মুক্তিযুদ্ধের সময়ের আন্তরিক বয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার ফিরে যাইআখতার আহমেদ বীর প্রতীকইউনিভার্সিটি প্রেস লিমিটেড‘১৯৯৩ পর্যন্ত বাইশ বছরে বিশেষ কোনো লেখায়, গল্পে বা স্মৃতিচারণায় মুক্তিযুদ্ধ, যোদ্ধা ও জীবন—এই তিনের সমাবেশ ঘটতে দেখিনি, বিশেষ করে মুক্তিযুদ্ধের সেই উন্মাদনা কোথাও চোখে পড়েনি। সেই টেরিবল বিউটিটা, সেই ইনার সিক্রেটটা কোথাও খুঁজে পাইনি,...অসংখ্য বাধাবিপত্তি আর বিপদকে তুচ্ছ করে বাংলাদেশকে স্বাধীন করার চরম লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার যে অনুভূতির সার্থকতা, সেই অনুভূতির সঙ্গে এই প্রজন্মের পরিচয় নেই,’ বারবার ফিরে যাই গ্রন্থের ভূমিকায় লিখেছেন এর লেখক আখতার আহমেদ বীর প্রতীক। সম্ভবত সেই আক্ষেপ আর নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরার আকাঙ্ক্ষা থেকেই তিনি এ বই রচনা করেছেন।মুক্তিযুক্ত প্রত্যক্ষ করার ও অংশ নেওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে; কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা লিখে রাখার দায়িত্ব সবাই অনুভব করেননি; যাঁরা করেছেন সেই সারিতে নিজেকে ভুক্ত করে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন সেই সময়কার সামরিক বাহিনীর ডা. আখতার আহমেদ এ গ্রন্থটি রচনার মাধ্যমে। স্মৃতিকথার ঢঙে ছোট ছোট মনোগ্রাহী খুদে শিরোনাম ব্যবহার করে মুক্তিসংগ্রামে তাঁর অংশ নেওয়ার কাহিনি বিধৃত করেছেন প্রাঞ্জল ও হূদয়গ্রাহী ভাষায়। খুদে শিরোনামগুলো ছিল এ রকম: বেসামরিক জীবন, একদিন লাঞ্চে, ভাগ্যের হাতছানি, নাড়ি ছেঁড়ার কষ্ট, বেতারে প্রচারের প্রচেষ্টা ও মেজর জিয়ার কণ্ঠস্বর, নিরুদ্দেশ যাত্রা ও পিছুটান, শেখ মুজিবুর রহমানের অনুগামীরা, সোনামুড়া ফরেস্ট রেস্টহাউস, ডা. মবিল ও ডা. জাফরুল্লাহ, লুলু টুলু, একজন মুক্তিযোদ্ধার মৃত্যু, খুকুর সোনামুড়া ফেরা এবং পাকিস্তানি শেলিং, ভারতীয় আর্মির আগমন, বিজয়োৎসব ও বেলায়েতের মৃত্যু, ঈদের ছুটি, যুদ্ধযাত্রা বেলোনিয়ার চা-খানায়, জয়যাত্রা, ফেরা...।১৯৭০ সালে ডাক্তারি পাস করে লেখক ঢুকেছিলেন ঢাকা মেডিকেলের পাঁচ নম্বর ওয়ার্ডে, সার্জারির ডাকসাইটে এক প্রফেসরের জুনিয়র হাউস সার্জন হিসেবে। পরে পাকিস্তান সামরিক বাহিনীর মেডিকেল কোরে যোগ দেন। ১৯৭১ সালের মার্চে যখন ঢাকায় গণহত্যা চলছিল, তখন কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়ার সেনাছাউনিতে সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার ভেতর আবদ্ধ বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের মানসিক সংকট, অপমানের বেদনা, ক্রোধ, প্রতিশোধের স্পৃহা আর বিদ্রোহের শ্বাসরুদ্ধকর উত্তেজনার মুহূর্তগুলো বিধৃত হয়েছে লেখকের কুশলী কলামে।বারবার ফিরে যাই বস্তুত সেনাবাহিনীর তরুণ চিকিৎসকের মুক্তিযুদ্ধে পরিণত হওয়া এবং যুদ্ধকালীন ভীতি আর সাহস, শোক, আশা-নিরাশা, আবেগ আর পাওয়া না-পাওয়ার এক অনুপুঙ্খ বিবরণ। সেই সঙ্গে নানা ধরনের মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও আত্মত্যাগের কাহিনিও বিবৃত হয়েছে বইটিতে, যা যেকোনো পাঠককেই যুগপৎ আনন্দ ও বেদনায় আপ্লুত করবে। বারবার ফিরে যাই-এ বর্ণিত স্মৃতিচারণা নিছক কাহিনির সন্নিবেশমাত্র নয়, মুক্তিযুদ্ধকালীন ঘটনাবলির এক ঐতিহাসিক দলিলও। ছবি ও নকশার ব্যবহার বইটিকে প্রামাণিক করে তুলেছে। মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী যে কোনো পাঠকের জন্য এটি অবশ্যপাঠ্য পুস্তক। আর এ ধরনের একটি মূল্যবান গ্রন্থ রচনার জন্য লেখককে অকুণ্ঠ ধন্যবাদ জানাই।