


মুখোশের ব্যবহার শুরু হয় প্রস্তরযুগের পরবর্তী সময়ে মিসরীয় সভ্যতায়। এখন এর বাস্তবভিত্তিক ব্যবহার নেই, তবে মুখোশ বানানোর চর্চা এখনো অব্যাহত। বাংলাদেশের মুখোশ বলতে কী বুঝি আমরা? হয়তো বুঝি বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রায় দেখতে পাওয়া নানা প্রাণী ও মানুষের মুখোশকেই। কিন্তু গ্যালারি কায়ায় চলমান ‘মুখ ও মুখোশ’ শিরোনামের দলীয় মুখোশ প্রদর্শনীর আয়োজন আমাদের যেন নতুন করে চেনাল মুখোশের রূপ-মাধুরী। মুখোশের ভেতরে যে শত কথা লুকিয়ে থাকে, এটিও আমরা বুঝেছি প্রদর্শনী থেকে।
মোট ১২২টি মুখোশ আছে প্রদর্শনীতে। এখানে মুখোশের নানাবিধ সৌন্দর্যের সঙ্গে উঠে এসেছে নানা ব্যঙ্গ-বিদ্রূপ। মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে কাঠ, কাঠের গুঁড়া, কাচ, পোড়া মাটি, কাগজের মণ্ড, কাগজ, রং, প্লাস্টার অব প্যারিস ও মিশ্র বিভিন্ন দ্রব্য যেমন গাছের ডালপালা, পাতা, কাঠি, কাগজে জড়ানো কাঠের আকৃতি প্রভৃতি। বলা ভালো যে মুখোশের এই নানাবিধ ব্যবহারের নিরীক্ষা নতুন দিকনির্দেশনা দিয়েছে আমাদের। একইভাবে মুখোশ নিয়ে ভাবতেও শিখিয়েছে নতুন করে।

কয়েকটি মুখোশ নিয়ে কথা বলা যাক এবার। জ্যেষ্ঠ শিল্পী কাজী রকিব কাচ, মার্বেল ও স্বচ্ছ বস্তুর যুক্ততায় মুখোশে তৈরি করেন ত্রিমাত্রিক অবয়ব। এ প্রদর্শনীতে মানুষের আবক্ষ ভাস্কর্য তৈরি করেছেন কাচের সাহায্যে। তাঁর মুখোশের মধ্যে মানুষটির মাথায় থাকা হ্যাট ও জামার রঙে ভিন্নতা দর্শকের মনে তৈরি করে নতুন এক ভাবনা।
মুখোশ শক্ত হয়ে যাওয়ার পর মৌলিক রঙের সাহায্যে একে বিভিন্ন ভাগে ভাগ করে নেন মাসুদা কাজী। তাঁর মুখোশে আছে নিরীক্ষার স্পর্শ। সাবিন শাহরিয়ার তাঁর ১০টি মুখোশের ক্ষেত্রে ব্যবহার করেছেন কাঠের পাটাতন। এর ফলে আকৃতি যেমন একটি নির্দিষ্ট তল পেয়েছে, একইভাবে মূল আকৃতির সঙ্গে শিল্পকর্মের তলের সম্পর্ক তিনি তৈরি করেছেন কতগুলো রেখার সাহায্যে। সাবিনের এই প্রচেষ্টায় মুনশিয়ানা আছে বটে।
সিরামিকের প্লেটে আলংকারিক মুখ রিলিফ পদ্ধতিতে শিল্পকর্ম তৈরি করেছেন দেবাশীষ পাল। রাজকীয় অলংকারে দেবাশীষের বানানো মুখটি দর্শকের নজর কেড়েছে বিশেষভাবে।
প্রদর্শনীর বড় দুটি মুখোশের শিরোনাম ‘আরব বসন্ত’। এর একটিতে আছে একজন মানবীর মুখাবয়বের ওপর দাঁড়িয়ে থাকা কাকের ব্যতিক্রমী উপস্থিতি। এটি এঁকেছেন সাইদুল হক জুইস।
দ্বিতীয় মুখোশের মুখ থেকে বেরিয়ে আসা কাঁটাতারের ভাষা বলে দেয়, মানুষের বিদ্রোহ, চিৎকার যেনবা আজ বন্দী।
সমাজবাস্তবতা, রাজসিক দরবারি চেহারার নির্মাণ, মানুষের হাসি, কান্না, উষ্মা—সব অভিব্যক্তির স্বচ্ছ প্রকাশ দেখা যায় মুখোশে। জীবন চলার মুহূর্তে বিভিন্ন সময়ে আমরা সবাই ধারণ করি নানা রূপ। তবে শ্যামল সরকারের কাজ থেকে আমরা দেখতে পাই মানবশিশুর মৌলিক অভিব্যক্তি। সবুজরঙা শিশুর মুখে হাসির রেখা যেমন আনন্দ দেয় আমাদের, তেমনি হালকা সবুজ রঙের মুখোশের ফুঁপিয়ে কান্না ভাবনায় ফেলে দেয়।
এভাবেই অংশগ্রহণকারী পনেরো শিল্পীর মুখোশের মধ্যে উঁকি দিয়ে একের পর এক আমরা দেখতে থাকি ভিন্ন অভিব্যক্তি ও ভিন্ন গল্প। আমরা যেন ক্রমাগত যেতে থাকি মুখর মুখোশের রহস্যের জগতে। কারণ, এ প্রদর্শনীতে নানা মাধ্যমে বানানো মুখোশের রূপবন্ধ আমাদের সামনে খুলে দেয় এক রহস্যময় অনুভবের দরজা। ৯ মে শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে ২০ মে।