
ঘটে যাওয়া যে-কোনো ঐতিহাসিক ঘটনার সক্রিয় অংশগ্রহণকারী এবং তার সাক্ষী বা প্রত্যক্ষদর্শীদের মৌখিক বিবরণ সংগ্রহের ইতিহাস খুবই প্রাচীন। এর পথিকৃৎ হেরোডোতাস ও থুসিডাইডস। প্রথম জনের রচিত ইতিহাস শুধু প্রাচীন পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ বলেই খ্যাত নয়, প্রাচীন গদ্য রচনারও এক শ্রেষ্ঠ নিদর্শন। তাঁর উল্লিখিত গ্রন্থের দ্বিতীয় অংশে রয়েছে গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিবরণ। ওই যুদ্ধে যাঁরা অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শী ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলে বা এ যুদ্ধকে ঘিরে যেসব জনশ্রুতি ছিল, সেসবের বিবরণ লিপিবদ্ধ করেই তিনি রচনা করেন তাঁর এই গ্রন্থটি। থুসিডাইডসও তাঁর পেলোপনেশীয় যুদ্ধ শীর্ষক বইটি লিখেছেন একই উপায়ে।
আধুনিককালে, বিশেষত ফরাসি বিপ্লবের ইতিহাস রচনাপর্ব পেরিয়ে বিংশ শতকের চারের দশকে ‘ওরাল হিস্ট্রি’ রচনার ব্যাপারটি আরও ‘মেথোডিক্যাল’ হয়ে ওঠে। তাই এখন এটা স্বতঃসিদ্ধ যে, যে-কোনো সামাজিক ও রাজনৈতিক ঘটনাসম্পৃক্ত ইতিহাসকে পূর্ণতা দান এবং বস্তুনিষ্ঠ করতে হলে ‘ওরাল হিস্ট্রি’ বা মৌখিক বিবরণ সংগ্রহের বিকল্প নেই। এই লক্ষ্যেরই অনুবর্তী হয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারীদের মৌখিক বিবরণ সংগ্রহের কাজ শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘কথ্য ইতিহাস প্রকল্প’-এর আওতায়, ১৯৯৬-১৯৯৭ সালে। এই ধারাবাহিক কাজেরই সর্বশেষ ফসল খুলনা ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান শিরোনামের আলোচ্য গ্রন্থ। প্রকল্পের অধীনে এই কাজ বিশেষভাবে পরিচালিত হয় বাংলাদেশের সেইসব এলাকায়, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়েছিল; পাকিস্তানিরা নারী-পুরুষ-বৃদ্ধ-শিশু-নির্বিশেষে বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার-নিপীড়ন ও ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর খুলনা ছিল সেইসব এলাকার অন্যতম, যে অঞ্চলজুড়ে চলেছিল পাকিস্তানি বাহিনীর নিষ্ঠুর ও চরমতম ধ্বংস ও হত্যাযজ্ঞ, যার জীবন্ত বিবরণ ধরা আছে এই বইয়ে, মুক্তিযুদ্ধে মোট ৩৪জন অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ানের পর বয়ানে।
অত্যন্ত যোগ্যতার সঙ্গে এখানে সাক্ষাৎকার নিয়েছেন মাহমুদুর রহমান ও এ কে এম ফজলে খোদা। তাঁদের বাঁধা প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীরা যা বলেছিলেন, প্রথমে তা ধারণ করা হয়েছিল টেপ রেকর্ডারে, পরে তা লিপিবদ্ধ করা হয়। সম্পাদনার পর তা কম্পোজ করে গ্রন্থরূপ দেওয়া হয়।
ঘটনার বয়ানকারীরা যেভাবে তাঁদের অভিজ্ঞতা বিবৃত করেছেন, সেভাবেই তা ধারণ ও লিপিবদ্ধ করা হয়েছে। উদাহরণ হিসেবে পাঠ করা যাক মুক্তিযোদ্ধা শেখ আবদুল মান্নানের দেওয়া নিচের এই বিবরণটুকু, যেখানে যুদ্ধ-উত্তরকালে তিনি বলছেন ধৃত রাজাকারদের সম্পর্কে, ‘রাজাকার-জল্লাদ সিরাজ মাস্টার, আর আফিজদ্দিরে মানুষ টিকিট কিনে দেখতে আসছে। এখন যে স্বাধীনতা উদ্যান, ওর সামনেই টাউন ক্লাব, এখন যেডা শিল্পকলা একাডেমী হইছে, সেখানে টিকিট কাইটে দেখানো হইছিল তাদের। মানুষ এদের দেখার জন্যি এতই উৎসুক ছিল যে পরে বাগেরহাট টাউন হাইস্কুলেও তাদেরকে দেখানো হইছিল টিকিট দিয়ে।’
পাকিস্তানি বাহিনী খুলনার চুকনগরে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, এক অর্থে তাকে বাংলাদেশের ‘মাইলাই হত্যাকাণ্ড’ বলে অভিহিত করা চলে। কী বর্বর, নির্বিচার, নিষ্ঠুর ছিল সেই হত্যাকাণ্ড, এ বইয়ের অনেকের বিবরণেই সেটি দৃশ্যমান। যেমন, ‘কিছু সময় পরেই বাজারে একটা গাড়ি আইলো। সেই গাড়ি থেকে চার-পাঁচজন সৈন্য নাইমা পালপাড়ার ওই রোডটা দিয়া নদীর কাছে আইসা ফায়ার শুরু করল। তখন চারদিকে লোকজনের ছুটাছুটি।...আমার বড় ভাই, বউদি, মা-বাবা এবং অন্য ভাইরা তখন কে কোথায় সেটা আমি জানি না।...সৈন্যরা চলি যাওয়ার পর চারদিকে মেয়েমানুষের কান্নার রোল পড়ি গেল।...চারদিকে মানুষের লাশ আর লাশ।’ উদ্ধৃতাংশটি পাঠের পর চোখের সামনে যেন ভেসে ওঠে আক্রান্ত এক জনপদ। আমরা সরাসরি চলে যাই একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোতে।
এভাবে পুরো বইয়ে প্রতিটি বয়ান সূত্রে দেখি একটি জনপদের মানুষের বীরত্ব, আত্মত্যাগ, তাঁদের প্রতিরোধ, দুঃখ-দুর্দশা, অপমান, পরিশেষে তাঁদের জয়ের উল্লাস। বইটির সার্থকতা সেখানেই। সম্পাদক রাশেদুর রহমান যে খুবই দায়িত্ব নিয়ে বইটি সম্পাদনা করেছেন, তার ছাপ সুস্পষ্ট। পাঠক হিসেবে আমরা এরকম আরও বই চাই, যার মাধ্যমে উঠে আসবে গোটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বাপর জ্বলন্ত চালচিত্র।
খুলনা ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান
সম্পাদক: রাশেদুর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: জুলাই ২০১৩
২০৮ পৃষ্ঠা
দাম: ২৭৫ টাকা