বিভ্রান্তির অন্ধকার সরে যেতেই তারা দেখতে পায় একটি লাশ। মাতবর-কন্যার আত্মিক ও দৈহিক মৃত্যুর গভীরে সংঘটিত হয় চৌষট্টি হাজার গ্রামের ক্ষুদ্র ক্ষুদ্র অস্তিত্বের একটি বিরাট অপমৃত্যু। ‘পায়ের আওয়াজ’ মূলত ইতিবাচক অবস্থার ইঙ্গিতবাহী। মাতবরের মৃত্যু এবং মুক্তিযোদ্ধাদের সশব্দ আগমনী বার্তায় ইতিবাচক পরিণতি পেয়েছে নাটক। তবে, মাতবরের মুখে উচ্চারিত সংলাপে বিস্তার ঘটে এক অন্তহীন সংকটের—‘বুকে হাত দিয়া কও, জালেম কি জন্মাবে না আর?/কোনো দেশে? কোনো বংশে? আবার? আবার?’ পুনরুক্তির মাধ্যমে প্রশ্নটির গুরুত্ব তুলে ধরেছেন নাট্যকার। সময় ও সভ্যতায় এরাই বারবার ‘কালের ইন্দুর’ হয়ে জন্মায়। বিষয় ও আঙ্গিক ছাড়াও পায়ের আওয়াজ পাওয়া যায় বিশেষত্বের দাবি রাখতে পারে লোকজ-জীবন, আচরণ, প্রবাদ-প্রবচন, সংস্কার-বিশ্বাসের সুনিপুণ ব্যবহার এবং যথোপযুক্ত সংলাপ সৃষ্টিতে। সুকান্ত তাঁর কবিতায় ক্ষুধিতের চোখে চাঁদ দেখেছেন—‘ঝলসানো রুটি’, সৈয়দ শামসুল হকও গ্রামের একজন নারীর দৃষ্টিকোণ থেকে চাঁদকে দেখেছেন তার পারিপার্শ্বের সঙ্গে সংগতিপূর্ণ করে—‘হঠা ৎ আছাড় দিয়া আসমানে দেখা দিল চান/ এক ফালি কদুর লাহান।’ এভাবেই গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনসংলগ্ন উপমা, চিত্রকল্প এবং সংলাপ তৈরি করেছেন সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক রচনার সময় সত্তরের দশকের মাঝামাঝি। এ সময় সাহিত্যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবহার এবং আঙ্গিকের ক্ষেত্রে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা চলছিল। মূলত স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অবক্ষয়, অস্থিতিশীল অবস্থা, স্বপ্নভঙ্গের বেদনা—এ সবই বিষয় হিসেবে বেশি প্রাধান্য লাভ করে। পায়ের আওয়াজ পাওয়া যায় দক্ষিণ কোরিয়া এবং ভারতের মঞ্চে অভিনীত হয়। কাব্যনাটকটি বাংলাদেশে প্রথম মঞ্চায়িত হয় থিয়েটার নাট্যগোষ্ঠীর হাতে, আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায়।