মুক্তিযুদ্ধের বিরল বিবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের নয় মাসে সংঘটিত আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধ, তার যে ব্যাপকতা ও বিশালত্ব, দ্বন্দ্ব-সংঘাতময় ঘটনার যে পরম্পরা, তার যে নাটকীয়তা, আজ থেকে হাজার দুই বছর আগে তা সংঘটিত হলে, আমি নিশ্চিত, মহাকাব্যের পর মহাকাব্যের জন্ম হতো। শ্রুতি বা জনশ্রুতিপরম্পরা চলে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে, একসময় তা অক্ষরবন্দী করা হয়েছে, যার গ্রন্থরূপস্বরূপ বহু ঐতিহাসিক বিবরণের পাশাপাশি মহাকাব্যেরও নিদর্শন আজও বহাল তবিয়তে টিকে আছে। বিশ্বের প্রথম ঐতিহাসিক হেরোদোতাসের ‘ইতিহাস’ গ্রন্থেও এর সাক্ষ্য ধরা আছে। কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনার সঙ্গে গভীরভাবে জড়িত তৃণমূল মানুষের বা তৃণমূল পর্যায়ের ঘটনার বিবরণ তুলে ধরার কাজের শুরু অষ্টাদশ শতাব্দীর শেষপাদে থেকে। ফরাসি বিপ্লব যার সূচনামুখ। বস্তুত ওই সময় থেকেই ইতিহাস রচনার ধারা আমূল পরিবর্তনের রূপ পরিগ্রহ করে। যার পরম্পরাগত ফসল কুমিল্লা ১৯৭১ অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান। ১৯৯৬-৯৭ সালে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র আমাদের মহান মুক্তিযুদ্ধের তৃণমূল পর্যায়ের ইতিহাসের তথ্য-উপাত্ত সংগ্রহের যে মহতী কাজ শুরু করেছিল, তার ফলে এর আগে আমরা পেয়েছিলাম মুক্তিযুদ্ধসংক্রান্ত ১০টি গ্রন্থ। আমরা দেখেছি, দু-একটি ব্যতিক্রম বাদে,মুক্তিযুদ্ধের বইয়ে সাধারণ মানুষেরও যে মুক্তিযুদ্ধে ব্যাপক, বিশাল সক্রিয় অংশগ্রহণ ছিল, তাদের বীরত্ব ও আত্মত্যাগও যে অক্ষরবন্দী হওয়ার যোগ্য, সে ব্যাপারটি প্রায় বেমালুম চেপে যাওয়া হয়েছে। সে বিচারে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের এই সিরিজের গ্রন্থগুলো আমাদের সামনে উন্মোচন করেছে, আমাদের মুক্তিযুদ্ধে কত উজ্জ্বল, সাধারণ মানুষের অংশগ্রহণ। যাঁরা যুদ্ধক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন সমাজের একেবারে তৃণমূল পর্যায় থেকে। এরই বিবরণ ধরা আছে কুমিল্লা ১৯৭১ অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান গ্রন্থের পরতে পরতে। তৃণমূলের মোট ১৭ জন সক্রিয় মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে তাঁদের ভূমিকার কথা তুলে ধরেছেন এই বইয়ে। তাঁদের মধ্যে একজন বীর বিক্রম। কুমিল্লার মতো একটি জেলা মুক্তিযুদ্ধের সময় রণকৌশলগতভাবে ছিল অতীব গুরুত্বপূর্ণ এলাকা। এই গ্রন্থে যাঁরা তাঁদের লড়াইয়ের বিবরণ তুলে ধরেছেন, তাঁরা কুমিল্লা জেলার প্রতি ইঞ্চি অঞ্চলজুড়ে সংঘবদ্ধভাবে যুদ্ধ করেছেন। তাঁদের বয়ানে উল্লিখিত এলাকাজুড়ে মুক্তিযুদ্ধ কীভাবে পরিচালিত হয়েছে, শত্রু-সেনার বিরুদ্ধে কীভাবে তাঁরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যুদ্ধের সূচনায় কী ধরনের সংকট তাঁদের মোকাবিলা করতে হয়েছিল, সেসব-কিছুর প্রায় অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে এই সাক্ষাৎকারভিত্তিক ১৭ জন সক্রিয় মুক্তিযোদ্ধার জীবন্ত বিবরণ থেকে।তৃতীয় কোনো পক্ষের তুলে ধরা বিবরণ নয়, এ বিবরণ খোদ সেইসব মুক্তিযোদ্ধার, যাঁরা একটি অঞ্চলের তৃণমূল পর্যায়ের মানুষ, যাঁদের অংশগ্রহণ ছাড়া অসম্ভব ছিল এই মুক্তিযুদ্ধে জয়ী হওয়া। ফলে সাক্ষাৎকারভিত্তিক এই গ্রন্থের পাঠ এক বিরল অভিজ্ঞতা শুধু নয়, মুক্তিযুদ্ধের সার্বিক স্বরূপও পাঠকের কাছে স্পষ্ট হয়ে উঠবে।কুমিল্লা ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান সম্পাদক: রাশেদুর রহমান প্রথমা প্রকাশন প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী দাম: ২৭৫ টাকা