মুক্তিযুদ্ধের প্রস্তুতিপর্ব : কাছ থেকে দেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা, ১৯৭১। ছবি: সংগৃহীত
রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা, ১৯৭১। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ইতিহাসে ১৯৬৬-৭১ পর্বটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সময়ে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান ‘বাঙালির মুক্তির সনদ’ ছয় দফা কর্মসূচি দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই সময়ই আগরতলার ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে গণমানুষের বিস্ফোরণ, আইয়ুবের বিরুদ্ধে উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরে ভবিষ্যতে নির্ধারক নির্বাচন, পাকিস্তানিদের গণহত্যা ও নয় মাস ধরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।

সত্যের কাছে দায়বদ্ধ একজন প্রত্যক্ষদর্শী এবং ইতিহাসের সহযাত্রী যখন অভিজ্ঞতার আলোকে এসব ঘটনার বিবরণ দেন, তখন স্বভাবতই তা পাঠককে নাড়া দেয়।
ড. কামাল হোসেন তাঁর মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল শুরু করেছেন ১৯৬৬ সালের ফেব্রুয়ারিতে লাহোরে বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমানের ছয় দফা পেশ করার বিষয়টি দিয়ে। পশ্চিমা নেতাদের বাধার কারণে তিনি আনুষ্ঠানিক বৈঠকে এটি পেশ করতে না পেরে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানান। পশ্চিমা নেতারা ছয় দফাকে নিয়েছিলেন ‘বিচ্ছিন্নতাবাদী’ তৎপরতার অংশ হিসেবে। সামরিক শাসক আইয়ুব খান অস্ত্রের ভাষায় এর জবাব দেন এবং শেখ মুজিবসহ ৩১ জনের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করেন।
এরপর ছয় দফাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। কামাল হোসেন এই মামলার সূত্রেই শেখ মুজিবের সংস্পর্শে আসেন। তিনি ছিলেন এই মামলায় আসামিপক্ষের অন্যতম আইনজীবী। পরবর্তী সময়ে তাঁর ভূমিকা কেবল আইনজীবীর মধ্যে সীমিত থাকেনি। উনসত্তরের গোলটেবিল বৈঠক, খসড়া সংবিধান প্রণয়ন কিংবা একাত্তরের মার্চে মুজিব-ইয়াহিয়া আলোচনায় তিনি একজন পরামর্শদাতা ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া একটি আসনে উপনির্বাচন করে কামাল হোসেন জাতীয় পরিষদের সদস্য হন। স্বাধীনতার পর তিনি প্রথমে আইনমন্ত্রী, পরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আইনমন্ত্রী হিসেবে বাংলাদেশের সংবিধান রচনা ছিল তাঁর প্রধান কাজ। সেটি তিনি সুচারুভাবেই পালন করেছেন।
অর্থাৎ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান এই আইনজীবী ইতিহাসকে কেবল কাছ থেকে দেখেননি, ইতিহাস নির্মাণেও সাধ্যমতো ভূমিকা রেখেছেন। তাঁর নিজের ভাষায় ‘সেই উত্তাল দিনগুলোতে আনুষ্ঠানিক আলোচনার বাইরে আরেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক-সাংবিধানিক আলোচনা ও কার্যক্রমের সঙ্গেও আমি জড়িত ছিলাম।’
তবে কামাল হোসেন বইয়ের কোথাও নিজের কৃতিত্ব দাবি করেননি; তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু ছাড়া কামাল হোসেন দ্বিতীয় যে রাজনীতিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তিনি তাজউদ্দীন আহমদ।

মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল
মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল
মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল
ড. কামাল হোসেন
প্রচ্ছদ: অশোক কর্মকার
 প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
 প্রকাশকাল: জুন ২০১৬
 ৯৫ পৃষ্ঠা
 দাম: ১৮০ টাকা

আলোচ্য সময়ে দুটো ঘটনায় কামাল হোসেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমত, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু যখন তাঁর প্রধান কৌঁসুলি আবদুস সালাম খান সম্পর্কে সংশয়মুক্ত হতে পারছিলেন না, তখন কামাল হোসেনকেই ওকালতনামা পেশ করতে বলেন। দ্বিতীয়ত, একাত্তরের মার্চের আলোচনায় আওয়ামী লীগ নেতৃত্ব সংকট উত্তরণে সামরিক আইন প্রত্যাহার ও গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানালে ইয়াহিয়া খান ও তাঁর সহযোগীরা সাংবিধানিক শূন্যতার প্রশ্ন তোলেন। এর জবাবে কামাল জানান যে প্রধান সামরিক আইন প্রশাসক অন্তর্বর্তী ব্যবস্থা আদেশের মাধ্যমে সামরিক শাসন প্রত্যাহার করতে পারেন। ইয়াহিয়ার সহযোগী আইনজ্ঞরা তাঁর এই যুক্তি খণ্ডন করতে পারেননি। কিন্তু পাকিস্তানিদের গোঁয়ার্তুমির জন্য শেষ পর্যন্ত আলোচনাটি ভেঙে যায়।
কামাল হোসেন লিখেছেন, ‘২৪ মার্চ সন্ধ্যার বৈঠকের জন্য যখন আওয়ামী লীগের আলোচক দল রওনা হতে যাচ্ছে, তখন শেখ মুজিব বলে দিলেন, ‘রাষ্ট্রের নামের জন্য আমরা যেন “পাকিস্তান কনফেডারেশন” নামটি প্রস্তাব করি।’ কিন্তু পাকিস্তানিরা প্রস্তাব না মেনে সামরিক অভিযান চালায়। ফলে কামাল হোসেনের ভাষায়, ‘মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।’ ২৫ মার্চের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘ওই রাতেই পাকিস্তানি সৈন্যরা বাঙালি জনগণের ওপর আক্রমণ চালাল এবং গণহত্যা ও রক্তস্নান শুরু হলো, যা এড়ানোই ছিল আলাপ-আলোচনা চালানো ও দর-কষাকষির মাধ্যমে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানোর প্রয়াসের লক্ষ্য।’
কামাল হোসেনের মূল ইংরেজি লেখাটি প্রথম গ্রন্থিত হয় হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র-এর ১৫তম খণ্ডে। পরবর্তী সময়ে এর বাংলা ভাষান্তর দৈনিক ভোরের কাগজ-এ ধারাবাহিক প্রকাশিত হয়। নব্বই দশকে ভোরের কাগজ প্রকাশনী প্রথম বই আকারে প্রকাশিত হলে পাঠকের সুদৃষ্টি লাভ করে এবং একাধিক সংস্করণ ও পুনর্মুদ্রণ হয়। ভোরের কাগজ প্রকাশনীর বইটি বাজারে না থাকায় প্রথমা নতুন করে এটি প্রকাশ করে।
মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি পাঠকের যে ব্যাপক আগ্রহ আছে, কামাল হোসেনের মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল তার অন্যতম উদাহরণ। এ নিয়ে আরও বিশদ আলোচনা আছে তাঁর বাংলাদেশ: কোয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস-এ। লেখককে অভিনন্দন।